প্রশাসনের পদে থেকে দলীয় আচরণ নয়, বরং জনগণের প্রতি দায়বদ্ধ থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, “ডিসি-এসপি অফিস যেন কোনো রাজনৈতিক দলের কার্যালয়ে পরিণত না হয়। প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিরা জনগণপন্থী হোন—এটাই জনগণের প্রত্যাশা।”
সোমবার (৭ জুলাই) সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় এনসিপি আয়োজিত এক পথসভা ও পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “এনসিপির কোনো কর্মসূচিতে কেউ আসলেই তাকে হুমকি দেওয়া হয়—এমন অভিযোগ আমরা পাচ্ছি। আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, এনসিপির কোনো নেতাকর্মীকে ভয় দেখানো হলে আমরা তা মেনে নেব না। প্রান্তিক থেকে কেন্দ্র পর্যন্ত দলের প্রত্যেক নেতাকর্মীর জন্য আমরা জীবন দিতেও প্রস্তুত। আপনারা নির্ভয়ে রাজনৈতিক কাজ চালিয়ে যান।”
ডিসি ও এসপিদের উদ্দেশে তিনি বলেন, “আমরা শুনছি, এখন অনেক ডিসি ও এসপি অফিস কোনো একটি বিশেষ দলের মতো আচরণ করছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আপনাদের জন্য বলছি, জনগণপন্থী হন, কারণ দিনশেষে ক্ষমতার উৎস জনগণ।”
তিনি আরও বলেন, “যখন কোনো দলের পতন হয়, তখন আপনাদের কেউ রক্ষা করতে আসবে না। বেনজীর বা ডিবি হারুন হওয়ার দরকার নেই। কারণ তখন ‘আবাবিল পাখির মতো’ একজন হাসনাত কিংবা একজন সারজিস আলমও রাস্তায় নেমে আসবে।”
পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব তাসনিম জারা, যুগ্ম-সচিব মাহিন সরকার, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
আরও পড়ুন:








