ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর দুটি কর্মসূচিতে যোগ দিতে ৭ জুলাই সোমবার কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিয়ে সিলেটে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ কেন্দ্রীয় নেতারা।
৬ জুলাই সন্ধ্যায় সিলেট নগরীর পাঠানটুলা সানরাইজ কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক।
তিনি জানান, দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় সকাল ১১টায় দোয়া মাহফিলে অংশ নেবেন নেতৃবৃন্দ। পরে একই স্থানে জেলা ও মহানগর বিএনপির সমাবেশে বক্তব্য রাখবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তার আগে সকালে সিলেটে পৌঁছে কেন্দ্রীয় নেতারা হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) মাজার জিয়ারত করবেন। এরপর দোয়া মাহফিল ও সমাবেশে অংশ নেবেন তারা। সন্ধ্যায় কেন্দ্রীয় নেতারা জুলাইযোদ্ধাদের সম্মানে একটি অনুষ্ঠানে যোগ দিবেন।
এসময় জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ জানান, জুলাই গণ-অভ্যুত্থানের পর প্রথমবারের মতো হেভিওয়েট নেতারা সিলেট সফরে আসায় দলের নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও এম এ মালিক, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কয়েস লোদী, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।
আরও পড়ুন:








