প্রায় ১৭ বছর ধরে ছিলেন কারাগারে। এরমধ্যে কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাও নেন। সবার মনেই ছিল প্রশ্ন—কবে কারামুক্ত হবেন লুৎফুজ্জামান বাবর? সেই প্রশ্নের উত্তর মেলে গত ১৬ জানুয়ারি। মুক্তি পান সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। নতুন খবর হলো, এবার দীর্ঘ ১৭ বছর পর নিজের গ্রাম ভাদেরায় ঈদ করবেন তিনি।
এ উপলক্ষে শুক্রবার (৬ জুন) তিনি ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে লুৎফুজ্জামান বাবরের ব্যক্তিগত সচিব মির্জা হায়দার আলী গণমাধ্যমকে বলেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর গ্রামের বাড়ির ঈদগাহ মাঠে ঈদের জামায়াত আদায় করবেন। এরপর তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিয়ম করে শনিবারেই ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন।
এ ব্যাপারে মদন বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার বলেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ঢাকা থেকে মদনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। ১৭ বছর কারাভোগের পর শনিবার (৭ জুন) গ্রামের বাড়িতে তিনি পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন।
তিনি আরও বলেন, ১৭ বছর কারাগারে থেকে ঈদ উদযাপন করেছেন এমন নেতা বাংলাদেশে আছে কি না আমার জানা নেই। তিনি (লুৎফুজ্জামান বাবর) নিজ এলাকায় ঈদ করবেন এমন সংবাদ শুনে মদনের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ জনগণের মধ্যে আনন্দের জোয়ার বইছে।
মদন বিএনপির এই সভাপতি বলেন, পবিত্র ঈদের নামাজ আদায়ের পর লুৎফুজ্জামান বাবর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।
প্রসঙ্গত, লুৎফুজ্জামান বাবর ১৯৯১ সালে ধানের শীষ প্রতীকে নেত্রকোনা-৪ আসন থেকে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন। পরে ২০০১ সালে ৮ম জাতীয় সংসদ নির্বাচনে ২য় বারের মতো এমপি নির্বাচিত হয়ে বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
২০০৭ সালের ২৮ মে গ্রেপ্তার হন লুৎফুজ্জামান বাবর। পরে বিভিন্ন মামলায় তার দণ্ড হয়। তবে গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকারের পতনের পর এসব মামলার আপিল শুনানি শেষে একে একে খালাস পান তিনি।
আরও পড়ুন:








