শুক্রবার

৩০ অক্টোবর, ২০২৬ ১৫ কার্তিক, ১৪৩৩

রাখাইনে করিডোর ও চট্টগ্রাম বন্দর ইস্যুতে উদ্বেগ খেলাফত মজলিসের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ মে, ২০২৫ ১৮:৩২

শেয়ার

রাখাইনে করিডোর ও চট্টগ্রাম বন্দর ইস্যুতে উদ্বেগ খেলাফত মজলিসের
ছবি: সংগৃহীত

রাখাইন রাজ্যের সঙ্গে তথাকথিত ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠা এবং চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে লিজ দেয়ার সরকারি তৎপরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।

শুক্রবার দলটির মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে দলটির আমির মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, ‘সরকার মিয়ানমারের রাখাইন রাজ্যে বিদেশি শক্তির পৃষ্ঠপোষকতায় মানবিক করিডোর স্থাপনের যে পদক্ষেপ নিচ্ছে, তা অত্যন্ত বিপজ্জনক। একইসঙ্গে চট্টগ্রাম বন্দরকে বিদেশি রাষ্ট্র বা বহুজাতিক গোষ্ঠীর কাছে লিজ দেয়ার গোপন ও প্রকাশ্য আলোচনাও গভীরভাবে উদ্বেগজনক।’

দলটির শীর্ষ নেতারা বলেন, ‘এই ধরনের উদ্যোগ বাংলাদেশের জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং ভূ-রাজনৈতিক স্বার্থের প্রতি মারাত্মক হুমকি তৈরি করতে পারে। রাখাইনে করিডোরের নামে সীমান্তঘেঁষা অঞ্চলে বিদেশি উপস্থিতি বাড়লে বাংলাদেশ-মিয়ানমার উপকূলীয় এলাকায় সংঘাতের ঝুঁকি বাড়াবে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘চট্টগ্রাম বন্দর কেবল অর্থনৈতিক নয়, এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি কৌশলগত প্রবেশদ্বার। একে বিদেশিদের হাতে তুলে দেয়ার অর্থ হলো, বাংলাদেশের ওপর নতুন করে ঔপনিবেশিক আগ্রাসনের দ্বার উন্মোচিত হওয়া।’