বুধবার

২ সেপ্টেম্বর, ২০২৬ ১৭ ভাদ্র, ১৪৩৩

নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ মে, ২০২৫ ১০:৪৭

আপডেট: ১৩ মে, ২০২৫ ১২:২১

শেয়ার

নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি শুরু
ছবি: সংগৃহীত

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা ৫ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ৭ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে এ শুনানি শুরু হয়।

জামায়াতের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক। তাকে সহায়তা করছেন ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এবং ব্যারিস্টার নাজিব মোমেন।

এর আগে দলটির নিবন্ধন বাতিল সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানির জন্য গত ৭ মে এদিন ধার্য করেন আপিল বিভাগ। ওইদিন আইনজীবী শিশির মনির মামলাটি দ্রুত শুনানির আবেদন জানান।

জামায়াতের এ আপিল শুনানি শুরু হয়েছিল গত ১২ মার্চ। তবে এরপর আর শুনানি হয়নি।

এর আগেও ২০২৩ সালের ১৯ নভেম্বর শুনানির দিনে জামায়াতপক্ষের কোনো আইনজীবী উপস্থিত না থাকায় আপিলটি খারিজ করে দেন আদালত। পরে পুনরুজ্জীবনের আবেদন করলে ২০২৪ সালের ২২ অক্টোবর বিলম্ব মার্জনা করে আপিলটি পুনরায় শুনানির অনুমতি দেন আদালত।