বুধবার

১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৬ ফাল্গুন, ১৪৩২

সাবেক এমপি বাহার ও তার পরিবারকে দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৪ ১৮:০১

আপডেট: ১১ নভেম্বর, ২০২৪ ১৮:১০

শেয়ার

সাবেক এমপি বাহার ও তার পরিবারকে দেশত্যাগে নিষেধাজ্ঞা
কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার এবং তার মেয়ে কুমিল্লা সিটির সাবেক মেয়র তাহসীন বাহার। ফাইল ছবি

কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আ ক ম বাহাউদ্দিন বাহার, তার স্ত্রী মেহেরুন্নেসা, মেয়ে তাহসীন বাহার (কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র) এবং ছেলে আয়মান বাহারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

আজ সোমবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন এই আদেশ দেন।

এর আগে, দুদকের উপপরিচালক রেজাউল করিম আবেদন করেন, যাতে সাবেক এমপি বাহার ও তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

আবেদনে বলা হয়, আ.ক.ম. বাহাউদ্দিন ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নিয়োগ বাণিজ্য, টেন্ডারবাজি, বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে উন্নয়ন প্রকল্পের সরকারি অর্থ আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অনুসন্ধান চলছে। গোপন সূত্রে দুদক জানতে পেরেছে যে, বাহাউদ্দিন ও তার পরিবারের সদস্যদের নামে ঢাকার উত্তরায় ফ্ল্যাট, কুমিল্লার হাউজিং এস্টেটে একাধিক প্লট এবং বিভিন্ন মার্কেট রয়েছে। তারা দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছে এবং সম্পদ হস্তান্তরের চেষ্টা করছে বলে অনুসন্ধানে জানা গেছে।

এ অবস্থায়, যদি তারা বিদেশে পালিয়ে যান, তবে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হতে পারে। তাই তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন বলে আদালতকে জানানো হয়।



banner close
banner close