মঙ্গলবার

১০ ফেব্রুয়ারি, ২০২৬ ২৮ মাঘ, ১৪৩২

ছাত্রলীগ নেতা মাসুদ হত্যার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জয়ের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৫৮

আপডেট: ৯ সেপ্টেম্বর, ২০২৪ ১৫:০৬

শেয়ার

ছাত্রলীগ নেতা মাসুদ হত্যার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জয়ের
সজীব ওয়াজেদ জয়। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদকে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।

আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এমন দাবি করে একটি পোস্ট দেন।

সজীব ওয়াজেদ জয় তার স্ট্যাটাসে দাবি করে বলেন, ‘জামায়াত-শিবির মাসুদের এক পা কেটে নিয়েছে ২০১৪ সালে। তখন বাকি হাত-পাগুলোর রগও কেটে দিয়েছিল। ১০ বছর ধরে পঙ্গু জীবন যাপন করছিলেন আব্দুল্লাহ আল মাসুদ। গত ৩ সেপ্টেম্বর একটি ফুটফুটে কন্যাসন্তানের বাবা হয়েছিলেন তিনি।’

তিনি তার পোস্টে আরও বলেন, ‘মেয়ের জন্য ওষুধ আনতে রাজশাহীতে বাড়ির পাশে ফার্মেসিতে গিয়েছিলেন মাসুদ। আর সেখানেই তাকে নির্মমভাবে হত্যা করেছে জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা। মৃত্যুর সময় এক ফোঁটা পানি চেয়েছিলেন, তাও দেয়নি। কাকুতি-মিনতি করে বলেছিলেন, “আমার চার দিন বয়সী একটি সন্তান আছে।” কিছুই তাদের মন গলাতে পারেনি। কারণ মাসুদ একসময় ছাত্রলীগের রাজনীতি করতেন।’

‘শিবির ক্যাডার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার এই হত্যার নেতৃত্ব দিয়েছেন’, এমন অভিযোগ তুলে জয় বলেন, ‘আমি মাসুদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং অবিলম্বে ঘাতকদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

এর আগে, শনিবার রাজশাহীতে তরণীকে তুলে নিয়ে ধর্ষণ ও হত্যার অভিযোগে গণধোলাইয়ে নিহত হন মাসুদ। একই ঘটনায় গণধোলাইয়ের শিকার হয়েছেন ছাত্রলীগের আরও দুই কর্মী।



banner close
banner close