সোমবার

৩০ নভেম্বর, ২০২৬ ১৫ অগ্রহায়ণ, ১৪৩৩

মার্কেট-দোকানপাট বন্ধের নতুন সময়সূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৬ ২২:০৯

শেয়ার

মার্কেট-দোকানপাট বন্ধের নতুন সময়সূচি ঘোষণা
ছবি সংগৃহীত

মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সপ্তাহে তিন দিন রাত ১০টা পর্যন্ত এবং অন্য তিন দিন রাত ৮টা পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখা যাবে। শীতকালীন ব্যবসার সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।

রবিবার (২৯ নভেম্বর) বিকেলে নতুন সময়সূচির কথা জানান তিনি। এর আগে একই দিন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে এ বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়।

সোলার প্যানেল স্থাপনে স্বল্প সুদে ঋণ

হেলাল উদ্দিন বলেন, রোববার বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত হয়েছে, এখন থেকে সপ্তাহে তিন দিন রাত ১০টা পর্যন্ত এবং তিন দিন রাত ৮টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখা যাবে। শীতকালীন ব্যবসা যথাযথভাবে পরিচালনার সুবিধার্থে এ সময় নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, যারা সোলার প্যানেল স্থাপন করতে চান, তাঁদের স্বল্প সুদে ঋণ দেওয়ার ব্যবস্থা করবে সরকার।

বিদ্যুৎবিভ্রাট কমানোর আশ্বাস

দেশে বর্তমানে লোডশেডিং না থাকলেও দিনে তিন থেকে পাঁচবার বিদ্যুৎবিভ্রাট হচ্ছে বলে জানান দোকান মালিক সমিতির সভাপতি।

তিনি বলেন, পৃথিবীর অন্যান্য দেশে এতবার বিদ্যুৎবিভ্রাট হয় না। বিষয়টি সভায় তুলে ধরা হয়েছে। সরকার বিদ্যুৎবিভ্রাট কমিয়ে আনার আশ্বাস দিয়েছে।

তবে নতুন সময়সূচি অনুযায়ী সপ্তাহের কোন তিন দিন রাত ১০টা পর্যন্ত এবং কোন তিন দিন রাত ৮টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখা যাবে, তা নির্দিষ্ট করে জানানো হয়নি।