দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের কোনো শঙ্কা নেই এবং পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েনেরও কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীগুলো নিয়মিত দায়িত্বের অংশ হিসেবে সতর্ক অবস্থানে রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী মোতায়েন করা হচ্ছে।
রবিবার (২৯ নভেম্বর) সচিবালয়ে কক্সবাজার উন্নয়নবিষয়ক আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সেনা মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে সরকারের কোনো পরিকল্পনা নেই। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সরকারের কোনো শঙ্কা নেই।
ঢাকায় নিরাপত্তা জোরদার এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীগুলো সতর্ক থাকে এবং প্রয়োজন অনুযায়ী মোতায়েন করা হয়। এটি তাদের নিয়মিত কার্যক্রমের অংশ।
পদ্মা সেতু এলাকায় সংঘর্ষে দুজনের প্রাণহানি
শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর নওডোবা এলাকায় সংঘর্ষের ঘটনা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, ফজরের নামাজের পর ওই এলাকায় ঘটনাটি ঘটে। একদল লোক পদ্মা সেতুতে এসে ব্যারিকেড সৃষ্টি করতে চেয়েছিল বলে তিনি জানান।
স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, ওই লোকদের মধ্যে অভ্যন্তরীণ বিরোধ বা সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় দুজনের প্রাণহানির খবরও পাওয়া গেছে বলে জানান তিনি।
ঘটনাটির বিস্তারিত তদন্ত এখনো হয়নি উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা বাহিনী, বিজিবিসহ সংশ্লিষ্ট বাহিনীগুলো ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। বর্তমানে সেখানে পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
আরও পড়ুন:







