রাজধানী ঢাকার আবাসনের চাপ কমাতে গাজীপুরের টঙ্গীতে নিম্ন আয়ের মানুষের জন্য দুই হাজার ১৪২টি ভাড়াভিত্তিক ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। ১৫ তলাবিশিষ্ট ১৭টি আবাসিক ভবনে এসব ফ্ল্যাট নির্মাণের প্রস্তাব করা হয়েছে। প্রতিটি ফ্ল্যাটের আয়তন হবে ৫১৫ বর্গফুট। পরিচালন, রক্ষণাবেক্ষণ ও সংস্কার চার্জসহ মাসিক ভাড়া নির্ধারণের প্রস্তাব করা হয়েছে পাঁচ হাজার ৫০০ টাকা।
রাজধানীর বাইরে নাগরিক সুবিধাসম্পন্ন পরিকল্পিত জনবসতি গড়ে তুলে ঢাকার কেন্দ্রীয় এলাকার ওপর আবাসনের চাপ কমানো এ উদ্যোগের মূল লক্ষ্য। একই সঙ্গে নিম্ন আয়ের পরিবারগুলোকে এককালীন বড় অঙ্কের অর্থ ব্যয় ছাড়াই পরিকল্পিত আবাসনে বসবাসের সুযোগ দিতে চায় কর্তৃপক্ষ।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসা. ফেরদৌসী বেগম বলেন, রাজধানীর আবাসনের চাপ কমাতে আশপাশে নাগরিক সুবিধাসম্পন্ন পরিকল্পিত জনবসতি গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি নিম্ন আয়ের মানুষ যেন সাশ্রয়ী ভাড়ায় উন্নত পরিবেশে বসবাস করতে পারেন, সে লক্ষ্যেও আবাসন প্রকল্পের পরিকল্পনা রয়েছে।
১৭টি ভবনে থাকবে দুই হাজার ১৪২টি ফ্ল্যাট
গাজীপুর সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ডে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নিজস্ব ৯৮ দশমিক ১৩ একর জমি রয়েছে। এর মধ্যে প্রথম পর্যায়ে ১৭ দশমিক ০৬ একর জমিতে প্রকল্পটি বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, ১৫ তলাবিশিষ্ট ১৭টি আবাসিক ভবনের প্রতিটিতে ১২৬টি করে ফ্ল্যাট থাকবে। সব মিলিয়ে ফ্ল্যাটের সংখ্যা দুই হাজার ১৪২টি। প্রতিটি ফ্ল্যাটের আয়তন হবে ৫১৫ বর্গফুট। পরিচালন, রক্ষণাবেক্ষণ ও সংস্কার চার্জসহ মাসিক মোট ভাড়া প্রস্তাব করা হয়েছে পাঁচ হাজার ৫০০ টাকা।
জমির মূল্যসহ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় প্রায় এক হাজার ৪৮৮ কোটি ৮০ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়নের প্রস্তাব রয়েছে প্রায় এক হাজার ২৭২ কোটি ৬২ লাখ টাকা। প্রকল্পটি বাস্তবায়নের প্রস্তাবিত মেয়াদ জুলাই ২০২৬ থেকে জুন ২০৩০ পর্যন্ত।
আবাসিক ভবনের পাশাপাশি প্রকল্পে অভ্যন্তরীণ সড়ক, পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, লিফট, সৌরবিদ্যুৎ ও অগ্নিনিরাপত্তার ব্যবস্থা রাখার পরিকল্পনা রয়েছে।
ভাড়াভিত্তিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের পরিচালক ও নির্বাহী প্রকৌশলী আহমেদ আবদুল্লাহ নূর বলেন, টঙ্গীর প্রকল্পের প্রথম পর্যায়ে দুই হাজার ১৪২টি পরিবারের জন্য ভাড়াভিত্তিক আবাসনের পরিকল্পনা রয়েছে। বাসিন্দাদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে ভবনের সঙ্গে পানি, পয়ঃনিষ্কাশন ও নিরাপত্তার অবকাঠামোও অন্তর্ভুক্ত করা হয়েছে।
চলমান রয়েছে ১৫টি আবাসন প্রকল্প
স্বল্প ও মধ্যম আয়ের মানুষের জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ১৫টি প্রকল্প চলমান রয়েছে। এসব প্রকল্পের আওতায় ছয় হাজার ২১৫টি ফ্ল্যাট নির্মাণ এবং ৫৩১টি প্লট উন্নয়নের কাজ চলছে।
প্রকল্পগুলোর মধ্যে দুটি সরকারি অর্থায়নে এবং ১৩টি নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। এ ছাড়া নতুন নয়টি প্রকল্পে বরাদ্দের জন্য প্রসপেক্টাস মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
একই সঙ্গে টঙ্গীর দত্তপাড়ায় প্রথম পর্যায়ে দুই হাজার ১৪২টি ভাড়াভিত্তিক ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা রয়েছে। রাজধানীর ওপর চাপ কমাতে কেরানীগঞ্জ ও ধামরাইয়ে দ্বিতীয় পর্যায়ের নগর গড়ে তোলার পরিকল্পনাও নেওয়া হয়েছে।
দেশের ৩৮ জেলায় রয়েছে ৬৬টি আবাসন এলাকা
রাজধানীর পাশাপাশি দেশের আট বিভাগের ৩৮টি জেলা ও আটটি উপজেলায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ৬৬টি আবাসন এলাকা রয়েছে। এ পর্যন্ত ৫৩টি প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ছয় হাজার ২৪টি প্লট উন্নয়ন এবং ছয় হাজার ৫৭৬টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে।
জেলা ও উপজেলা পর্যায়েও পরিকল্পিত আবাসন সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হচ্ছে। জমির সুষ্ঠু ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ প্রকল্প গ্রহণের সুবিধার্থে ভূমি ব্যাংক তৈরির লক্ষ্যে তথ্য ও সংশ্লিষ্ট গেজেট সংগ্রহের কাজ চলছে।
জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে বহুতল আবাসনের পাশাপাশি ভূমিকম্প সহনশীল ভবন, পরিকল্পিত পানি নিষ্কাশনব্যবস্থা, জলাধার, সবুজ পার্ক ও উন্মুক্ত স্থান রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। প্লট উন্নয়ন প্রকল্পে সাধারণ পরিষেবা ও নাগরিক সুবিধার জন্য ৫০ থেকে ৫৫ শতাংশ জমি সংরক্ষণের ব্যবস্থা রয়েছে।
পরিকল্পিত আবাসনে খেলার মাঠ, সবুজ চত্বর, সামাজিক কর্মকাণ্ডের জায়গা ও সুপেয় পানির ব্যবস্থাও রাখার পরিকল্পনা রয়েছে। মানুষের সামর্থ্যের মধ্যে নিরাপদ, স্বাস্থ্যকর ও নাগরিক সুবিধাসম্পন্ন আবাসন গড়ে তোলাই এসব উদ্যোগের লক্ষ্য।
আরও পড়ুন:







