আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। তিন দিনব্যাপী এ সংলাপ শুরু হচ্ছে রবিবার (২৯ নভেম্বর) থেকে। প্রথম দিন বিএনপি ও জামায়াতে ইসলামীর শরিক দলগুলো বাদে ১৫টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে কমিশন।
শনিবার ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. আব্দুল মমিন সরকার এ তথ্য জানান। তিনি বলেন, জামায়াত অ্যালায়েন্সের তিনটি দল মৌখিকভাবে রবিবারের মতবিনিময়ে অংশ না নেয়ার কথা জানিয়েছে। ফলে ১৫টি দলের সঙ্গে সংলাপ হবে। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ মতবিনিময় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে ইসি জানিয়েছিল, ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর—এই তিন দিন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। প্রথম দিনে বিএনপি-জামায়াতসহ ১৯টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল।
বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে ৫৯টি। তবে কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে; তাই দলটিকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়নি। এ ছাড়া আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশ তরিকত ফেডারেশন ও বাংলাদেশের সাম্যবাদী দলকেও আমন্ত্রণ জানায়নি ইসি।
রবিবার যে ১৫টি দলের সঙ্গে সংলাপ হবে: জাতীয় পার্টি-জেপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, জাকের পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও গণফোরাম।
সংলাপের দ্বিতীয় দিন আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) বিএনপিসহ ১৯টি দলের সঙ্গে সংলাপ হবে। এর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে। আর ১ ডিসেম্বর তৃতীয় দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর শরিক দলসহ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন ও নাগরিক ঐক্যসহ ১৮টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।
ইসির ঘোষিত সূচি অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ হবে আগামী ২১ জানুয়ারি। এ ছাড়া দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে।
নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন:







