শিক্ষার্থীদের আনন্দ, অভিভাবকদের অংশগ্রহণ আর শিক্ষকদের ব্যতিক্রমী উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের ‘বারাকাহ্ উইন্টার ফেস্টিভ্যাল’। এ আয়োজনে বসেছিল ৪০টিরও বেশি স্টল। অধিকাংশ স্টল পরিচালনা করেন স্কুলের শিক্ষক ও অভিভাবকেরা। যেখানে ছিল হাতে তৈরি পোশাক, বাহারি স্বাদের পিঠা, শিশুদের খেলনা এবং নানা ধরনের আকর্ষণীয় পণ্যের সমাহার।
শুধু আনন্দ-উৎসব নয়, শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষা ও দক্ষতা বিকাশের লক্ষ্যেও এ আয়োজনের বিশেষ গুরুত্ব রয়েছে বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। শিক্ষকদের মতে, এমন আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা ব্যবসা-বাণিজ্য সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়ার পাশাপাশি হালাল উপায়ে ব্যবসা পরিচালনা, পণ্য কেনাবেচা, সাধারণ জ্ঞান এবং বাস্তব জীবনের নানা বিষয় সম্পর্কে জানতে পারছে।
উৎসব নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন একজন অভিভাবক। তিনি জানান, সারা বছর এই দিনটির জন্য অপেক্ষা করেন তিনি। তাঁর কাছে বারাকাহ্ উইন্টার ফেস্টিভ্যাল অনেকটা ঈদের দিনের মতো আনন্দের। সন্তানদের আনন্দের পাশাপাশি এমন ব্যতিক্রমী আয়োজন তাদের শেখার সুযোগ তৈরি করছে বলেও মনে করেন তিনি।
স্কুলের ফাউন্ডার ও চেয়ারম্যান মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ বলেন, তিনি নিজে যখন শিক্ষার্থী ছিলেন, তখন স্কুলজীবনে এ ধরনের আয়োজনের সুযোগ পাননি। তাই বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের জন্য এমন বাস্তব অভিজ্ঞতার পরিবেশ তৈরি করতে চান তাঁরা। তাঁর ভাষ্য, এ আয়োজনের মাধ্যমে শিশুদের বিভিন্ন দক্ষতা বিকশিত হচ্ছে। বিশেষ করে তাদের আত্মবিশ্বাস বাড়ছে, যোগাযোগ দক্ষতা তৈরি হচ্ছে, পাশাপাশি মার্কেটিং ও সেলসম্যানশিপের মতো বিষয়গুলোও তারা বাস্তবে শিখতে পারছে। পণ্য কীভাবে উপস্থাপন করতে হয়, কীভাবে মানুষের সঙ্গে কথা বলতে হয় এবং কীভাবে বিক্রয় কার্যক্রম পরিচালনা করতে হয়, তা শিশুরা সরাসরি দেখার ও শেখার সুযোগ পাচ্ছে। শিক্ষার্থীদের জন্য ভবিষ্যতে আরও সুন্দর ও নতুন নতুন পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
অভিভাবকেরাও স্কুল কর্তৃপক্ষের এমন উদ্যোগের প্রশংসা করেন। তাঁদের মতে, বইয়ের পড়াশোনার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শিশুরা অনেক কিছু শিখতে পারছে। এতে তাদের আত্মবিশ্বাস ও দক্ষতার উন্নতি হচ্ছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য এমন সৃজনশীল ও শিক্ষামূলক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা জানান তাঁরা।
অনুষ্ঠানের শেষপর্বে আয়োজনে অংশগ্রহণকারী শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টদের হাতে অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ সনদপত্র তুলে দেওয়া হয়। এ সময় অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ ও আনন্দের পরিবেশ তৈরি হয়। আয়োজকেরা ভবিষ্যতেও শিক্ষার্থীদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও বাস্তবমুখী দক্ষতা বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
সব মিলিয়ে, বারাকাহ্ উইন্টার ফেস্টিভ্যাল শিক্ষার্থীদের কাছে যেমন আনন্দের উপলক্ষ হয়ে উঠেছে, তেমনি বাস্তব জীবনের অভিজ্ঞতা অর্জন, সৃজনশীলতা এবং আত্মবিশ্বাস বিকাশের একটি কার্যকর শিক্ষামূলক মঞ্চ হিসেবেও ভূমিকা রেখেছে।
আরও পড়ুন:







