নতুন পে-স্কেলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক। তবে পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এখনো শেষ হয়নি বলে জানিয়েছেন তিনি।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত অধ্যক্ষ সম্মিলন-২০২৬ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
নয় মাসের প্রচেষ্টায় পে-স্কেলে অন্তর্ভুক্তি
আবদুল খালেক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের গত নয় মাসের প্রচেষ্টায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলে অন্তর্ভুক্ত করা হয়েছে। কাজটি বেশ কঠিন ছিল। তবে পে-স্কেল দেওয়ার প্রক্রিয়া এখনো শেষ হয়নি। এর মধ্যেই শিক্ষকরা জাতীয়করণের দাবিতে রাস্তায় নেমেছেন।
এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, সরকার বদলি নীতিমালা তৈরির কাজ করছে। সরকার সততা ও দক্ষতার সঙ্গে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছে। গত নয় মাসে এ বিষয়ে কাজ করা হয়েছে এবং সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই।
জাতীয়করণে প্রয়োজন সরকারি অর্থ ও নীতিগত সিদ্ধান্ত
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবির বিষয়ে শিক্ষা সচিব বলেন, প্রয়োজন হলে সরকার জাতীয়করণ করবে। তবে এ জন্য সরকারি অর্থের পাশাপাশি নীতিনির্ধারণী সিদ্ধান্ত প্রয়োজন।
তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় ও সরকারের পক্ষ থেকে শিক্ষকদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার, ল্যাব ও নতুন বই দেওয়া হয়েছে।
সরকারের আর্থিক সহযোগিতার কথা তুলে ধরে আবদুল খালেক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার প্রথম দিন থেকেই বেসরকারি শিক্ষকদের পেনশন দিয়েছে সাড়ে চার হাজার কোটি টাকা।
অধ্যক্ষ ও উপাচার্যদের রাজনীতিতে অংশ না নেওয়ার আহ্বান
অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের রাজনীতিতে অংশগ্রহণ না করার কথা জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।
আরও পড়ুন:







