শুক্রবার

২৭ নভেম্বর, ২০২৬ ১৩ অগ্রহায়ণ, ১৪৩৩

ডিসেম্বরে চার উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৬ ২১:১৯

শেয়ার

ডিসেম্বরে চার উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী
ছবি সংগৃহীত

আগামী ডিসেম্বর মাসে দেশের চার উপজেলায় সরাসরি উপস্থিত থেকে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। একই সময়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আরও ২৬৪টি উপজেলার কর্মসূচিতে যুক্ত থাকবেন তিনি।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ফ্যামিলি কার্ড কর্মসূচি থেকে গত ২৫ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চার উপজেলায় সরাসরি উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী

চিঠি অনুযায়ী, আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া সদর উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে। এরপর ৫ ডিসেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ, ১২ ডিসেম্বর সুনামগঞ্জ সদর এবং ২১ ডিসেম্বর পাবনা সদর উপজেলায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী চারটি মূল ভেন্যুতে সরাসরি উপস্থিত থেকে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন।

ভিডিও কনফারেন্সে যুক্ত হবে ২৬৪ উপজেলা

চারটি মূল ভেন্যুর প্রতিটির সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের অন্যান্য উপজেলা যুক্ত থাকবে। এর মধ্যে কুষ্টিয়া সদরের সঙ্গে ৬৭টি, গাইবান্ধার গোবিন্দগঞ্জের সঙ্গে ৬৪টি, সুনামগঞ্জ সদরের সঙ্গে ৬৭টি এবং পাবনা সদরের সঙ্গে ৬৬টি উপজেলা যুক্ত হবে।

সব মিলিয়ে চারটি মূল ভেন্যুসহ মোট ২৬৮টি উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

চিঠিতে সংশ্লিষ্ট ২৬৪টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের পাশাপাশি অনুষ্ঠান আয়োজনের সার্বিক সহযোগিতা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।