শুক্রবার

২৭ নভেম্বর, ২০২৬ ১৩ অগ্রহায়ণ, ১৪৩৩

৫ ডিসেম্বর বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৬ ১৯:০০

শেয়ার

৫ ডিসেম্বর বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি সংগৃহীত

আগামী ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তিনি বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শনের পাশাপাশি দলীয় সাংগঠনিক সভায় অংশ নেবেন। এ ছাড়া বগুড়ায় দ্রুত অভ্যন্তরীণ বিমানবন্দর চালুর বিষয়ে প্রধানমন্ত্রীর ইতিবাচক সিদ্ধান্ত ও প্রয়োজনীয় অনুশাসন পাওয়া গেছে বলে জানিয়েছেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে বগুড়া প্রেস ক্লাবে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বগুড়ায় অভ্যন্তরীণ বিমানবন্দর চালুর উদ্যোগ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাম্প্রতিক বৈঠকের প্রসঙ্গ তুলে রেজাউল করিম বাদশা বলেন, আন্তর্জাতিক বিমানবন্দর চালু করতে সময় লাগবে। তাই আপাতত বগুড়ায় অভ্যন্তরীণ ফ্লাইট চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী এতে সম্মতি জানিয়েছেন। বেসরকারি বিমান সংস্থাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত ডোমেস্টিক বিমানবন্দর চালুর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুশাসন দিয়েছেন তিনি।

রানওয়ে কিছুটা সম্প্রসারণ এবং টার্মিনালসহ প্রয়োজনীয় অবকাঠামোগত কাজ সম্পন্ন করে দ্রুততম সময়ে বিমানবন্দরটি চালু করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বগুড়া বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ

বগুড়া বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, আগামী ১০০ বছরের কথা মাথায় রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। এ জন্য শহরের পূর্ব দিকে তিনটি স্থান পরিদর্শন করা হয়েছে। শহর থেকে কিছুটা দূরে হলেও শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা বিবেচনায় রাখা হয়েছে। তিনটি স্থানের মধ্যে প্রধানমন্ত্রী যে স্থানটি অনুমোদন করবেন, সেখানেই বিশ্ববিদ্যালয়ের মূল কাজ শুরু হবে।

৫ ডিসেম্বর প্রধানমন্ত্রীর সম্ভাব্য কর্মসূচি

প্রধানমন্ত্রীর সফরের সম্ভাব্য কর্মসূচি তুলে ধরে রেজাউল করিম বাদশা জানান, মোকামতলায় ঘোষিত পৌরসভা উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচি থাকতে পারে। সেখানে একটি জনসভা আয়োজনের বিষয়ও রয়েছে। এ ছাড়া করতোয়া নদী খননকাজ এবং জনসভার কর্মসূচি রয়েছে।

দিনের শেষে মাগরিবের নামাজের পর শহরের শহীদ টিটু মিলনায়তনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।

উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের আঞ্চলিক শাখা স্থাপনের উদ্যোগ

জাতীয় ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক শাখা এবং উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের বিষয়ে রেজাউল করিম বাদশা বলেন, একটি আঞ্চলিক শাখা ও একাডেমিক ভবন নির্মাণের জন্য পুরাতন সিও (উপজেলা) অফিস এলাকায় জায়গা মোটামুটি চূড়ান্ত হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সম্মতিও রয়েছে।

পাশাপাশি একটি ইনস্টিটিউটের ভবন নির্মাণের জন্য প্রায় এক একর জমি দেওয়ার বিষয়টি আলোচনায় রয়েছে। এ ছাড়া বগুড়ায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের একটি আঞ্চলিক শাখা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সম্ভাব্যতা যাচাই ও জমি পরিদর্শনের জন্য বগুড়ায় আসবেন।

প্রেস ব্রিফিংয়ের শেষে বগুড়ার সামগ্রিক উন্নয়নে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান রেজাউল করিম বাদশা।