শুক্রবার

২৭ নভেম্বর, ২০২৬ ১৩ অগ্রহায়ণ, ১৪৩৩

বিনা খরচে মালয়েশিয়ায় ১০৩ কর্মী পাঠাল বোয়েসেল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৬ ১৮:৪৭

শেয়ার

বিনা খরচে মালয়েশিয়ায় ১০৩ কর্মী পাঠাল বোয়েসেল
ছবি সংগৃহীত

বিনা খরচে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে। প্রথম ফ্লাইটে নির্বাচিত ১১২ জন কর্মীর মধ্যে ১০৩ জন মালয়েশিয়ায় পৌঁছেছেন। শুক্রবার (২৭ নভেম্বর) ভোররাতে তারা দেশটিতে পৌঁছান।

বাকি ৯ জন প্রয়োজনীয় কিছু নথিপত্র অসম্পূর্ণ থাকায় প্রথম ফ্লাইটে যেতে পারেননি। নথিপত্র ঠিক করে তাদেরও মালয়েশিয়ায় পাঠানো হবে বলে জানিয়েছে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন।

বিমানবন্দরে কর্মীদের স্বাগত জানান হাইকমিশনার

হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) তরিকুল ইসলাম জানান, প্রথম ফ্লাইটে ১১২ জন নতুন কর্মী আসার কথা থাকলেও প্রয়োজনীয় নথিপত্র অসম্পূর্ণ থাকায় ১০৩ জন এসেছেন। বাকি ৯ জন পরবর্তী সময়ে মালয়েশিয়ায় যাবেন।

ইমিগ্রেশনসহ অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করে শুক্রবার ভোর ৪টার দিকে ১০৩ কর্মী বিমানবন্দর থেকে বের হয়ে আসেন। এ সময় তাদের স্বাগত জানান মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুররুল করিম খান চৌধুরী। তার সঙ্গে ছিলেন ডেপুটি হাইকমিশনার শাহানারা মনিকাসহ ডিএইচএলের কর্মকর্তারা।

পরে ডিএইচএল কুরিয়ার কর্তৃপক্ষ কর্মীদের দুই দলে ভাগ করে তাদের কর্মস্থলে নিয়ে যায়। এক দলকে পেনাং রাজ্যে এবং অন্য দলকে কুয়ালালামপুরের কাছে শাহ আলম এলাকায় নিয়ে যাওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মীদের বিদায় জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।