শুক্রবার

২৭ নভেম্বর, ২০২৬ ১৩ অগ্রহায়ণ, ১৪৩৩

আইনশৃঙ্খলা বাহিনীতে নজরদারি, এসপিসহ গ্রেপ্তার চার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৬ ০৯:৩০

শেয়ার

আইনশৃঙ্খলা বাহিনীতে নজরদারি, এসপিসহ গ্রেপ্তার চার
এআই মাধ্যমে তৈরি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে নাশকতার আশঙ্কায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে পুলিশ। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কর্মকাণ্ডেও নজরদারি বাড়ানো হয়েছে। এরই মধ্যে একজন পুলিশ সুপার (এসপি) ও দুইজন অতিরিক্ত পুলিশ সুপারসহ চার পুলিশ কর্মকর্তাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছেন। সরকার তাদের কঠোর নজরদারিতে রেখেছে।

পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ

পুলিশের উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে, গণঅভ্যুত্থানের আগে কর্মস্থলে দায়িত্ব পালনকালে কয়েকজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এত দিন পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে অভ্যন্তরীণ তথ্য ফাঁস এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগের বিষয়ে পাওয়া তথ্যও ভূমিকা রাখছে।

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে এবং বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্য যাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ রয়েছে, তাদের কর্মকাণ্ড গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে।

গত ১৪ নভেম্বর থেকে এখন পর্যন্ত দুইজন এসপি ও দুইজন অতিরিক্ত এসপিসহ চার পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন। সর্বশেষ খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে বন্দুকযুদ্ধের নামে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় এসপি আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে।

গত বুধবার গাজীপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেন, নুরুজ্জামান জনি হত্যা মামলায় আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি গাজীপুরের ওই প্রশিক্ষণকেন্দ্রে কর্মরত ছিলেন। ঝালকাঠির বাসিন্দা আজাদ ২৫তম বিসিএসের পুলিশ কর্মকর্তা।

গ্রেপ্তার অন্য তিন কর্মকর্তা হলেন চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং অতিরিক্ত এসপি আবুল হাসান ও মো. রাকিবুল হাসান।

গত ১৪ নভেম্বর রাতে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার একটি রাষ্ট্রদ্রোহের মামলায় জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। মামলায় তার বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখা এবং তাদের কাছে পুলিশের অভ্যন্তরীণ তথ্য সরবরাহের অভিযোগ আনা হয়েছে।

অতিরিক্ত এসপি আবুল হাসানকে ঢাকায় বিএনপির কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়। গত মঙ্গলবার ঢাকার একটি আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ৩৩তম বিসিএসের কর্মকর্তা রাকিবুল হাসানকে রাজধানীর পল্টন থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর কথা জানিয়েছে ডিএমপি।

জনি হত্যা মামলায় এসপি আজাদ গ্রেপ্তার

২০১৫ সালের ১৯ জানুয়ারি ছোট ভাইকে দেখতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে গিয়েছিলেন নুরুজ্জামান জনি। তার পরিবারের অভিযোগ, কারাগারের সামনে থেকে জনি ও তার এক সঙ্গীকে পুলিশ তুলে নিয়ে যায়। পরদিন ভোরে খিলগাঁও খেলার মাঠে বন্দুকযুদ্ধের ঘটনা সাজিয়ে জনিকে গুলি করে হত্যা করা হয়। সে সময় ডিবির পক্ষ থেকে দাবি করা হয়েছিল, বন্দুকযুদ্ধে জনি নিহত হয়েছেন।

এ ঘটনায় ২০২৪ সালের সেপ্টেম্বরে খিলগাঁও থানায় ৬২ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন জনির বাবা ইয়াকুব আলী। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও জনি হত্যার অভিযোগ করা হয়। ট্রাইব্যুনালের চাহিদার পরিপ্রেক্ষিতে ডিবি এসপি আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করে।

শেখ হাসিনার সাবেক কর্মকর্তা ও ডরিন আটক

গতকাল ভোরে রাজধানীর ধানমন্ডি-২৭ এলাকা থেকে শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, সাবেক উপকমিশনার (ডিসি) মোহাম্মদ ইলিয়াস হোসেন এবং আয়কর আইনজীবী সুফি মোহাম্মদ আল মামুনকে আটক করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাদেরও কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে কলকাতায় খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে (২৪) আটক করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ। গত বুধবার রাতে ডিবির ওয়ারী বিভাগের একটি দল রাজধানীর লালমাটিয়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে মুমতারিনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

বদির ছেলে ও দুই ভাই গ্রেপ্তার

কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান এবং তার দুই ভাই আবদুস শুক্কুর ও আবদুল আমিনও গ্রেপ্তার হয়েছেন।

বদি গ্রেপ্তার হওয়ার পর তার ছেলে ও দুই ভাই চট্টগ্রাম বিভাগ ছেড়ে সিলেটে অবস্থান শুরু করেন। সেখানে বিভিন্ন হোটেলে থাকার পাশাপাশি সম্প্রতি ভারতেও পালানোর চেষ্টা করেন বলে জানা গেছে। তবে তাদের সেই চেষ্টা সফল হয়নি। এর আগেই তাদের গ্রেপ্তার করা হয়।

তাদের সঙ্গে থাকা সহযোগী মোহাম্মদ হোসেনকেও একই স্থান থেকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি টেকনাফ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। গ্রেপ্তার ব্যক্তিদের আদালত কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

রাজধানীতে এক দিনে গ্রেপ্তার ৪৯৯

এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে রাজধানীতে বিভিন্ন অপরাধে ৪৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত পরিচালিত এসব অভিযানে ৫২টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিভাগভিত্তিক গ্রেপ্তারের হিসাবে রমনা বিভাগে ২৩ জন, লালবাগে ৫৯ জন, ওয়ারীতে ৭৯ জন, মতিঝিলে ৪৫ জন, তেজগাঁওয়ে ৬৬ জন, মিরপুরে ১৩৯ জন, গুলশানে ৪৪ জন, উত্তরা বিভাগে ৪২ জন এবং গোয়েন্দা বিভাগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।