বৃহস্পতিবার

২৬ নভেম্বর, ২০২৬ ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬ ১৯:২০

শেয়ার

১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী
ছবি সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা নগরে নতুন বাংলাদেশ সচিবালয় স্থাপন প্রকল্পের ভিত্তিপ্রস্তর আগামী ১৬ ডিসেম্বর স্থাপন করা হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। বিজয় দিবসে ভিত্তিপ্রস্তর স্থাপনের আয়োজন সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

বুধবার মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে। এতে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতিকে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।

মন্ত্রিসভার নীতিগত অনুমোদন, প্রধানমন্ত্রীর সম্মতি

চিঠির তথ্য অনুযায়ী, গত ১৮ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ঢাকার শেরেবাংলা নগরে বাংলাদেশ সচিবালয় স্থাপন বা স্থানান্তরের প্রস্তাব নীতিগত অনুমোদন পায়। ওই বৈঠকেই ১৬ ডিসেম্বর ভিত্তিপ্রস্তর স্থাপনের বিষয়টি আলোচনায় আসে। পরে প্রধানমন্ত্রীর সম্মতি চেয়ে সারসংক্ষেপ পাঠানো হলে তিনি তাতে সম্মতি দেন।

৩১ একর জমিতে নির্মাণ হবে ১৪টি ভবন

নতুন সচিবালয় নির্মাণের পরিকল্পনা অনুযায়ী, শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্যমেলার মাঠের প্রায় ৩১ দশমিক ৫৮ একর জমিতে তিনটি বেজমেন্টসহ ১৪টি ১২ তলা ভবন নির্মাণ করা হবে। এসব ভবনে মোট প্রায় ৩৩ লাখ ১৬ হাজার বর্গফুট জায়গা থাকবে।

প্রকল্প এলাকায় ৩ হাজার ৮০০টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া প্রায় ৩০ শতাংশ জায়গা সবুজায়ন ও জলাধারের জন্য সংরক্ষিত রাখার কথা রয়েছে। ২০২৯ সালের মধ্যে নতুন সচিবালয়ে কার্যক্রম শুরু করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

সচিবালয় স্থানান্তরের পেছনে যেসব যুক্তি

সরকারের পক্ষ থেকে সচিবালয় স্থানান্তরের কারণ হিসেবে বর্তমান ভবনগুলোর ঝুঁকিপূর্ণ অবস্থা, জায়গার সীমাবদ্ধতা এবং প্রশাসনিক কার্যক্রম আধুনিকায়নের প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে।

বর্তমানে আবদুল গণি রোডে ১৭ দশমিক ৫৭ একর জমির ওপর সচিবালয়ের ১৩টি ভবন রয়েছে। এর মধ্যে আটটি ভবন স্বাধীনতার আগে নির্মিত। মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, পুরোনো ভবনগুলোর কয়েকটি ভূমিকম্প সহনশীল করে নির্মাণ করা হয়নি।

সচিবালয় স্থানান্তরের পর বর্তমান জায়গায় পুরান ঢাকার জেলা প্রশাসকের কার্যালয় ও অধস্তন আদালতের কিছু কার্যক্রম স্থানান্তরের বিষয়টিও বিবেচনায় রয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

জমির মালিকানা নিয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আপত্তি

নতুন সচিবালয় নির্মাণের সিদ্ধান্তের শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। তাঁদের দাবি, পুরোনো বাণিজ্যমেলার মাঠটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি। আশির দশকে বাণিজ্যমেলার জন্য সাময়িকভাবে জমিটি নেওয়া হলেও পরে তা বিশ্ববিদ্যালয়কে ফেরত দেওয়া হয়নি।

মাঠটিতে কৃষিবিষয়ক গবেষণা ও অন্যান্য কার্যক্রম পরিচালিত হয় উল্লেখ করে শিক্ষক-শিক্ষার্থীরা আশঙ্কা করছেন, সেখানে সচিবালয় নির্মাণ করা হলে গবেষণা ও শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে। এ ছাড়া পরিবেশগত ক্ষতি এবং আশপাশের হাসপাতালগুলোর কার্যক্রমে সম্ভাব্য প্রভাব নিয়েও উদ্বেগ রয়েছে তাঁদের।

এ সিদ্ধান্তের প্রতিবাদে গত অক্টোবর ও নভেম্বর মাসে শিক্ষার্থীরা মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। জমি ফেরতের দাবিতে হাইকোর্টে রিট করার উদ্যোগ নেওয়ার কথাও জানান তাঁরা।

তবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, জমিটি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নয়, গণপূর্ত অধিদপ্তরের নামে। যদিও শিক্ষার্থীদের মালিকানার দাবির বিষয়টি খতিয়ে দেখার কথাও জানিয়েছে মন্ত্রণালয়।



আরও পড়ুন: