বৃহস্পতিবার

২৬ নভেম্বর, ২০২৬ ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

পোশাকশ্রমিকদের জন্য প্রধানমন্ত্রীর সাত নির্দেশনার কথা জানালেন মাহ্দী আমিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬ ১৭:৩৫

শেয়ার

পোশাকশ্রমিকদের জন্য প্রধানমন্ত্রীর সাত নির্দেশনার কথা জানালেন মাহ্দী আমিন
ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান সব সময় শ্রমিকদের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন। শ্রমিকদের জীবনমান উন্নয়নে সাতটি ১০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল নির্মাণ, ফ্যামিলি কার্ড প্রদান, ভর্তুকি মূল্যে চাল সরবরাহ, বাড়িভাড়া ও যানবাহন খরচ বৃদ্ধি রোধসহ সাতটি বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা তুলে ধরেছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সভাকক্ষে গার্মেন্টস শিল্প সেক্টরে নিম্নতম মজুরি নির্ধারণ-২০২৬ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মাহ্দী আমিন।

তিনি বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার দায়িত্ব নেওয়ার পর দ্রুততম সময়ে মজুরি বোর্ড গঠন করেছে। বোর্ডটি সম্পূর্ণ স্বাধীনভাবে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের ঐকমত্যের ভিত্তিতে গ্রহণযোগ্য মজুরি কাঠামো নির্ধারণ করেছে।

শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা

প্রধানমন্ত্রীর শ্রমবান্ধব দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরে মাহ্দী আমিন বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়নে শ্রমঘন এলাকাগুলোতে ডায়াগনস্টিক সেন্টারসহ সাতটি ১০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পোশাকশ্রমিকদের ফ্যামিলি কার্ড দেওয়া, মজুরি বৃদ্ধির অজুহাতে বাড়িভাড়া ও যানবাহনের খরচ বাড়ানো বন্ধ করা, শ্রমঘন এলাকায় ওএমএসের মাধ্যমে ভর্তুকি মূল্যে চাল সরবরাহ এবং শ্রমিকদের সন্তানদের শিক্ষাব্যয় কমাতে বিনামূল্যে স্কুল ড্রেস, জুতা, ব্যাগ ও মিড-ডে মিল দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

এ ছাড়া প্রাথমিক বিদ্যালয়ে পুনঃভর্তি ফি বন্ধ করা হয়েছে। শ্রমিকদের আবাসন সংকট নিরসনে শ্রমঘন এলাকাগুলোতে বহুতল অ্যাপার্টমেন্ট নির্মাণের বিষয়েও প্রধানমন্ত্রী ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।

মাহ্দী আমিন বলেন, সংসদে প্রধানমন্ত্রী ছয়টি বিশেষায়িত ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। পরে শ্রমিকদের মতামতকে গুরুত্ব দিয়ে হাসপাতালের সংখ্যা বাড়িয়ে সাতটি করা হয়েছে। হাসপাতালগুলোর সঙ্গে ডায়াগনস্টিক সেন্টারও থাকবে। ইতোমধ্যে জমি অধিগ্রহণের কাজ চলছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় দ্রুত এসব হাসপাতালের কার্যক্রম শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ফ্যামিলি কার্ড কর্মসূচির বিষয়ে তিনি বলেন, দ্রুততম সময়ে পোশাকশ্রমিকদের হাতে এ কার্ড পৌঁছে দিতে কাজ করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। নারী শ্রমিকদের নিজেদের নামে এবং পুরুষ শ্রমিকদের স্ত্রীদের নামে কার্ড দেওয়ার ক্ষেত্রে পোশাকশিল্পকে বিশেষ প্রাধান্য দেওয়া হবে।

শ্রমঘন এলাকাগুলোতে ওএমএসের মাধ্যমে ভর্তুকি মূল্যে চাল সরবরাহ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, আরও বেশি পোশাকশ্রমিককে এ সুবিধার আওতায় আনতে ওএমএস কার্যক্রমের পরিধি বাড়ানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

বাড়িভাড়া ও যাতায়াত খরচ বৃদ্ধির প্রবণতা রোধে সরকারের অবস্থান তুলে ধরে মাহ্দী আমিন বলেন, হঠাৎ করে বাড়িভাড়া বাড়ানোর সংস্কৃতি বন্ধ করতে আইনের কঠোর প্রয়োগ করা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্থানীয় সরকার মন্ত্রণালয় ইতোমধ্যে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বাড়ির মালিকদের সঙ্গে আলোচনা শুরু করেছে। একইভাবে বাসভাড়া ও যানবাহনের খরচ যেন হঠাৎ বেড়ে না যায়, সে বিষয়ে পরিবহন ও সড়ক মন্ত্রণালয় কাজ করছে।

তিন বছরের ব্যবধানে মজুরি বেড়েছে ৩৬ থেকে ৪৩ শতাংশ

পোশাকশ্রমিকদের চারটি গ্রেডে গত তিন বছরের ব্যবধানে ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত মজুরি বেড়েছে বলে জানান মাহ্দী আমিন। অর্থের হিসাবে গ্রেডভেদে চার হাজার ৫০০ টাকা থেকে ছয় হাজার ৪৬৫ টাকা পর্যন্ত মজুরি বৃদ্ধি পেয়েছে।

তিনি জানান, প্রথম গ্রেডে ২০২৩ সালে নির্ধারিত ১৫ হাজার ৩৫ টাকা থেকে ৪৩ শতাংশ বা ছয় হাজার ৪৬৫ টাকা বেড়ে নতুন মজুরি হয়েছে ২১ হাজার ৫০০ টাকা। দ্বিতীয় গ্রেডে ১৪ হাজার ২৭৩ টাকা থেকে ৪০ দশমিক ১১ শতাংশ বা পাঁচ হাজার ৭২৭ টাকা বেড়ে হয়েছে ২০ হাজার টাকা।

তৃতীয় গ্রেডে ১৩ হাজার ৫৫০ টাকা থেকে ৪১ দশমিক ৭০ শতাংশ বা পাঁচ হাজার ৬৫০ টাকা বেড়ে মজুরি নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ২০০ টাকা। চতুর্থ গ্রেডে ১২ হাজার ৫০০ টাকা থেকে ৩৬ শতাংশ বা চার হাজার ৫০০ টাকা বেড়ে নতুন মজুরি হয়েছে ১৭ হাজার টাকা।

বৈশ্বিক নানা চ্যালেঞ্জের মধ্যেও এ মজুরি বৃদ্ধি শ্রমিকদের জীবনমানে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা প্রকাশ করেন মাহ্দী আমিন। তিনি বলেন, নির্ধারিত মূল মজুরির সঙ্গে বোনাস ও ওভারটাইম যুক্ত হলে মাস শেষে শ্রমিকদের হাতে আরও বেশি অর্থ থাকবে। এতে তাঁদের জীবনযাত্রার মান উন্নত হবে।

মালিক প্রতিনিধিদের বরাত দিয়ে তিনি বলেন, শ্রমিকদের একটি বড় অংশ মাস শেষে ২৫ হাজার টাকা বা তারও বেশি অর্থ বাড়িতে নিয়ে যেতে পারবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

বহুমাত্রিক বিষয় বিবেচনায় নতুন মজুরি কাঠামো

নতুন মজুরি কাঠামো নির্ধারণে মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতাসহ বিভিন্ন বিষয় বিবেচনা করা হয়েছে বলে জানান মাহ্দী আমিন।

তিনি বলেন, শ্রমিক, মালিক ও মজুরি বোর্ডের সদস্যরা দেশের অন্যান্য শিল্পের মজুরি কাঠামো, বড়, মাঝারি ও ক্ষুদ্র কারখানার অবস্থা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগী দেশগুলোর বেতন কাঠামো পর্যালোচনা করেছেন। এসব বিষয় বিবেচনায় নিয়ে স্বতন্ত্র মজুরি বোর্ড নতুন কাঠামো নির্ধারণ করেছে। এটি শ্রমিক ও মালিক উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

মজুরি বোর্ডের সিদ্ধান্তে সরকারের সরাসরি কোনো হস্তক্ষেপ ছিল না জানিয়ে তিনি বলেন, সরকার শুধু প্রক্রিয়াটি সহজ করেছে এবং সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে সমর্থন দিয়েছে।

মাহ্দী আমিন বলেন, আগে সাধারণত পাঁচ বছর পরপর মজুরি বোর্ড গঠন করা হতো। ২০২৩ সালের পর এবার ২০২৬ সালে মাত্র তিন বছরের ব্যবধানে নানা সীমাবদ্ধতা সত্ত্বেও নতুন মজুরি বোর্ড গঠন করা হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক চ্যালেঞ্জ এবং গার্মেন্টসসহ বিভিন্ন শিল্পে জ্বালানি সংকট থাকা সত্ত্বেও দ্রুত এ উদ্যোগ নেওয়া সম্ভব হয়েছে।

শ্রমিক ও শিল্পের উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান

পোশাকশিল্পের বিকাশের প্রসঙ্গ তুলে মাহ্দী আমিন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে এ খাতের যাত্রা শুরু হয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়ে এর ব্যাপক উন্নয়ন ঘটে। প্রধানমন্ত্রী তারেক রহমান সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন।

তিনি বলেন, শিল্প ও শ্রমিক একে অপরের পরিপূরক। শিল্পের বিকাশ ঘটলে কর্মসংস্থান বাড়বে এবং মালিকদের সক্ষমতা বাড়লে শ্রমিকদের সুযোগ-সুবিধাও বাড়বে। বহুমুখী পরিকল্পনা ও প্রধানমন্ত্রীর নির্দেশনার মাধ্যমে শ্রমিক ও মালিক একসঙ্গে কাজ করলে দেশের শিল্প খাত এগিয়ে যাবে।

দেশের শ্রমিকদের শ্রম ও ঘামের সঙ্গে জড়িয়ে থাকা আবেগ ও আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ হিসেবে বিশ্বজুড়ে মেড ইন বাংলাদেশ পরিচিতি পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশের এই অর্জনের সঙ্গে শ্রমিকদের কষ্টার্জিত অবদান সরাসরি জড়িত।

শিল্পের জ্বালানি সংকট মোকাবিলায় তৃতীয় এফএসআরইউ স্থাপনের কাজ চলছে এবং জ্বালানি তেলের উৎস বৈচিত্র্যময় করা হচ্ছে বলেও জানান তিনি।

মজুরি বোর্ডের সদস্যদের ধন্যবাদ

মজুরি বোর্ডের সদস্যদের প্রশংসা করে মাহ্দী আমিন বলেন, বোর্ডের সদস্যরা গ্রহণযোগ্য ও সর্বজনশ্রদ্ধেয়। শ্রমিক ও শিল্পের স্বার্থ রক্ষায় তাঁরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেছেন। শ্রমিক প্রতিনিধি সব শ্রমিকের প্রতিনিধিত্ব করেছেন এবং মালিক প্রতিনিধিও শ্রমিকবান্ধব ব্যবসায়ী হিসেবে পরিচিত।

তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বাধীন, নিরপেক্ষ ও স্বতন্ত্রভাবে মজুরি বোর্ড নিম্নতম মজুরি নির্ধারণ করেছে। এ প্রক্রিয়ায় সরকারের কোনো সম্পৃক্ততা বা প্রভাব ছিল না। এ জন্য বোর্ডের সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন ও ধন্যবাদ জানান তিনি।

শান্তিপূর্ণ পরিবেশে কারখানাগুলোর উৎপাদন অব্যাহত রাখা এবং শ্রমিকদের আনন্দের সঙ্গে কাজে যোগ দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা। তিনি বলেন, নিরপেক্ষভাবে ঘোষিত মজুরি কাঠামোকে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে আরও অর্থবহ করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামছুর রহমান শিমুল বিশ্বাস, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তরফদার, নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী, বোর্ডের সদস্য ও টিসিসির সহসভাপতি আনোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ও বোর্ডের সদস্য ড. মোসলেহ উদ্দিন আহমদ, বিজিএমইএর পরিচালক ও বোর্ডের সদস্য এবিএম সামছুদ্দিন, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সভাপতি তাসলিমা আখতার, বাংলাদেশ লেবার কংগ্রেসের সাধারণ সম্পাদক নাজমা আক্তারসহ বিজিএমইএ, বিকেএমইএ ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।