বৃহস্পতিবার

২৬ নভেম্বর, ২০২৬ ১১ অগ্রহায়ণ, ১৪৩৩

আবারও সভা ডেকেছে পোশাক শ্রমিকদের মজুরি বোর্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬ ২২:৪১

শেয়ার

আবারও সভা ডেকেছে পোশাক শ্রমিকদের মজুরি বোর্ড
ছবি সংগৃহীত

তৈরি পোশাকশিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নে গঠিত মজুরি বোর্ড আবারও সভা ডেকেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের পঞ্চম সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

চতুর্থ সভায় ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ

এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) বোর্ডের চতুর্থ সভায় পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়। এর আগে এই মজুরি ছিল ১২ হাজার ৫০০ টাকা।

বোর্ডের আলোচনায় সব সদস্যের সর্বসম্মতিক্রমে তিনটি গ্রেডের মজুরি নির্ধারণ করা হয়। এর মধ্যে সর্বোচ্চ গ্রেড-১-এ নিম্নতম মজুরি সাড়ে ২১ হাজার টাকা, গ্রেড-২-এ ২০ হাজার টাকা এবং গ্রেড-৩-এ ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়।

অন্যদিকে, সর্বনিম্ন গ্রেড-৪-এর মজুরি বোর্ড সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়।

এ ছাড়া সিদ্ধান্ত হয়, প্রতিটি গ্রেডের শ্রমিকের নিম্নতম মজুরি নির্ধারণের পর কারও বিদ্যমান মজুরি সমন্বয়ের প্রয়োজন হলে ন্যূনতম দুই হাজার টাকা যুক্ত করে তা সমন্বয় করা হবে।

মালিকপক্ষের প্রস্তাব ছিল ১৫ হাজার ৮০০ টাকা

এর আগে সোমবার (২৩ নভেম্বর) দীর্ঘ প্রায় সাড়ে ৯ ঘণ্টার আলোচনায় মালিকপক্ষ সর্বনিম্ন মাসিক মজুরি ১৫ হাজার ৮০০ টাকা দেওয়ার প্রস্তাব দেয়। অন্যদিকে, শ্রমিকপক্ষ আগের ৩২ হাজার টাকার দাবি থেকে সরে এসে ২২ হাজার টাকা প্রস্তাব করে।

তবে মালিকপক্ষের প্রস্তাবকে অযৌক্তিক বলে অভিহিত করেন শ্রমিক প্রতিনিধিরা। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে ব্যবধান থাকায় ওই সভায় কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। পরে উভয়পক্ষ নিজেদের প্রস্তাব আরও পর্যালোচনা করে পরবর্তী বৈঠকে আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয়।

ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন

গত ১ নভেম্বর সরকার তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের জন্য ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় মালিক ও শ্রমিকপক্ষকে প্রস্তাবিত মজুরি কাঠামো প্রস্তুত করে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।