বৃহস্পতিবার

২৬ নভেম্বর, ২০২৬ ১১ অগ্রহায়ণ, ১৪৩৩

১০ মাসে নারী ও কন্যাশিশু নির্যাতন বেড়েছে ৫৪ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬ ২২:০৬

শেয়ার

১০ মাসে নারী ও কন্যাশিশু নির্যাতন বেড়েছে ৫৪ শতাংশ
প্রতীকী ছবি

২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশে অন্তত ২ হাজার ৬৬৫ জন নারী ও কন্যাশিশু বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। ২০২৫ সালের একই সময়ে এ সংখ্যা ছিল ১ হাজার ৭৩৩। সে হিসাবে এক বছরের ব্যবধানে নির্যাতনের ঘটনা বেড়েছে ৯৩২টি, যা প্রায় ৫৪ শতাংশ।

হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। দেশের ১৬টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদ পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিবেদনটির তথ্য জানান।

ধর্ষণ ও যৌন নিপীড়নের ঘটনা বেড়েছে

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ১০ মাসে ৭৫৯ জন নারী ও কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছেন। তাঁদের মধ্যে ৪৩৪ জন শিশু ও কিশোরী, যা মোট ধর্ষণের শিকার ব্যক্তির প্রায় ৫৭ শতাংশ। এ সময়ে ১৫০ জন গণধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৩৪ জনকে।

অন্যদিকে, ২০২৫ সালের একই সময়ে ধর্ষণের শিকার হয়েছিলেন ৭৪১ জন।

তুলনামূলক বিশ্লেষণে দেখা গেছে, ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে যৌন নিপীড়নের ঘটনা ৩৭৪টি থেকে বেড়ে ৭৬৮টিতে দাঁড়িয়েছে। এ ক্ষেত্রে বৃদ্ধির হার প্রায় ১০৫ শতাংশ। যৌন নিপীড়নের শিকার শিশুর সংখ্যা ২১৪ থেকে বেড়ে ৩১২ হয়েছে।

পারিবারিক সহিংসতায় নিহতের সংখ্যা ৩২৩ থেকে বেড়ে ৫০২ হয়েছে। একই সময়ে আহতের সংখ্যা ৮৩ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩০৫ জনে। এছাড়া যৌতুকের কারণে হত্যার ঘটনা ২৮টি থেকে বেড়ে ৪১টি এবং ধর্ষণের পর হত্যার ঘটনা ২৪টি থেকে বেড়ে ৩৪টিতে দাঁড়িয়েছে।

সহিংসতা প্রতিরোধে কার্যকর উদ্যোগের তাগিদ

এইচআরএসএস মনে করে, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বৃদ্ধির পেছনে পুরুষতান্ত্রিক মানসিকতা, সামাজিক বৈষম্য, ক্ষমতার অপব্যবহার, বিচারহীনতার সংস্কৃতি এবং অপর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা দায়ী।

সংগঠনটির মতে, অপরাধ সংঘটনের পর বিচার নিশ্চিত করার পাশাপাশি সহিংসতার মূল কারণ দূর করতে কার্যকর প্রতিরোধমূলক উদ্যোগ নেওয়া জরুরি।

এ পরিস্থিতি মোকাবিলায় ধর্ষণ, যৌন নিপীড়ন, যৌতুক ও পারিবারিক সহিংসতার ঘটনায় নিরপেক্ষ তদন্ত এবং দ্রুত বিচার নিশ্চিত করার সুপারিশ করেছে এইচআরএসএস। পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনপরিসরে শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা জোরদার করার কথা বলেছে সংগঠনটি।

এ ছাড়া ভুক্তভোগীদের বিনামূল্যে আইনি সহায়তা, চিকিৎসা, মানসিক স্বাস্থ্যসেবা, নিরাপদ আশ্রয় ও পুনর্বাসন নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে।