পাকিস্তানের মাটিতে বাংলাদেশের স্পিকারকে লাল গালিচা সংবর্ধনা! দীর্ঘ ১৭ বছরের কূটনৈতিক সমীকরণে এবার বড় পরিবর্তনের আভাস। জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের পাকিস্তান সফর ঘিরে নতুন করে আলোচনায় ঢাকা-ইসলামাবাদের কূটনৈতিক সম্পর্ক।
সোমবার (২৩ নভেম্বর) রাতে ছয় সদস্যের সংসদীয় প্রতিনিধিদল নিয়ে ইসলামাবাদে পৌঁছান জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে চার দিনের সফরে পাকিস্তানে যান বাংলাদেশের স্পিকার। এ সময় স্পিকার ও তাঁর প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানাতে দেখা যায় পাকিস্তানের স্পিকারকে।
বাংলাদেশি স্পিকারের এই সফরকে দুই দেশের সংসদীয় সম্পর্কের ঐতিহাসিক মাইলফলক হিসেবে সরদার আয়াজ সাদিক উল্লেখ করেছেন বলে জানা যায়। আয়াজের ভাষ্য, দুই দেশের অভিন্ন ইতিহাস, সংস্কৃতি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নিতে সংসদীয় পর্যায়ে যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অন্যদিকে, উষ্ণ অভ্যর্থনায় কৃতজ্ঞতা প্রকাশ করেন হাফিজ উদ্দিন আহমেদও। একইসঙ্গে দুই দেশের সংসদের মধ্যে ঘনিষ্ঠতা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সফরকালে দুই দেশের সংসদীয় প্রতিনিধিদলের মধ্যে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনার কথা উঠে আসে। সংসদীয় অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক সহযোগিতা, বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ এবং সম্ভাবনাময় বিভিন্ন খাতে এই সফরের মধ্য দিয়ে যোগাযোগ বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে বলে মনে করছে বিশ্লেষকরা। এদিকে রবিবার (২৯ নভেম্বর) স্পিকারের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের দেশে ফেরার কথা রয়েছে।
রাজনৈতিক সম্প্রীতির ইঙ্গিত
এর আগেও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সভাপতি ড. শফিকুর রহমানের পাকিস্তান সফরকালে তাঁকে দেয়া উষ্ণ অভ্যর্থনা দুই দেশের রাজনৈতিক সম্প্রীতির ইঙ্গিত দেয়।
অপরদিকে, চলতি বছরের জুনে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাকিস্তান সফরকালে লালগালিচা সংবর্ধনার মধ্য দিয়ে উষ্ণ অভ্যর্থনা এবং সেখানকার মানুষের মধ্যে তাঁদের নিয়ে উচ্ছ্বাসও সে সময় ব্যাপক প্রশংসিত হয়।
বিস্তৃত হচ্ছে সম্পর্কের পরিসর
এদিকে, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই দুই দেশের সম্পর্কের পরিসর যেন ধীরে ধীরে বিস্তৃতি লাভ করেছে। যোগাযোগ, বাণিজ্য, অর্থনীতি, চিকিৎসা, স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়াঙ্গনসহ নানা ক্ষেত্রে তৈরি হচ্ছে নতুন নতুন সব সমীকরণ।
দীর্ঘ ১৪ বছর বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ বন্ধ থাকার পর চলতি বছরের জানুয়ারিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে ঢাকা ও করাচির মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালু হয়েছে। উদ্বোধনী ফ্লাইটটি করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে সেখানে যাত্রীদের উষ্ণ সংবর্ধনাও জানানো হয়। যা সে সময়ে পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভি ও ডন নিউজসহ আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচারিত হয়েছে।
শিক্ষা ও ক্রীড়ায় সহযোগিতা
একই সঙ্গে চলতি বছরের গত জুনে শিক্ষামন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। এ সময় বাংলাদেশের সরকারি বিদ্যালয়ের জন্য এক হাজার ফুটবল উপহার দেয়ার কথা জানান তিনি।
এছাড়াও, বাংলাদেশের ৫০০ শিক্ষার্থীকে শতভাগ পর্যন্ত স্কলারশিপ দিয়ে পাকিস্তানে পড়ার সুযোগ করে দেয়ার খবরও সামনে আসে। পাকিস্তানের উচ্চশিক্ষা কমিশন এবং শীর্ষ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল ঢাকা সফরকালে এই স্কলারশিপের ঘোষণা দেয়া হয়।
এর ফলে দেশের শিক্ষার্থীদের প্রকৌশল, চিকিৎসা এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে উচ্চশিক্ষার সুযোগ আরও পরিব্যাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সামরিক ও বাণিজ্যিক সহযোগিতা
এখানেই শেষ নয়, কৌশলগত সম্পর্ক জোরদারেও পাকিস্তান সফর করেন বাংলাদেশের সামরিক প্রতিনিধি দল। সোমবার (১৩ জানুয়ারি) সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল, পাকিস্তানের তিন বাহিনীর প্রধানসহ অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে প্রশিক্ষণ ও পেশাগত সহযোগিতা নিয়ে নানা আলোচনা হয়।
অপরদিকে, বাণিজ্যিক পরিসরেও দুই দেশের সম্প্রীতির দৃশ্যমান প্রতিফলন ঘটছে। জানা যায়, চলতি বছরের গত জুলাইয়ে পাকিস্তানের নির্মাতা প্রতিষ্ঠান ‘এমজিজেডডব্লিউ মোবাইল পাকিস্তান’ এবং বাংলাদেশের ‘রেনকন গ্রুপ’-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, চলতি বছরই স্থানীয়ভাবে সংযোজিত ব্রিটিশ উৎসের ১০০টি এমজি ব্র্যান্ডের সেডান ও স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল বা এসইউভি বাংলাদেশে আসার কথা থাকলেও আগামী চার বছরে পর্যায়ক্রমে তা ৫ হাজার ৮০০টিতে উন্নীত করা হবে।
কূটনীতি থেকে রাজনীতি, শিক্ষা থেকে সামরিক সহযোগিতা, আর বাণিজ্য থেকে যোগাযোগ—বিভিন্ন ক্ষেত্রে বাড়তে থাকা পারস্পরিক যোগাযোগ ঢাকা-ইসলামাবাদ সম্পর্কে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। আর এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় ও বহুমাত্রিক এক নতুন দিগন্তে নিয়ে যাওয়া উচিত বলে মনে করছে বিশ্লেষকরা।
আরও পড়ুন:







