ডিসেম্বরে ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার ফাঁকা ঘোষণা আর সেই ঘোষণাকে ঘিরেই নতুন করে আলোচনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তন। এরই মধ্যে হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণসহ নানা ধরনের নৈরাজ্য সৃষ্টি করছে কার্যক্রম নিষিদ্ধ দলটির সন্ত্রাসী বাহিনী।
জুলাইয়ের ঐক্য ও পরবর্তী দূরত্ব
২৪-এর জুলাই গণ-অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার স্বৈরশাসনের অবসান ঘটানো শুধু ফ্যাসিবাদ নিরসনের আন্দোলনের ডাকই ছিল না, ছিল ভিন্ন ভিন্ন রাজনৈতিক আদর্শ ও মতের ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর এক অভূতপূর্ব সম্মিলন। রাজপথের সেই লড়াইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনে অংশ নেয় বিএনপি, জামায়াতসহ ভিন্ন মত ও পথের বিভিন্ন রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ। সেই ঐক্যবদ্ধ আন্দোলনের ধারাবাহিকতায় ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর সম্মিলিত দাবির মুখে নিষিদ্ধ করা হয় ফ্যাসিস্ট আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম। তৈরি হয় ফ্যাসিবাদমুক্ত, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার এক নতুন প্রত্যাশা।
আর এই প্রত্যাশাকে সামনে রেখেই উঠে আসে রাষ্ট্র সংস্কারের উদ্যোগ। জাতীয় ঐকমত্য কমিশনের অধীনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে প্রণীত হয় জুলাই জাতীয় সনদ। বিভিন্ন রাজনৈতিক দল এতে স্বাক্ষর করলেও সনদের বাস্তবায়ন, সাংবিধানিক সংস্কার ও রাজনৈতিক অঙ্গীকার নিয়ে বিভিন্ন সময় তৈরি হয় নানা মতপার্থক্য। সময়ের সঙ্গে সঙ্গে নির্বাচনী রাজনীতির হিসাব-নিকাশে দূরত্বও বাড়তে থাকে একসময় রাজপথে একসঙ্গে লড়া ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে।
হাসিনার ফেরার ঘোষণা ও নতুন করে ঐক্যের আহ্বান
আর এই দূরত্বের সুযোগ নিয়েই ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশে ফেরার ফাঁকা ঘোষণা দিয়ে তার নেতাকর্মীদের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে দেশকে অস্থিতিশীলতার মধ্যে ঠেলে দেয়ার অপচেষ্টা করে। এমনকি মঙ্গলবার (২৪ নভেম্বর) আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরছেন বলে পোস্টও করা হয়।
আওয়ামী লীগের কথিত এই প্রত্যাবর্তন এবং দেশজুড়ে নতুন করে সহিংসতা, সেই পুরোনো ঐক্যকেই আবার নতুন করে সামনে নিয়ে আসছে। রাজনৈতিক মতপার্থক্য ভুলে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকাতে আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এসেছে সরকারের পক্ষ থেকে।
এমনকি ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলো একই প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হলে, ফ্যাসিবাদের অবসান ঘটবে বলেও মন্তব্য করেন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। পাশাপাশি দেশের মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আছেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন এই সংসদ সদস্য।
জামায়াত ও এনসিপির অবস্থান
এদিকে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য আগে থেকেই বিদ্যমান ছিল বলে মনে করে জামায়াতে ইসলামী। তবে, বিএনপির কিছু বিতর্কিত রাজনৈতিক ব্যক্তির প্রতি নমনীয় অবস্থান গ্রহণের মাধ্যমে সেই ঐক্যে ফাটল তৈরি হয়েছে বলে মনে করেন জামায়াতের এই নেতা। এছাড়া দেশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যকর কর্মকাণ্ডের পেছনে বিএনপি সরকারকেই দায়ী করছেন বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ। তবে, বর্তমান রাজনৈতিক দলগুলো যদি ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়, তাহলে ফ্যাসিবাদী শক্তি পুনঃপ্রতিষ্ঠার সাহস পাবে না বলে মনে করে জামায়াতে ইসলামী।
অন্যদিকে এনসিপির পক্ষ থেকেও ঐক্যবদ্ধতার আহ্বান পাওয়া যায়। তবে দলটির দাবি, জাতীয় ঐক্য গড়ে তুলতে হলে সরকারকে অবশ্যই গণভোট বাস্তবায়ন, আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে যেকোনো মূল্যে সরকারকে ঐক্যবদ্ধ রাখা উচিত বলে মনে করে দলটি।
বিশ্লেষকদের পর্যবেক্ষণ
জুলাইয়ের রাজপথে যে ঐক্য ফ্যাসিবাদী শাসনের পতন ঘটিয়েছিল, রাজনৈতিক বিভাজনের কারণে সেই ঐক্য দুর্বল হয়ে পড়লে ফ্যাসিবাদী শক্তি তার সুযোগ নিতে পারে বলে মনে করছে বিশ্লেষকরা। তাই ক্ষমতার হিসাব-নিকাশ কিংবা আদর্শিক মতপার্থক্য নয়, বরং ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকানোই এখন রাজনৈতিক দলগুলোর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেই মনে করে তারা।
আরও পড়ুন:







