১৮ ডিসেম্বরের শহীদি সমাবেশের প্রস্তুতি এবং ডিসেম্বর মাসব্যাপী ইনকিলাব মঞ্চের কর্মসূচি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ইনকিলাব মঞ্চ। সভায় ১৮ ডিসেম্বরের শহীদি সমাবেশের প্রস্তুতি, আয়োজনের পরিকল্পনা এবং ডিসেম্বর মাসজুড়ে সংগঠনের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে এসব কর্মসূচি বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা, সহযোগিতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির বিষয়েও মতবিনিময় হয়।
বুধবার বিকেল জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় শহীদ শরিফ ওসমান হাদির প্রথম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ডিসেম্বর মাসব্যাপী ইনকিলাব মঞ্চের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হয়।
ডিসেম্বর মাসব্যাপী কর্মসূচি অনুযায়ী, ২৮ নভেম্বর: কর্মসূচি ঘোষণা, ১–৩ ডিসেম্বর: সারাদেশে গ্রাফিতি অঙ্কন ও পোস্টারিং, ৪ ডিসেম্বর (শুক্রবার): তাহাজ্জুদের রাত ও সারাদেশের মসজিদে মসজিদে মিলাদ মাহফিল, ৬ ডিসেম্বর: ক্যাম্পাসে ক্যাম্পাসে স্মরণসভা, ৭ ডিসেম্বর: এতিম ও পথশিশুদের নিয়ে আয়োজন, ৮ ডিসেম্বর: সুবিধাবঞ্চিত মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প, ৯ ডিসেম্বর: সকল রাজনৈতিক দল ও জুলাইয়ের সকল অংশীজনের সঙ্গে মতবিনিময় সভা, ১১ ডিসেম্বর (শুক্রবার): বায়তুল মোকাররম জামে মসজিদ থেকে কফিন মিছিল ও সারাদেশের মসজিদে মিলাদ মাহফিল, ১২ ডিসেম্বর (শনিবার): ঘটনাস্থলে স্মৃতিফলক উদ্বোধন এবং বাদ মাগরিব জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মিলাদ মাহফিল, ১৩–১৫ ডিসেম্বর: ওসমান হাদী ফেস্ট, ১৬ ডিসেম্বর: বিজয় র্যালি ও সার্বভৌমত্বের শপথ, ১৭ ডিসেম্বর: স্মরণের রাত (ডকুমেন্টারি, কবিতা, গান ও দোয়ার মাধ্যমে স্মরণ), ১৮ ডিসেম্বর (শুক্রবার): দেশব্যাপী মসজিদ থেকে বিক্ষোভ মিছিল ও ঢাকায় সর্বদলীয় শহীদি সমাবেশ।
এ সময় সঞ্চালনা করেন ইনকিলাব মঞ্চের সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম এবং বক্তব্য রাখেন ইনকিলাব মঞ্চ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ফজলে রাব্বি সরকার, কেন্দ্রীয় সদস্য সচিব ফাতিমা তাসনিম জুমা এবং আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের।
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ফাতিমা তাসনিম জুমা বলেন, দীর্ঘ এক মাসব্যাপী আমরা ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির মাধ্যমে দেশের পথে-প্রান্তরে হেঁটে বেড়িয়েছি এবং হাদী হত্যার বিচারের দাবিতে মানুষের মধ্যে যে জজবা দেখেছি, তা আমাদের অনুপ্রাণিত করেছে। বর্তমান রাষ্ট্রপতি, যিনি সাবেক বিএনপি মহাসচিব, নির্বাচনের আগের দিন তাঁর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে ঘোষণা দিয়েছিলেন, তাঁর দল ক্ষমতায় এলে হাদী হত্যার বিচার করা হবে। এছাড়া সরকার জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার দিয়েই ক্ষমতায় এসেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছেন। তাই সরকারকে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে পিলখানা, শাপলা ও জুলাই গণহত্যাসহ দেশের সব বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের বলেন, হাদী হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ইনকিলাব মঞ্চ রাজপথে থাকবে। আগামী ১৮ ডিসেম্বরের কর্মসূচি কোনো রাজনৈতিক দলকে মোকাবেলা করবার উদ্দেশ্যে আয়োজিত হচ্ছে না, মূলত এর মধ্য দিয়ে সরকারকে জনগণের সাংবিধানিক এবং নৈতিক অধিকার রক্ষার কথা স্মরণ করিয়ে দেয়া। যারা প্রশ্ন তোলার চেষ্টা করেন, ওসমান হাদীর অবদান কী, তারা মূলত একজন শহীদের অবদানকে খাটো করে দেখানোর চেষ্টা করছেন। তার হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবার চেষ্টা করছেন।
এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ফাতিমা তাসনিম জুমা ও আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আব্দুল্লাহ আল জাবের বলেন, "শহীদ শরিফ ওসমান বিন হাদীকে কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হয়েছে সকল রাজনৈতিক দল মত এবং সর্বস্তরের মানুষের মতামত ও সম্মতির ভিত্তিতে।"
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। সংগঠনের পক্ষ থেকে তাঁদের মতামত ও পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেয়া হয়।
আরও পড়ুন:







