বুধবার

২৫ নভেম্বর, ২০২৬ ১১ অগ্রহায়ণ, ১৪৩৩

স্মৃতিতে আলী আহসান মুজাহিদ; হাসিনার রোষাণলে প্রস্থান এক ‘বিপ্লবী’র

নিজস্ব প্রতিবেদক বাংলা এডিশন

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬ ১৮:০৫

শেয়ার

স্মৃতিতে আলী আহসান মুজাহিদ; হাসিনার রোষাণলে প্রস্থান এক ‘বিপ্লবী’র
ছবি সংগৃহীত

বাংলাদেশের ইসলামী রাজনীতির ইতিহাসে এক বিপ্লবী নাম হিসেবে পরিচিত আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। তাকওয়া, প্রজ্ঞা, আদর্শনিষ্ঠা আর দ্বীনের প্রতি অবিচল আনুগত্যে গড়ে ওঠা এক ব্যক্তিত্বের অধিকারী তিনি। জামায়াতে ইসলামীর এই শীর্ষস্থানীয় নেতা দীর্ঘ রাজনৈতিক জীবনে ইসলামী আদর্শ, সাংগঠনিক দক্ষতা ও বলিষ্ঠ নেতৃত্বের মধ্য দিয়ে দলটির গুরুত্বপূর্ণ অবস্থানে অধিষ্ঠিত হন। রাজনীতি, সমাজ ও রাষ্ট্র নিয়ে তার বক্তব্য এবং চিন্তাধারা ইসলামী অঙ্গনে আলোচনার কেন্দ্রে থাকে।

তবে ফ্যাসিস্ট শেখ হাসিনার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মানবতাবিরোধী অপরাধের কথিত মামলায় ফেঁসে ইতিহাসের এক করুণ অধ্যায়ের মুখোমুখি হন ইসলামী অঙ্গনের এই বিপ্লবী নেতা।

জন্ম ও শিক্ষাজীবন

ঐতিহাসিক সূত্রে জানা যায়, ১৯৪৮ সালের ২ জানুয়ারি ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। তার বাবা ছিলেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও ধর্মীয় ব্যক্তিত্ব মাওলানা আব্দুল আলী এবং মা বেগম নূরজাহান।

জানা যায়, শৈশবেই বাবার কাছে ধর্মীয় ও প্রাথমিক শিক্ষার হাতেখড়ি হয় এই ইসলামী রাজনীতিবিদের। পরে ফরিদপুরের ময়েজউদ্দিন স্কুলে ভর্তি হন তিনি। পরবর্তী সময়ে পড়াশোনা শুরু করেন ফরিদপুর জেলা স্কুলে। মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে ভর্তি হন ঐতিহ্যবাহী সরকারি রাজেন্দ্র কলেজে। সেখান থেকেই উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের পড়াশোনা সম্পন্ন করেন।

পরবর্তীতে ১৯৭০ সালে উচ্চশিক্ষার উদ্দেশ্যে ঢাকায় এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন মুজাহিদ। তবে মুক্তিযুদ্ধ শুরু হওয়ায় সেখানে তার পড়াশোনা আর এগোয়নি। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি।

ছাত্ররাজনীতি থেকে জামায়াতের শীর্ষ নেতৃত্ব

ছাত্রজীবন থেকেই মুজাহিদের রাজনীতি ও সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। সূত্র বলছে, রাজেন্দ্র কলেজে অধ্যয়নকালে ছাত্ররাজনীতির মধ্য দিয়ে তার পথচলা শুরু। পরবর্তী সময়ে ইসলামী ছাত্রসংঘে যোগ দিয়ে ফরিদপুর জেলা শাখার নেতৃত্বে আসেন ইসলামী রাজনীতির এই কাণ্ডারি। ১৯৬৮ থেকে ১৯৭০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন সংগঠনটির ফরিদপুর জেলা সভাপতি হিসেবে।

তথ্যমতে, পরে ১৯৭০ সালের ডিসেম্বরে ঢাকায় আসার পর ঢাকা জেলা শাখার দায়িত্ব পান আলী আহসান মুজাহিদ। এরপর তৎকালীন পূর্ব পাকিস্তান ইসলামী ছাত্রসংঘের সেক্রেটারি এবং ১৯৭১ সালের অক্টোবরে সংগঠনটির প্রাদেশিক সভাপতি হিসেবে নির্বাচিত হন প্রয়াত এই জামায়াত নেতা।

পরবর্তীতে জামায়াতে ইসলামীর রাজনীতিতে সক্রিয় হয়ে ১৯৮২ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত ঢাকা মহানগর জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করেন আলী আহসান মুজাহিদ। এরপর ১৯৮৯ সালে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হন। দীর্ঘ সাংগঠনিক পথচলার ধারাবাহিকতায় ২০০০ সালের ৮ ডিসেম্বর জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল নির্বাচিত হন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত এ দায়িত্বেই ছিলেন এই নেতা।

জাতীয় রাজনীতি ও মন্ত্রীপদ

দেশের জাতীয় রাজনীতিতেও আলী আহসান মুজাহিদের গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছানোর বিষয়টি উল্লেখযোগ্য। বিএনপি, জামায়াতসহ চারদলীয় জোট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মুজাহিদ। এর আগে এরশাদবিরোধী আন্দোলন এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনেও তার সাংগঠনিক সম্পৃক্ততার কথা উল্লেখযোগ্য।

২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার গঠন করলে ১০ অক্টোবর সমাজকল্যাণমন্ত্রী হিসেবে শপথ নেন মুজাহিদ। ২০০৬ সাল পর্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন তিনি। দায়িত্ব পালনকালে তার ভূমিকা বিভিন্ন সময় প্রশংসিত হয়। মন্ত্রী থাকাকালীন জাতীয় অর্থনৈতিক পরিষদ, একনেকসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটিতেও দায়িত্ব পালন করেন এই জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল।

পাশাপাশি মুজাহিদের এলাকাবাসীরও দাবি, তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। এলাকায় দলমত নির্বিশেষে তার ছিল ব্যাপক জনপ্রিয়তা।

মৃত্যুদণ্ড ও বিচার নিয়ে প্রশ্ন

দীর্ঘ রাজনৈতিক ও সাংগঠনিক জীবনের পর ২০১৫ সালের নভেম্বর মাসের ২২ তারিখে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের আমলে মানবতাবিরোধী অপরাধের কথিত মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। পরে ফরিদপুরের পশ্চিম খাবাসপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় আলী আহসান মুজাহিদকে।

নানা সময়েই আলী আহসান মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর এবং ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারিক কার্যক্রম ঘিরে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের ভূমিকা ও বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে সামনে আসে নানা প্রশ্ন ও অভিযোগ। মুজাহিদের পরিবার ও সমর্থকদের দাবি, যুদ্ধাপরাধের অভিযোগ এনে কথিত যে মামলাকে কেন্দ্র করে মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, সেই অভিযোগের সঙ্গে তার কোনো সম্পর্কই ছিল না।

এমনকি মুজাহিদের এলাকাবাসীরও দাবি, ১৯৭১ সালের যুদ্ধাপরাধের সঙ্গে তিনি জড়িত ছিলেন না। পাশাপাশি মুজাহিদের মৃত্যুদণ্ডকে প্রহসনের বিচারিক হত্যাকাণ্ড বলে মন্তব্য করেছে তারা।

অন্যদিকে ২০১৫ সালে আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে করা রিভিউ আবেদনের শুনানি শেষে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সামনে কথা বলেন তার প্রধান আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। আইনজীবীর দাবি ছিল, যে অভিযোগের ভিত্তিতে মুজাহিদকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, সেই চার্জের পক্ষে উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এমন মৃত্যুদণ্ড দেয়া বেআইনি। এমনকি মুজাহিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটির ভিত্তিতে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

অপরদিকে ইসলামী রাজনীতির এই কিংবদন্তিকে বিভিন্ন সময় ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এবং তৎকালীন ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের ভারতের প্রতি দাসত্বের মনোভাবের বিরুদ্ধেও বক্তব্য দিতে দেখা যায়। অভিযোগ রয়েছে, ভারতের এই বিরোধিতার কারণেই তাদের ইন্ধনে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে এবং ইসলামী আন্দোলনের নেতৃত্বকে দুর্বল করার লক্ষ্যেই ফ্যাসিস্ট শেখ হাসিনার রোষাণলে পড়েন জামায়াতে ইসলামীর এই শীর্ষস্থানীয় নেতা।

এ ছাড়া গ্রেপ্তারের আগে এক সংবাদ সম্মেলনে কথিত এই যুদ্ধাপরাধের মামলার বিচারব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলেন খোদ মুজাহিদ।

ছেলের স্মৃতিচারণ ও শাহাদাতবার্ষিকী

এদিকে বাবার শাহাদাতবার্ষিকীতে তার ব্যক্তিত্ব, আদর্শ ও রাজনৈতিক জীবন নিয়ে নিজের ফেসবুক পোস্টে আবেগঘন স্মৃতিচারণ করেছেন ছেলে আলী আহমাদ তাহকীক। তিনি তার পোস্টে বাবাকে তাকওয়া, প্রজ্ঞা, যোগ্য নেতৃত্ব, সাংগঠনিক শৃঙ্খলা, বলিষ্ঠতা ও আনুগত্যের অনন্য প্রতীক হিসেবে উল্লেখ করেন।

এর আগে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে বাবার বিরুদ্ধে চালানো জুলুমের স্টিম রোলার বয়ে গেছে ছেলে তাহকিকের ওপরও। কথিত মামলায় মুজাহিদের মৃত্যুদণ্ডের রায়ের আগের দিন গ্রামীণফোনের বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ড প্রাপ্ত হওয়া সত্ত্বেও অবৈধভাবে চাকরিচ্যুত করা হয় তার ছেলে তাহকীককে। এক ঝটকায় গ্রামীণফোনে সাড়ে আট বছরের ক্যারিয়ার থমকে যায় তাহকীকের।

দীর্ঘ এই বঞ্চনার কারণে আর্থিকভাবেও চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন মুজাহিদের পরিবার। তবে জুলাই গণ-অভ্যুত্থানের পর সেই ক্ষতিপূরণসহ চাকরি ফিরে পেতে গ্রামীণফোনের কাছে আবেদন করেছেন মজলুম জননেতার এই সন্তান। যার এখনো কোনো সুরাহা পাননি তাহকীক।

এই অবস্থায় রবিবার (২২ নভেম্বর) বাবার শাহাদাতবার্ষিকী স্মরণে আয়োজিত এক আলোচনা ও দোয়া সভায় বক্তব্য রাখেন তাহকীক। সেখানে বাবা মুজাহিদের শাহাদাতবরণের দিনসহ জীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন তিনি।

স্মৃতিচারণ করতে গিয়ে একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন ইসলামী অঙ্গনের এই প্রখ্যাত রাজনীতিবিদের সন্তান। এ সময় তাহকীক নিজে অশ্রুসিক্ত হলেও তার বাবার চোখে কখনোই অশ্রু দেখেননি বলে জানান তিনি।

সেইসঙ্গে সংগঠনই যে আলী আহসান মুজাহিদের সবকিছু ছিল, তা নিজ বক্তব্যে তুলে ধরেন মুজাহিদপুত্র আলী আহমাদ তাহকীক। একইসঙ্গে মুজাহিদ, নিজামী ও আব্দুল কাদের মোল্লাকে শহীদ হিসেবে স্মরণ করে তাহকীক বলেন, এই নেতৃবৃন্দের হাতে গড়ে ওঠা নতুন প্রজন্মই আগামী দিনে ইসলামী রাজনীতির নেতৃত্ব দেবে।

শুধু তাই নয় বাবার শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে নিজেই দোয়া করেন মুজাহিদের সন্তান তাহকীক।

সময় পেরিয়ে যায়, কিন্তু কিছু মানুষের স্মৃতি আর আদর্শ তাদের অনুসারীদের হৃদয়ে বেঁচে থাকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রাজনৈতিক জীবন, সাংগঠনিক অবদান, বিচারিক হত্যাকাণ্ডের শিকার হওয়া নিয়ে আজও রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয়। পরিবারের কাছে তিনি একজন বাবা, অনুসারীদের কাছে একজন আদর্শিক নেতা।