বুধবার

২৫ নভেম্বর, ২০২৬ ১১ অগ্রহায়ণ, ১৪৩৩

অন্যের পরিচয়ে ৩৮ বছর চাকরি, বিজিবির সাবেক সদস্যের ১৩ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬ ১৭:৪৩

শেয়ার

অন্যের পরিচয়ে ৩৮ বছর চাকরি, বিজিবির সাবেক সদস্যের ১৩ বছরের কারাদণ্ড
ছবি সংগৃহীত

অন্যের নাম ও পরিচয় ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে তৎকালীন বিডিআরে ৩৮ বছর চাকরি করার দায়ে আকবর আলীকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে চাকরিকালে উত্তোলন করা বেতন-ভাতা সুদসহ হিসাব করে সমপরিমাণ অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ অর্থ আদায়ের উদ্দেশ্যে তার স্থাবর ও অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করারও আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৫ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক মো. আব্দুস সালাম এ রায় ঘোষণা করেন। রায়ের আগে পর্যবেক্ষণে বিচারক মামলাটিকে জাল-জালিয়াতির উৎকৃষ্ট মামলা হিসেবে উল্লেখ করেন।

চার ধারায় সাজা, ধারাবাহিকভাবে কার্যকর হবে ১৩ বছর

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় চারটি পৃথক ধারায় আকবর আলীকে সাজা দেওয়া হয়েছে। অন্যের পরিচয় ধারণ করে প্রতারণার দায়ে তিন বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ণ দলিল জাল করার অপরাধে পাঁচ বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে দেড় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতির দায়ে চার বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া জাল দলিল প্রতারণামূলক বা অসাধুভাবে আসল দলিল হিসেবে ব্যবহারের দায়ে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

দুদকের কৌঁসুলি খন্দকার শামীম হোসেন সাজা ও অর্থ ফেরতের নির্দেশের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আসামির সাজাগুলো একটি শেষ হওয়ার পর অন্যটি কার্যকর হবে। ফলে তাকে মোট ১৩ বছর কারাভোগ করতে হবে।

আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম মিঠু।

জাহাঙ্গীরের পরিচয়ে বিডিআরে যোগদান

মামলার বিবরণ অনুযায়ী, ১৯৮৩ সালে সিরাজগঞ্জ সদরে বিডিআরের সিপাহী পদে নিয়োগের জন্য লাইনে দাঁড়ান আকবর আলী ও জাহাঙ্গীর আলম। তাদের মধ্যে জাহাঙ্গীর আলম নিয়োগের জন্য নির্বাচিত হন। তিনি রাজাপুর হাইস্কুল থেকে অষ্টম শ্রেণি পাসের সনদ এবং ইউনিয়ন পরিষদের নাগরিকত্ব সনদ জমা দিয়েছিলেন। তবে পারিবারিক কারণে তিনি চাকরিতে যোগ দেননি। অন্যদিকে আকবর আলী ওই পদের জন্য অযোগ্য বিবেচিত হন।

অভিযোগ অনুযায়ী, জাহাঙ্গীর আলমের অজান্তে তার নাম, পরিচয় ও শিক্ষাগত যোগ্যতার সনদ ব্যবহার করে ১৯৮৩ সালের ১ মার্চ বিডিআরে সিপাহী পদে যোগ দেন আকবর আলী। এরপর দীর্ঘ সময় ওই পরিচয়ে চাকরি করে সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা উত্তোলন করেন।

চাকরির নথি ও ব্যক্তিগত দলিলে জালিয়াতি

দুদকের অনুসন্ধানে বিজিবি সদর দপ্তরে সংরক্ষিত চাকরির নথি, পুলিশি তদন্ত ফরম ও শিক্ষাগত যোগ্যতার সনদ পর্যালোচনা করে পরিচয় জালিয়াতির তথ্য পাওয়া যায়।

নথিতে দেখা যায়, চাকরিতে যোগদানের সময় জাহাঙ্গীর আলমের জন্মতারিখ ছিল ১৯৬৪ সালের ৩১ ডিসেম্বর। পরে চাকরির খতিয়ান বইয়ে তা পরিবর্তন করে ১৯৬৪ সালের ১ মার্চ করা হয়। একইভাবে প্রকৃত জাহাঙ্গীর আলমের বাবা মো. মহির উদ্দিনের পরিবর্তে আকবর আলীর বাবা জসিম উদ্দিন মণ্ডলের নাম এবং স্থায়ী ঠিকানাও পরিবর্তন করা হয়।

নিজের পরিচয় আড়াল করতে জাতীয় পরিচয়পত্রেও মো. জাহাঙ্গীর আলম নাম ব্যবহার করেন আকবর আলী। তবে সেখানে বাবার নাম হিসেবে মৃত জসিম উদ্দিন মণ্ডলের নাম উল্লেখ করেন।

১৯৮৪ সালের ১০ জানুয়ারি করা বিয়ের কাবিননামাতেও মো. জাহাঙ্গীর আলম নাম ব্যবহার করেন তিনি। সেখানে বাবার নাম মো. মহির উদ্দিন (জসিম উদ্দিন মণ্ডল) এবং দাদার নাম পলান মণ্ডল লেখা হয়। তবে প্রকৃত জাহাঙ্গীর আলম দুদককে জানান, তার বাবার নাম মহির উদ্দিন এবং দাদার নাম পর্বত উল্লাহ শেখ।

সিরাজগঞ্জের ১০ নম্বর সয়দাবাদ ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যানের দেওয়া তথ্যেও পরিচয় জালিয়াতির বিষয়টি উঠে আসে। চেয়ারম্যান জানান, কোনাগাতী গ্রামের জাহাঙ্গীর আলম ১৯৮৩ সালে বিডিআরে চাকরির জন্য নির্বাচিত হলেও যোগ দেননি। এমনকি ১৯৭১ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি ওই গ্রামে বসবাসও করেননি।

প্রকৃত জাহাঙ্গীর আলমও দুদকের কাছে একই তথ্য দেন। তার পরিচয় ব্যবহার করে আকবর আলীর চাকরি নেওয়ার বিষয়টি তিনি জানান।

২০২২ সালে মামলা, সাক্ষ্য দেন ১৩ জন

দুদকের অনুসন্ধানে পাওয়া তথ্য-প্রমাণ, সাক্ষ্য ও নথিপত্র পর্যালোচনা করে প্রতারণা, জালিয়াতি, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ এবং সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে আকবর আলীর বিরুদ্ধে মামলা করা হয়।

দুদকের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্র ২০২২ সালের ৭ জুন দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলাটি করেন। অভিযোগে বলা হয়, ১৯৮৩ সালের ১ মার্চ থেকে ২০২২ সালের ২৫ মে অবসর গ্রহণ পর্যন্ত প্রায় ৩৮ বছর অন্যের পরিচয়ে চাকরি করে সরকারি বেতন-ভাতা উত্তোলন করেন আকবর আলী।

তদন্ত শেষে ২০২৪ সালের ২১ এপ্রিল আকবর আলীকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন সাধন চন্দ্র সূত্র। পরের বছরের ১০ আগস্ট তার বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়।

মামলার বিচার চলাকালে আদালত ১৫ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করেন। আসামি পলাতক থাকায় আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাননি। যুক্তিতর্ক উপস্থাপন শেষে বুধবার আদালত তার বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন।