বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। আগামী ৩০ ডিসেম্বর প্রতিবেদন জমার নতুন দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১০০ বার পেছাল।
বুধবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এদিন প্রতিবেদন জমা দিতে পারেনি। পরে আদালত নতুন তারিখ নির্ধারণ করেন।
প্রসিকিউশন বিভাগের এসআই রোকনুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
যেভাবে চুরি হয় ৮ কোটি ১০ লাখ ডলার
২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি সুইফট কোডের মাধ্যমে জালিয়াতি করে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করা হয়। পরে এসব অর্থ ফিলিপিন্সে স্থানান্তর করা হয়।
তখন সংশ্লিষ্টদের ধারণা ছিল, দেশের অভ্যন্তরের কোনো একটি চক্রের সহায়তায় এ অর্থ পাচার করা হয়েছে।
এ ঘটনায় ওই বছরের ১৫ মার্চ রাজধানীর মতিঝিল থানায় মামলা করেন বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের তৎকালীন যুগ্ম পরিচালক জুবায়ের বিন হুদা। অর্থপাচার প্রতিরোধ আইনে করা ওই মামলায় সরাসরি কাউকে আসামি করা হয়নি।
মামলাটি তদন্ত করছে সিআইডি। তবে বারবার সময় নিয়েও এখন পর্যন্ত তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি সংস্থাটি।
ফিলিপিন্স থেকে উদ্ধার হয় দেড় কোটি ডলার
বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপিন্সের স্থানীয় মুদ্রা পেসোতে রূপান্তর করে তিনটি ক্যাসিনোতে পাঠানো হয়েছিল। এর মধ্যে একটি ক্যাসিনোর মালিকের কাছ থেকে দেড় কোটি ডলার উদ্ধার করে ফিলিপিন্স সরকার বাংলাদেশকে ফেরত দেয়। বাকি ৬ কোটি ৬৪ লাখ ডলারের কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিউ ইয়র্কের আদালতে আইনি লড়াই
চুরির তিন বছর পর ২০১৯ সালে অর্থ উদ্ধারের আশায় নিউ ইয়র্কের ম্যানহাটন সাদার্ন ডিস্ট্রিক্ট কোর্টে মামলা করে বাংলাদেশ ব্যাংক। ওই মামলা খারিজের আবেদন করে ফিলিপিন্সের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি)।
২০২২ সালের এপ্রিলে নিউ ইয়র্কের আদালত বাংলাদেশ ব্যাংকের মামলাটি খারিজ করে দেন। রায়ে বলা হয়, মামলাটি বিচারের জন্য ওই আদালতের পর্যাপ্ত এখতিয়ার নেই।
এরপর নিউ ইয়র্কের এখতিয়ারভুক্ত অন্য একটি আদালতে মামলা করা হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছিল।
আরও পড়ুন:







