বুধবার

২৫ নভেম্বর, ২০২৬ ১১ অগ্রহায়ণ, ১৪৩৩

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬ ১৫:৪০

শেয়ার

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
ছবি সংগৃহীত

দেশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। হালনাগাদ তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৫৭৪ জন, নারী ৬ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন এক হাজার ২৯৭ জন।

বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

নতুন ভোটার যুক্ত হয়েছেন ৪ লাখ ৫২ হাজার ১০৬ জন

আখতার আহমেদ জানান, হালনাগাদ ভোটার তালিকায় ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে নতুন করে ভোটার হয়েছেন ৪ লাখ ৫২ হাজার ১০৬ জন।

তিনি জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচনে এ ভোটার তালিকা ব্যবহার করা হবে।

আগের তালিকার তুলনায় ভোটার বেড়েছে

সর্বশেষ ভোটার তালিকায় দেশে মোট ভোটার ছিলেন ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। ওই তালিকায় পুরুষ ভোটার ছিলেন ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন এক হাজার ২৬৭ জন।

নতুন তালিকা অনুযায়ী, আগের তালিকার তুলনায় মোট ভোটার বেড়েছে ৪ লাখ ৫২ হাজার ১০৬ জন।