বুধবার

২৫ নভেম্বর, ২০২৬ ১১ অগ্রহায়ণ, ১৪৩৩

ট্রাকচালক হোসেন হত্যা: প্রথম দিনেই পেছাল হাসিনাসহ ৩৪ জনের সাক্ষ্যগ্রহণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬ ১৪:২৪

শেয়ার

ট্রাকচালক হোসেন হত্যা: প্রথম দিনেই পেছাল হাসিনাসহ ৩৪ জনের সাক্ষ্যগ্রহণ
ছবি সংগৃহীত

জুলাই আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে হত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ আসামির বিরুদ্ধে প্রথম দিনেই সাক্ষ্যগ্রহণ হয়নি। সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৭ ডিসেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত।

বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলমের আদালতে মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। এদিন মামলার বাদী ও নিহত হোসেনের মা মোসাম্মৎ রীনা বেগমসহ চারজন সাক্ষী আদালতে হাজির হন।

আসামিদের সবাইকে আদালতে হাজির করা যায়নি

কারাগারে থাকা সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানকে আদালতে হাজির করা হয়। তবে কারাগারে থাকা অন্য ছয় আসামিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করেনি কারা কর্তৃপক্ষ। এ কারণে সাক্ষ্যগ্রহণ সম্ভব হয়নি।

পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ৭ ডিসেম্বর ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন জুনাইদ আহমেদ পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী।

এর আগে গত ২৬ অক্টোবর শেখ হাসিনাসহ ৩৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন একই আদালত।

মামলার অন্য আসামিরা

এ মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান।

এ ছাড়া সাবেক কাউন্সিলর আসিফ আহম্মেদ ও তারেকুজ্জামান রাজিব, শেখ বজলুর রহমান, নুর মোহাম্মদ সেন্টু, তোফায়েল সিদ্দিক ওরফে তুহিন, রহমান মিয়া ওরফে এ কে এম অহিদুর রহমান, পলাশ, ওলিউর রহমান, খলিলুর রহমান, ইমন, এস এম রিয়াজুল হক তামিম, মাসুদুর রহমান বিপ্লব, আব্দুস সাত্তার ভূইয়া ওরফে এম এ সাত্তার, পারভেজ ওরফে গোলডেন পারভেজ, সুমন মিয়া ওরফে কাইল্লা সুমন, মিলন হোসেন, সোহেল ওরফে ভূইয়া সোহেল ওরফে বুনিয়া সোহেল, সলিম উল্লাহ সলু, ইরফান, মুহাম্মদ বদিউল আলম ওরফে বদিউজ্জামান, ফুরকান হোসেন, শাহজাহান খান, সাজ্জাদ হোসেন, ফারুক হোসেন অভি ও নাইমুল হাসান রাসেল এ মামলার আসামি।

যেভাবে হত্যা করা হয় হোসেনকে

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই জুলাই আন্দোলনের সময় মোহাম্মদপুরে গুলিবিদ্ধ হয়ে মারা যান ট্রাকচালক হোসেন। এ ঘটনায় সাজ্জাদ ও শাহিন নামে আরও দুজন আহত হন।

ছেলের মৃত্যুর ঘটনায় ২০২৪ সালের ৩১ আগস্ট শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করে মোহাম্মদপুর থানায় মামলা করেন তার মা মোসাম্মৎ রীনা বেগম।

তদন্ত শেষে মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আকরামুজ্জামান গত বছরের ২৩ নভেম্বর শেখ হাসিনাসহ ৩৪ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন।