ডিসেম্বরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে দেশের অভ্যন্তরীণ ও সীমান্ত নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সম্ভাব্য নাশকতা, ঝটিকা মিছিল, অবৈধ অনুপ্রবেশ ও সহিংসতা ঠেকাতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। সীমান্তের ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত বিজিবি মোতায়েনের পাশাপাশি আধুনিক নজরদারি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
বেনাপোল সীমান্তে বাড়তি নজরদারি
শেখ হাসিনার মুখপাত্রের দাবি, আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে তিনি সরকারের কাছে বাংলাদেশের একটি বিমান চেয়েছেন। তবে সরকারের একাধিক মন্ত্রী ও উপদেষ্টা এ দাবি প্রত্যাখ্যান করেছেন। এ পরিস্থিতিতে ডিসেম্বরকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যাতে কোনো ধরনের অপতৎপরতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারেন, সে জন্য নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
যশোরের বেনাপোল চেকপোস্ট ও আশপাশের সীমান্ত এলাকায় অতিরিক্ত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। বৈধ পাসপোর্টধারী যাত্রীদের তথ্যও নিবিড়ভাবে যাচাই করা হচ্ছে। সীমান্তের ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা, ড্রোন, অ্যান্টি-ড্রোন ব্যবস্থা ও সার্চলাইট।
পাশাপাশি সীমান্তবর্তী গ্রামগুলোতে মাইকিং করা হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধি, চৌকিদার ও দফাদারদের সম্পৃক্ত করে রাতের পাহারা জোরদার করা হয়েছে, যাতে সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঘটতে না পারে।
দেশজুড়ে বিজিবি ও পুলিশের বিশেষ নজরদারি
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের জানান, শেখ হাসিনা কোনো সাধারণ বাণিজ্যিক যাত্রী নন। আইনি প্রক্রিয়ায় প্রত্যর্পণ ছাড়া অথবা কঠোর নজরদারি ও হাতকড়া পরানো ছাড়া তাকে দেশে ফিরতে দেওয়া হবে না।
আরেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, বাংলাদেশের কোনো দূতাবাসে শেখ হাসিনা গেলে সেখানেই তাকে গ্রেপ্তার করা হবে।
এদিকে সম্ভাব্য নাশকতা ও অস্থিতিশীলতা ঠেকাতে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, গোপালগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজারে বিজিবির ১০১ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গোপালগঞ্জে আলাদাভাবে মোতায়েন করা হয়েছে দুই ব্যাটালিয়ন। বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার সরাসরি ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির পুলিশ সদস্যদের কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও নাশকতাবিরোধী বিশেষ অভিযান চলছে।
স্পর্শকাতর জেলায় যৌথ বাহিনীর অভিযান
গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরসহ স্পর্শকাতর জেলাগুলোতে কাজ করছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পুলিশ ও বিজিবির সঙ্গে সমন্বয় করে যৌথ টহল পরিচালনার পাশাপাশি গুজব ও সহিংসতা প্রতিরোধে কাজ করছে বাহিনীটি।
গোপালগঞ্জসহ অস্থিরতাপ্রবণ এলাকাগুলোর নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।
এসআরবি-৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানিয়েছেন, ডিসেম্বর ও জানুয়ারিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের গুজব ছড়ানো হলেও জনগণের আতঙ্কিত হওয়ার কারণ নেই। যৌথ বাহিনী সার্বক্ষণিক মাঠে রয়েছে।
ভারত-বাংলাদেশ সীমান্তে তিন স্তরের টহল
ভারতে অবস্থানরত মামলার আসামি ও রাজনৈতিক নেতাকর্মীরা যাতে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে দেশে প্রবেশ করতে না পারেন, সে জন্য ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে।
বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী আখাউড়া, কুমিল্লা ও ফেনীর বিলোনিয়া সীমান্ত পরিদর্শন করেছেন। এ সময় বিতর্কিত বা অভিযুক্ত কোনো ব্যক্তি যাতে দেশে প্রবেশ করতে না পারেন, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
রংপুর বিভাগের উত্তর-পশ্চিম রিজিয়নের আওতাধীন পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রামের প্রায় এক হাজার ৬৬৯ কিলোমিটার সীমান্তজুড়ে টহল জোরদার করা হয়েছে।
একইভাবে ফেনীর বিলোনিয়া ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে তিন স্তরের টহলব্যবস্থা চালু করা হয়েছে। এ ছাড়া দেশের নয়টি জেলায় ৫৩ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন:







