মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর)। এদিন সন্ধ্যা ৭টায় ১১২ কর্মী নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইটটি ছেড়ে যাবে। সম্পূর্ণ বিনা খরচে এসব কর্মী মালয়েশিয়া যাচ্ছেন।
মঙ্গলবার বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
প্রথম ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্লাইটের ১১২ কর্মী মালয়েশিয়ার ডিএইচএল প্রতিষ্ঠানে কাজে যোগ দিতে যাচ্ছেন। তাদের যাতায়াতসহ যাবতীয় ব্যয় বহন করবে নিয়োগদাতা প্রতিষ্ঠান।
এর আগে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, মালয়েশিয়ায় মোট ১০ হাজার কর্মীকে বিনা খরচে পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছে। তাদের মধ্যে এক হাজার কর্মী হবেন গুম-খুনের শিকার পরিবার এবং জুলাই আন্দোলনে অবদান রাখা ব্যক্তিদের মধ্য থেকে।
প্রধানমন্ত্রী আরও বলেছিলেন, স্বৈরাচারের আমলে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেটের কারণে অনেক দেশ বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দিয়েছিল। বর্তমান সরকার সেই পরিস্থিতি পরিবর্তনে কাজ করছে।
এ ছাড়া প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া সহজ করা এবং হুন্ডি প্রতিরোধেও সরকার কাজ করছে বলে জানিয়েছিলেন তিনি।
তবে প্রথম ফ্লাইটের পর বাকি কর্মীদের মালয়েশিয়া যাওয়ার সময়সূচি এখনো জানা যায়নি।
আরও পড়ুন:







