পলাতক আসামির পক্ষে এয়ারক্রাফট চাওয়ার ঘটনা পৃথিবীতে বিরল বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। শেখ হাসিনাকে দেশে ফেরাতে বাংলাদেশ সরকারের কাছে বিমান চাওয়ার বিষয়টিকে তিনি হাস্যকর ও অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন।
মঙ্গলবার চিফ প্রসিকিউশনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এর আগে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য দিল্লি থেকে ঢাকায় ফেরার আকাশপথের ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর বলেন, ৫ আগস্ট থেকে শেখ হাসিনা পলাতক রয়েছেন। একজন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি ফেরারি জীবনযাপন করার পরও বাংলাদেশ সরকারের কাছে এয়ারক্রাফট চাচ্ছেন এবং তার একজন মুখপাত্র বিষয়টি বিবৃতি দিয়ে প্রচার করছেন। তার মতে, এ ধরনের দাবি হাস্যকর।
আমিনুল ইসলাম বলেন, ‘তিনি ৫ আগস্ট থেকে পলাতক আছেন। একজন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি যিনি ফেরারি জীবনযাপন করছেন, তিনি বাংলাদেশ সরকারের কাছে এয়ারক্রাফট চাচ্ছেন এবং তার জনৈক মুখপাত্র এটি বিবৃতি আকারে প্রচার করছেন, এটি একটি হাস্যকর ঘটনা। আমি মনে করি যে, এয়ারক্রাফট চাওয়ার যে বিষয়টি যে মুখপাত্র, যিনি এই দাবি করেছেন, এই বিবৃতিটা তার উন্মাদনা ছাড়া কিছু না।’
তিনি আরও বলেন, ‘কারণ হচ্ছে, একজন পলাতক আসামির পক্ষে অন্য কেউ এয়ারক্রাফট চাওয়ার ঘটনা পৃথিবীতে বিরল দাবি। অতএব এ ধরনের দাবি মোটেও গ্রহণযোগ্য হতে পারে না।’
এর আগে মঙ্গলবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন শেখ হাসিনা। দেশে ফেরার নির্দিষ্ট তারিখ জানানোর ঘটনা এবারই প্রথম বলে উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের পাশাপাশি বাতিল হওয়া পাসপোর্ট ও অন্যান্য নথি ফিরে পাওয়ার চেষ্টা করছেন শেখ হাসিনা। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে যাওয়ার পর এসব নথি বাতিল করা হয়। দেশে ফেরার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে দিল্লি থেকে ঢাকায় আকাশপথের ব্যবস্থা করার আহ্বানও জানিয়েছেন তিনি।
শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট যেহেতু বাংলাদেশের একটি বিমানে শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল, তাই এখন তিনি সরকারের কাছে দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য তার আকাশপথে যাতায়াতের ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছেন।’
তিনি আরও বলেন, ‘এ ধরনের পরিস্থিতিতে সংবিধানবহির্ভূতভাবে তাকে নির্বাসিত করা হয়। তাই ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তার বাংলাদেশে প্রত্যাবর্তন নিশ্চিত করা এখন সরকারের দায়িত্ব।’
এদিকে রয়টার্সের প্রতিবেদন প্রকাশের পর শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়। বাংলাদেশে আসতে হলে তাকে হাতকড়া পরা অবস্থায় বন্দী হিসেবেই আসতে হবে।
আরও পড়ুন:







