নোয়াখালীর স্বর্ণদ্বীপে সেনা, নৌ ও বিমানবাহিনীর যৌথ সামরিক মহড়ার চূড়ান্ত অনুশীলন পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে হেলিকপ্টারে সেখানে যাওয়ার কথা রয়েছে তাঁর। সফরে দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনীও ঘুরে দেখবেন তিনি।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।
প্রথমবার তিন বাহিনীর বিশেষ সামরিক মহড়া
জাহিদুল ইসলাম রনি জানান, স্বর্ণদ্বীপে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬-এর চূড়ান্ত অনুশীলন অনুষ্ঠিত হবে।
এতে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেবে।
প্রধানমন্ত্রী অনুশীলনস্থল ঘুরে দেখার পাশাপাশি তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন। এ সময় দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনীও দেখবেন তিনি।
বিকেলে ঢাকায় ফেরার কথা
সামরিক মহড়া পরিদর্শন শেষে মঙ্গলবার বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা ভূখণ্ড স্বর্ণদ্বীপে এই প্রথম কোনো সরকারপ্রধান তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া সরেজমিনে পরিদর্শনে যাচ্ছেন।
আরও পড়ুন:







