সোমবার

২৩ নভেম্বর, ২০২৬ ৯ অগ্রহায়ণ, ১৪৩৩

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না চীন: লিউ ইউইন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬ ২১:৩৯

শেয়ার

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না চীন: লিউ ইউইন
ছবি সংগৃহীত

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে চীন অটল রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির চার্জ দ্য অ্যাফেয়ার্স লিউ ইউইন। তিনি বলেছেন, বাংলাদেশের জনগণ নিজেদের দেশের বাস্তবতা ও প্রয়োজন অনুযায়ী উন্নয়নের পথ বেছে নেওয়ার অধিকার রাখে। চীন সেই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল।

সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) ১০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত একটি ব্লু পেপারের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সার্বভৌমত্বের প্রতি সমর্থন অব্যাহত থাকবে

লিউ ইউইন বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি চীনের সমর্থন অব্যাহত থাকবে। একই সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করবে বেইজিং।

তিনি বলেন, কোনো দেশের ওপর নিজেদের উন্নয়ন মডেল চাপিয়ে দিতে চায় না চীন। অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রেও কোনো ধরনের রাজনৈতিক শর্ত আরোপ করা হয় না। পারস্পরিক শ্রদ্ধা, সমতা ও উভয় দেশের স্বার্থকে গুরুত্ব দিয়ে সহযোগিতার সম্পর্ক এগিয়ে নিতে চায় বেইজিং।

চীনা এই কূটনীতিক আরও বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের সহযোগিতা কোনো তৃতীয় দেশকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে না। বরং অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের সহযোগিতা বাড়ানোর উদ্যোগকেও স্বাগত জানায় চীন।

কৌশলগত অংশীদারত্ব থেকে সহযোগিতা সম্প্রসারণ

বাংলাদেশ-চীন সম্পর্কের অগ্রগতির প্রসঙ্গ তুলে লিউ ইউইন বলেন, ২০১৬ সালে চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের বাংলাদেশ সফরের সময় দুই দেশের মধ্যে বিআরআই সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এরপর দুই দেশের সম্পর্ক ২০১৬ সালের কৌশলগত অংশীদারত্ব থেকে ২০২৪ সালে ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বে উন্নীত হয়েছে।

তিনি জানান, আগামী দিনগুলোতে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি ডিজিটাল যোগাযোগ, পরিবেশবান্ধব উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্যপ্রযুক্তি, শিক্ষা ও স্বাস্থ্য খাতেও সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

লিউ ইউইন আশা প্রকাশ করেন, দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দশকে আরও জোরালো হবে এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।