তৈরি পোশাক খাতের শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১৪ হাজার ৫০০ টাকার বেশি নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। তবে প্রস্তাবিত মজুরির সুনির্দিষ্ট অঙ্ক প্রকাশ করা হয়নি। মালিকপক্ষের প্রস্তাবে অসন্তোষ জানিয়েছেন শ্রমিক প্রতিনিধিরা। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে বড় ব্যবধান থাকায় মজুরি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।
চলমান আলোচনায় প্রস্তাবের অঙ্ক প্রকাশ নয়
সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
দুপুর ১২টার কিছু আগে বোর্ডের সভাকক্ষে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানোর বিষয়ে তৃতীয় দফার আলোচনা শুরু হয়। দীর্ঘ আলোচনা শেষে বিকেল সাড়ে ৪টায় সাংবাদিকদের ব্রিফ করেন বোর্ডের চেয়ারম্যান। তবে সভা তখনো চলমান থাকায় মালিকপক্ষের প্রস্তাবের সুনির্দিষ্ট অঙ্ক প্রকাশ করেননি তিনি।
সৈয়দ আজাদ সুবহানী জানান, সভায় সবার সিদ্ধান্ত অনুযায়ী মালিকপক্ষের প্রস্তাবিত নির্দিষ্ট অঙ্ক আপাতত প্রকাশ না করার সিদ্ধান্ত হয়েছে। আলোচনা শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব নয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, মালিকপক্ষ ১৪ হাজার ৫০০ টাকার বেশি মজুরির প্রস্তাব দিয়েছে। বিভিন্ন মাধ্যমে মালিকপক্ষের প্রস্তাব নিয়ে যে অঙ্কের আলোচনা হচ্ছিল, প্রকৃত প্রস্তাব তার চেয়েও বেশি।
তিনি বলেন, আগামী তিন-চারটি সভার কাজ এক দিনেই এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। মজুরি নির্ধারণের ক্ষেত্রে মূল্যস্ফীতি, মালিকপক্ষের সক্ষমতা এবং ছোট কারখানাগুলোর বাস্তব অবস্থা বিবেচনায় নেওয়া হচ্ছে।
দুই পক্ষের প্রস্তাবে বড় ব্যবধান
মালিকপক্ষের প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করেছেন শ্রমিক প্রতিনিধিরা। সভা শেষে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানান, মালিকপক্ষের প্রস্তাব তাদের পছন্দ হয়নি। একইভাবে শ্রমিকপক্ষের প্রস্তাবও মালিকদের মনঃপূত হয়নি। এ কারণে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে।
মালিকপক্ষের প্রস্তাবের সুনির্দিষ্ট অঙ্ক প্রকাশ না করলেও বাবুল আখতার বলেন, শ্রমিকপক্ষের দেওয়া প্রস্তাবের ধারেকাছেও মালিকদের প্রস্তাব নেই। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে ব্যবধান অনেক বেশি। তাই মালিকপক্ষের বর্তমান প্রস্তাব সংশোধন করা প্রয়োজন।
তিনি জানান, প্রয়োজনে সভা মুলতবি রেখে পরবর্তী সময়ে আবার বৈঠক করা হবে।
সভায় অংশ নেন দুই পক্ষের প্রতিনিধিরা
সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বাবুল আখতার, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন এবং বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশেদুল আলম রাজু।
মালিকপক্ষের প্রতিনিধিত্ব করেন গার্মেন্টস শিল্পের মালিক প্রতিনিধি এবিএম সামছুদ্দিন, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম-মহাসচিব আসিফ আইয়ুব, বিশেষজ্ঞ প্রতিনিধি হিসেবে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এবং বিজিএমইএর সিনিয়র অতিরিক্ত সচিব নূর মোহাম্মদ আমিন রাসেল।
এ ছাড়া নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমেদ সভায় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:







