সোমবার

২৩ নভেম্বর, ২০২৬ ৯ অগ্রহায়ণ, ১৪৩৩

ঢাবিতে ভর্তির আবেদনের সময় বাড়ছে, জানালেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬ ১৮:৩৬

শেয়ার

ঢাবিতে ভর্তির আবেদনের সময় বাড়ছে, জানালেন শিক্ষামন্ত্রী
ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদনের সময়সীমা আরও দুই দিন বাড়ানো হচ্ছে। আগামী ২৫ নভেম্বর আবেদন শেষ হওয়ার কথা থাকলেও ২৭ নভেম্বর পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সোমবার (২৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

ফেসবুক পোস্টে সময় বাড়ানোর ঘোষণা

ফেসবুক পোস্টে শিক্ষামন্ত্রী লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময়সীমা দুই দিন বৃদ্ধি করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু হয় ১১ নভেম্বর। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে আবেদন গ্রহণ শেষ হওয়ার কথা ছিল।

শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী, সময়সীমা দুই দিন বাড়ানো হলে ২৭ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটেও সময় বাড়ানোর বিষয়ে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।

ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষার সূচি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার নির্ধারিত সূচি হলো-

আইবিএ ইউনিটের পরীক্ষা ৫ ডিসেম্বর, বিজ্ঞান ইউনিটের ১২ ডিসেম্বর, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ১৯ ডিসেম্বর, চারুকলা ইউনিটের ২২ ডিসেম্বর এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।