২৪-এর জুলাই গণ-অভ্যুত্থান! দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসনের পতন ঘটাতে যে আন্দোলনে রাজপথে এক হয়েছিল নানা মত, পথ ও আদর্শের রাজনৈতিক শক্তিগুলো। ভিন্নতা ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের মধ্য দিয়েই এসেছিল এক ঐতিহাসিক মহাবিপ্লব। যে ঐক্যের শক্তি বদলে দিয়েছিল দেশের রাজনৈতিক বাস্তবতা।
কিন্তু সময়ের পরিক্রমায় রাজনৈতিক সংস্কার, জুলাই সনদ, সংবিধান সংশোধন এবং উচ্চকক্ষ-নিম্নকক্ষের প্রশ্নে ক্রমেই ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মধ্যে বাড়তে থাকে মতপার্থক্য। ঐক্যের জায়গায় তৈরি হতে থাকে দূরত্ব, আর পারস্পরিক বোঝাপড়ার জায়গায় দৃশ্যমান হয় রাজনৈতিক বিভাজন। রাজনৈতিক দলগুলোর এই মতবিরোধের সুযোগেই নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে থেকেই ফাটল
সমালোচনা রয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্যের মধ্যে তৈরি হতে থাকে বিরাট ফাটল। বিশেষ করে সংসদে উচ্চকক্ষ ও নিম্নকক্ষ গঠন, উচ্চকক্ষের আসন বণ্টন এবং সংবিধান সংস্কার পরিষদের ভূমিকা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত ও অন্যান্য রাজনৈতিক দলগুলোর অবস্থানে তৈরি হয় ভিন্নতার সুর।
পরবর্তীতে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করলে জামায়াত ও এনসিপির নেতৃত্বাধীন ১১ দলীয় জোট বিরোধীদল হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করে। এ সময় নির্বাচনে গণভোটের রায় পক্ষে গেলেও সেই রায় পুরোপুরি বাস্তবায়ন নিয়ে সরকার ও বিরোধীদলের মধ্যে ক্রমেই সৃষ্টি হতে থাকে রাজনৈতিক উত্তাপ।
শুধু তাই নয়, গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ কার্যদিবসে ওয়াকআউট করেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা।
এখানেই শেষ নয়, জুলাই সনদ কিংবা সংবিধান সংস্কারসহ সংসদের ভেতরে বিভিন্ন জাতীয় ইস্যুতে বারবার মুখোমুখি হয়েছে সরকার ও বিরোধী দল। সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন, বিরোধী দলের প্রতিনিধিত্ব এবং অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশসহ নানা ইস্যুতে সংসদে সরকার ও বিরোধীদলের মধ্যে তৈরি হয়েছে উত্তপ্ত পরিস্থিতি।
আর এই উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই বিরোধীদল হিসেবে সংসদে নিজেদের অবস্থান জানানোর পাশাপাশি রাজপথেও ধারাবাহিক কর্মসূচি পালন করে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার, এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিসহ ছয় দফা দাবি নিয়ে বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন প্রান্তে লংমার্চ করে জোটটি।
অপরদিকে, ফ্যাসিবাদবিরোধী এই রাজনৈতিক শক্তিগুলোর মধ্যকার ফাটল আরও গভীর করতে আগুনে ঘি ঢালার ভূমিকা রাখতে দেখা যায় দেশের সুশীল সমাজের অনেককেই।
নিষিদ্ধ আওয়ামী লীগের নতুন করে সক্রিয় হওয়ার চেষ্টা
আর এই পরিস্থিতির মধ্যেই রাজনৈতিক পাল্টাপাল্টি বক্তব্য, সংসদীয় বিরোধ এবং নানা ইস্যুতে মতপার্থক্য ক্রমেই বাড়িয়েছে ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মধ্যে রাজনৈতিক দূরত্ব। আর সেই দূরত্বের সুযোগ নিয়েই নতুন করে দেশের রাজনীতিতে মাথাচাড়া দিয়ে ওঠে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ।
শুধু তাই নয়, গুপ্ত ঝটিকা মিছিলের মধ্য দিয়ে শুরু হয় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের নতুন করে সক্রিয় হওয়ার চেষ্টা। এরপর বিভিন্ন সময়ে লকডাউন ও হরতালের কর্মসূচি দিয়ে ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগসহ নানা নাশকতার মাধ্যমে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করে দলটি।
সর্বশেষ গোপালগঞ্জে প্রকাশ্যে থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর পরপরই জেলাটিতে প্রকাশ্যে মিছিল বের করে দোকানপাট ভাঙচুর, স্থাপনা গুঁড়িয়ে দেয়া এবং সংসদ সদস্যদের বাড়িঘরে হামলার মতো ঘটনা সামনে আসে। ধারাবাহিক এসব সহিংসতা ও নাশকতার ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়, যা সরকারকেও নতুন করে ভাবিয়ে তোলে।
তারেক রহমানের ঐক্যের উদ্যোগ
এমন বাস্তবতায় রাজনৈতিক বিভেদ পেছনে ফেলে নতুন করে ঐক্যের উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রী । বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনের সমাপনী দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক সেই উদ্যোগেরই গুরুত্বপূর্ণ সূচনা বলে মনে করছে বিশ্লেষকরা। বৈঠক শেষে সংসদে দেয়া বক্তব্যেও দুজনই ফ্যাসিবাদবিরোধী ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
শুধু বক্তব্যেই সীমাবদ্ধ থাকেনি এই উদ্যোগ। সংসদ ও সংসদের বাইরের রাজনৈতিক দলগুলোকে একই মঞ্চে আনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। এরই ধারাবাহিকতায় জাতীয় সংলাপে বসতে বিরোধী দলগুলোকে আমন্ত্রণ জানিয়েছে বিএনপি। শুক্রবার (২৭ নভেম্বর) অথবা শনিবার (২৮ নভেম্বর) এই সংলাপ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা যায়। ঐকমত্য কমিশনে অংশ নেয়া রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের নিয়ে হতে পারে এই আয়োজন।
এদিকে, আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে সংবিধান সংশোধনের প্রয়োজন হলে সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধভাবে সেই উদ্যোগ নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার রংপুরে শহীদ আবু সাঈদ স্টেডিয়াম ও ইনডোর স্টেডিয়াম উদ্বোধন শেষে সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি।
এছাড়াও বিএনপির এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে জুলাইয়ের পক্ষের অন্যান্য রাজনৈতিক দলও। ইতোমধ্যে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে ফলোআপ বৈঠক হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেছে এনসিপির প্রতিনিধি দলও।
রাজনৈতিক মতপার্থক্য থাকবে, থাকবে নিজ নিজ দলের দাবি-দাওয়া ও রাজনৈতিক প্রতিযোগিতা। কিন্তু ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে একসঙ্গে লড়াইয়ের প্রশ্নে দলগুলোর মধ্যে রয়েছে নীতিগত ঐকমত্য। এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমানও সাম্প্রতিক এক বক্তব্যে আওয়ামী লীগ ও ভারতের আধিপত্যবাদী ভূমিকার বিরুদ্ধে কঠোর অবস্থান তুলে ধরেছেন।
সব মিলিয়ে জুলাইয়ের রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিল যে রাজনৈতিক শক্তিগুলো, সময়ের ব্যবধানে তাদের মধ্যেই তৈরি হয়েছিল দূরত্বের কালো মেঘ। মতপার্থক্য, রাজনৈতিক বিরোধ আর নানা ইস্যুতে সেই দূরত্ব ক্রমেই হয়েছে দৃশ্যমান। কিন্তু নতুন রাজনৈতিক বাস্তবতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেই দূরত্ব ঘুচিয়ে আবারও এক টেবিলে বসার উদ্যোগ দৃশ্যমান হচ্ছে। ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য পুনর্গঠনের এই উদ্যোগ জাতীয় রাজনীতির জন্য এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হতে পারে বলে মত বিশ্লেষকদের।
আরও পড়ুন:







