দক্ষিণ এশিয়ার রাজনীতিতে, ২০২৪ সালের আগস্ট মাসের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে, দৃশ্যপটটাই যেন এক চমকপ্রদ বাস্তবতায় রূপ নিয়েছে। এর আগে, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত, দীর্ঘ ১৭ বছর বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো ও পররাষ্ট্রনীতিতে একতরফা প্রভাব এবং অসম সম্পর্কের অভিযোগ রয়েছে বিরোধী রাজনৈতিক দল, নাগরিক সমাজের প্রতিনিধি ও সমালোচকদের।
রাজনীতিবিদ ও সমালোচকদের দাবি, তৎকালীন শাসনামলে বন্দর ব্যবহার, ট্রানজিট, বিদ্যুৎ ও জ্বালানি চুক্তি থেকে শুরু করে কৌশলগত অনেক সিদ্ধান্তেই নয়াদিল্লি একতরফাভাবে নানা সুবিধা আদায় করেছে এবং ভারতের স্বার্থকেই অগ্রাধিকার দেওয়া হয়। অথচ, তিস্তার মতো অভিন্ন নদীর ন্যায্য হিস্যা কিংবা সীমান্ত সমস্যার মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বাংলাদেশ ন্যায্য পাওনা থেকে বঞ্চিত ও অমীমাংসিতই রয়ে গেছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।
গণঅভ্যুত্থানে ক্ষমতার কাঠামো ভেঙে যাওয়া
কিন্তু, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান সেই দীর্ঘদিনের ক্ষমতার কাঠামো ভেঙে দেওয়া হয়। গণঅভ্যুত্থানের তীব্র জনরোষ, প্রাণহানি, মানবাধিকার লঙ্ঘন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের মুখে স্বৈরাচার শেখ হাসিনা ২০২৪ সালের আগস্টে ক্ষমতা হারিয়ে দেশ ছাড়েন এবং পালিয়ে ভারতে আশ্রয় নেন।
পরবর্তীতে দেশের রাজনৈতিক পরিবর্তনের ধারাবাহিকতায় একাধিক অভিযোগে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার পদক্ষেপও সামনে আসে, যা দেশের রাজনীতিতে এক নতুন মোড় তৈরি করেছে। অন্যদিকে, বাংলাদেশকে একটি আলাদা, স্বতন্ত্র ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে দাঁড় করানোর প্রবণতা নিয়ে ব্যাপক আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে।
স্বৈরাচার শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার পর গড়ে ওঠা কৌশলগত হিসাব-নিকাশ নিয়ে নানা গুঞ্জন রয়েছে। আর ঠিক সেই প্রেক্ষাপটেই তাঁর পক্ষে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বিষয়ে তথ্য চেয়ে আইনি পরামর্শকদের আবেদনের পর নতুন করে আলোচনায় এসেছে ‘বাংলাদেশ-ভারত বন্দি প্রত্যর্পণ চুক্তি’ ও নয়াদিল্লির অবস্থান।
ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক সরলরেখায় চলেনি
ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত ঢাকা ও নয়াদিল্লির সম্পর্ক সরলরেখায় চলেনি বরং প্রকাশ্য বিবৃতি, পাল্টা দাবি ও কূটনৈতিক টানাপোড়েনের মধ্য দিয়ে গেছে। ভারতের পক্ষ থেকে বিভিন্ন সময় দাবি করা হয়েছে, নয়াদিল্লি বাংলাদেশে শান্তি, স্থিতিশীলতা এবং একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক প্রক্রিয়া দেখতে চায়, পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করে আসছে দেশটি। অন্যদিকে, ঢাকার দাবি, বাংলাদেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা ও সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে অতিরঞ্জিত প্রচারণা চালানো হচ্ছে, এবং ভারতের মাটিতে অবস্থান করে স্বৈরাচার শেখ হাসিনার দেওয়া বিবৃতি ও রাজনৈতিক তৎপরতা দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর বলছে বিশেষজ্ঞরা।
অভিযোগ রয়েছে, ২০২৪ সালের আগস্টের পর থেকে দেশের ভেতরে নানাভাবে অস্থিরতা ও মনস্তাত্ত্বিক চাপ তৈরির চেষ্টা দেখা গেছে। বিভিন্ন সময় সীমান্ত এলাকায় উত্তেজনা তৈরি, পার্বত্য অঞ্চল বা পাহাড়ে বিশৃঙ্খলা উসকে দেওয়া এবং ভারতের মাটিতে আশ্রয় নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষনেতাদের ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে নাশকতা, অগ্নিসংযোগ ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ তুলেছে রাজনৈতিক নেতাকর্মীরাও।
এর পাশাপাশি ভারতের কিছু রাজনৈতিক নেতা, সাবেক সামরিক কর্মকর্তা ও গণমাধ্যমের একাংশের বক্তব্যে বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা নিয়ে উসকানিমূলক মন্তব্য, নির্দিষ্ট কোনো অঞ্চল দখল বা বিচ্ছিন্ন করার হুমকি কিংবা আঞ্চলিক মানচিত্র বদলে দেওয়ার মতো আক্রমণাত্মক প্রচারণায় সরব থাকতে দেখা গেছে।
মনস্তাত্ত্বিক ও কৌশলগত চাপ তৈরির অভিযোগ
বিশেষজ্ঞদের দাবি, শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে দাবা বোর্ডের গুটি চালার মতো করেই যেন সীমান্তের ওপার থেকে নানা দিক দিয়ে মনস্তাত্ত্বিক ও কৌশলগত চাপ তৈরির চেষ্টা চলছে। ভিসা প্রক্রিয়ায় কড়াকড়ি, স্থলবন্দর ও বাণিজ্যে জটিলতা এবং আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টাকেও ২০২৪ পরবর্তী চাপের অংশ হিসেবে দেখছে বিশ্লেষকরা।
তবে নয়াদিল্লির দাবি হলো, এসব চরম বক্তব্য ভারতের সরকারি নীতি নয় এবং বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিরতায় জড়িত থাকার অভিযোগও ভারত বরাবরই অস্বীকার করে আসছে। চাপের মুখে নত না হয়ে বাংলাদেশও নিজের মতো করে হিসাব-নিকাশ ও পাল্টা কৌশল সাজাচ্ছে বলে রাজনীতিবিদদের দাবি। তারা বলছে, জনআকাঙ্ক্ষা ও গণঅভ্যুত্থানের বৈধতাকে সামনে রেখে জাতীয় স্বার্থে আপসহীন অবস্থান ধরে রাখার চেষ্টা চলছে।
দেশের ভেতরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, নাশকতা ও অগ্নিসংযোগের মতো তৎপরতা মোকাবিলা করা এবং সীমান্ত ও পার্বত্য অঞ্চলে নিরাপত্তা ও নজরদারি বাড়ানোর পাশাপাশি কূটনৈতিক অঙ্গনেও নতুন ভারসাম্য তৈরির কথা বলছে নিরাপত্তা বিশেষজ্ঞরা। ভৌগোলিক অখণ্ডতা বা সার্বভৌমত্ব নিয়ে যেকোনো উসকানিমূলক বক্তব্যের বিপরীতে কূটনৈতিক প্রতিবাদ জানানো এবং প্রতিরক্ষা ও আঞ্চলিক কৌশলে আত্মনির্ভরশীলতা বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে বলে দাবি ঢাকার।
একইসাথে একক কোনো দেশের ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে বৈশ্বিক ও আঞ্চলিক অন্যান্য অংশীদারদের সাথে বাণিজ্য, বিনিয়োগ ও কূটনৈতিক সম্পর্ক বিস্তৃত করা হচ্ছে বলে অর্থনীতি ও পররাষ্ট্র বিশ্লেষকদের দাবি, যাতে কোনো একক পক্ষের চাপ অর্থনীতি বা রাষ্ট্রীয় সিদ্ধান্তকে জিম্মি করতে না পারে।
কেন্দ্রবিন্দুতে ‘হাসিনা ইস্যু’
এই পুরো টানাপোড়েনের কেন্দ্রবিন্দুতে ‘হাসিনা ইস্যু’ রয়েছে বলে বলছে রাজনীতিবিদ ও বিশ্লেষকরা। গণঅভ্যুত্থানের সময়কার প্রাণহানি, মানবাধিকার লঙ্ঘন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দায়ীদের বিচারের আওতায় আনতে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জোরালো দাবি উঠেছে রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের পক্ষ থেকে।
আনুষ্ঠানিক কূটনৈতিক প্রক্রিয়ায় প্রত্যর্পণের দাবি জানানো হলেও, নয়াদিল্লি এ বিষয়ে কৌশলী নীরবতা ও বিলম্বের নীতি অনুসরণ করছে বলে কূটনৈতিক মহলে আলোচনা রয়েছে। ভারতের পক্ষ থেকে কখনও বলা হচ্ছে বিষয়টি আইনি ও কূটনৈতিক পর্যালোচনার অধীনে রয়েছে, কখনও বা মানবিক ও রাজনৈতিক আশ্রয়ের প্রসঙ্গ সামনে আসছে, কিন্তু বাস্তবে তাঁকে ফেরত পাঠানোর কোনো স্পষ্ট পদক্ষেপ দেখা যাচ্ছে না বলে সমালোচকদের দাবি।
আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা বিশ্লেষকদের মাঝে এমন গুঞ্জন রয়েছে যে, ভারত কেন শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে না, তার পেছনে গভীর রাজনৈতিক ছক ও কৌশলগত কারণ কাজ করছে। বিশেষজ্ঞদের একটি অংশের দাবি, দীর্ঘদিন ধরে ভারতের আঞ্চলিক নীতিতে যাঁরা ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ছিলেন, তাঁদের এভাবে ফেরত পাঠালে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে ভারতের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। এই আশঙ্কা নয়াদিল্লির নীতিনির্ধারকদের মধ্যে রয়েছে বলে ধারণা করা হয়।
পাশাপাশি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে প্রভাব বজায় রাখার জন্য একটি কৌশলগত দরকষাকষির কার্ড হিসেবেও এই অবস্থানকে ব্যবহার করার চেষ্টা থাকতে পারে বলে রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে। ফলে দ্বিপাক্ষিক চুক্তির নিয়ম বা আন্তর্জাতিক বাধ্যবাধকতার চেয়েও এখানে ভূ-রাজনৈতিক স্বার্থই বড় হয়ে উঠেছে বলে মনে করছে বিশ্লেষকরা।
বন্দি প্রত্যর্পণ চুক্তি ও আইনি জটিলতা
‘হাসিনা ইস্যু’ আলোচনায় এলেই যে চুক্তির কথা সামনে আসে, তা হলো ভারত-বাংলাদেশ বন্দী প্রত্যর্পণ চুক্তি, যা ২০১৩ সালে স্বাক্ষরিত হয়ে ২০১৬ সালে সংশোধিত হয়। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলছে, এর উদ্দেশ্য ছিল এক দেশে অভিযুক্ত বা দণ্ডিত ব্যক্তিকে অন্য দেশ থেকে আইনি প্রক্রিয়ায় ফিরিয়ে আনার পথ তৈরি করা।
কিন্তু বাস্তবে এই চুক্তি কার্যকর না হওয়ার পেছনে চুক্তির ভেতরের কিছু ধারা ও আইনি জটিলতাকে কাজে লাগানোর সুযোগ তৈরি হয় বলে আইনজ্ঞদের দাবি। বিশেষ করে চুক্তিতে ‘রাজনৈতিক প্রকৃতির অপরাধ’ বা ন্যায়বিচার সংক্রান্ত কিছু ব্যতিক্রমের ধারা রয়েছে, যেসবের ব্যাখ্যা টেনে আশ্রয়দাতা দেশ প্রত্যর্পণের অনুরোধ ঝুলিয়ে রাখতে বা বিলম্বিত করতে পারে বলে ধারণা করা হয়।
অভিযোগ রয়েছে, কাগজে-কলমে চুক্তির নিয়ম থাকলেও রাজনৈতিক সদিচ্ছার অভাবে এবং কৌশলগত স্বার্থের কারণে আইনি যাচাই-বাছাইয়ের অজুহাতে পুরো প্রক্রিয়াটিকে দীর্ঘায়িত করার কৌশল নেওয়া হচ্ছে। বিশ্লেষকদের দাবি, কোনো বদ্ধ কক্ষের ভেতর থেকে কষা হিসেব, সীমান্তের ওপার থেকে ছোড়া হুমকি কিংবা চালানো গুটি দিয়ে একটি জাতির আলাদা দাঁড়ানোর সংকল্পকে চিরতরে রুখে দেওয়া যায় না।
পুরোনো প্রভাব বলয়ের অন্ধকার ছায়া পেরিয়ে বাংলাদেশ নিজের স্বার্থ, ভৌগোলিক অখণ্ডতা, সার্বভৌমত্ব ও ন্যায্যতার নতুন আলোয় আলাদা করে সামনে এগিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা দেশপ্রেমিক ছাত্র-জনতার। সেইসাথে, যেকোনো ভাবেই হাসিনা দেশে আসলে, তাকে দ্রুত শাস্তির আওতায় আনার দাবি সবার।
আরও পড়ুন:







