সোমবার

২৩ নভেম্বর, ২০২৬ ৯ অগ্রহায়ণ, ১৪৩৩

ইউপি নির্বাচন সামনে রেখে তিন দিনের সংলাপে বসছে ইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬ ১৩:৩৭

শেয়ার

ইউপি নির্বাচন সামনে রেখে তিন দিনের সংলাপে বসছে ইসি
ছবি সংগৃহীত

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিন দিনব্যাপী সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। চলতি মাসের শেষ দিকে অথবা ডিসেম্বরের শুরুতে এ সংলাপ অনুষ্ঠিত হতে পারে। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপসহ নির্বাচনের আগের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে কমিশনের।

ইসি কর্মকর্তারা জানান, আগামী ২৯ বা ৩০ নভেম্বর থেকে সংলাপ শুরু হতে পারে। প্রয়োজনে ৩০ নভেম্বরের পরও সংলাপের প্রথম দিনের কার্যক্রম শুরু করতে পারে কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেসব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছিল, সেসব দলের পাশাপাশি পরবর্তী সময়ে নিবন্ধন পাওয়া দলগুলোকেও আলোচনায় আমন্ত্রণ জানানো হবে।

ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার পরিকল্পনা

কমিশনের পরিকল্পনা অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের নির্ধারিত তারিখের প্রায় ৪৫ দিন আগে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা তফসিল ঘোষণা করবেন।

ইসি কর্মকর্তারা জানান, বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ বা অনিবার্য পরিস্থিতি সৃষ্টি না হলে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আপাতত কোনো বাধা দেখছেন না তারা।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর সর্বাত্মক সহযোগিতা চাওয়া হবে। একই সঙ্গে সরকার, প্রার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতাও প্রয়োজন বলে মনে করছে কমিশন।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেসব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছে, সেসব দলের সঙ্গে তিন দিনের এই আলোচনা অনুষ্ঠিত হবে। এ ছাড়া পরবর্তী সময়ে নিবন্ধন পাওয়া দলগুলোর সঙ্গেও আলোচনা করা হবে।

তিনি বলেন, ইউপি নির্বাচনের জন্য ইসির সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপে ভোট হবে। ওই তারিখের প্রায় ৪৫ দিন আগেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

আব্দুর রহমানেল মাছউদ আরও বলেন, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের আচরণবিধি মেনে চলতে হবে। ভালো নির্বাচনের জন্য সরকার, রাজনৈতিক দল, প্রার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমান ভূমিকা প্রয়োজন। এই চারটি বিষয়ের ওপর সুষ্ঠু নির্বাচন নির্ভর করে।

তিনি জানান, ইউপি নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয়ভাবে এবং এলাকাভিত্তিক সভা করা হবে। নির্বাচন শুরু হলে ভোটারদের মধ্যে আগ্রহ তৈরি হবে এবং উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, চলতি মাসের মধ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার সিদ্ধান্ত রয়েছে কমিশনের। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সভা হবে। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাওয়া হবে।

পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচন

নির্বাচন কমিশন পাঁচ ধাপে দেশের ৫০৮টি উপজেলার ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচনের পরিকল্পনা করেছে। সম্প্রতি কমিশনের ওয়েবসাইটে কোন ইউনিয়ন পরিষদে কোন তারিখে ভোট হবে, তার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে।

তালিকা অনুযায়ী, প্রথম ধাপে ১২৭টি উপজেলার এক হাজার ৪২টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার এক হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১২০টি উপজেলার এক হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউপিতে ভোট হবে।

নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী, প্রথম ধাপের ভোট হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে।

এর আগে গত ১৬ নভেম্বর কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, ইউপি নির্বাচন শুরুর আগে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে ইসি। নভেম্বরের শেষ ভাগ অথবা ডিসেম্বরের শুরুতে নিবন্ধনের ক্রমিক অনুযায়ী তিন দিনে দলগুলোকে আলোচনায় আমন্ত্রণ জানানো হবে।

তিনি আরও জানিয়েছিলেন, স্থানীয় সরকার নির্বাচন কীভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে কমিশন।

সূত্র: বাসস