রবিবার

২২ নভেম্বর, ২০২৬ ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

বেতন বাড়ার সাথে সাথে বাড়ি ভাড়া বাড়ালেই কঠোর ব্যবস্থা: মীর শাহে আলম

মাসুদ রানা, সাভার প্রতিনিধি

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬ ২২:৪৫

আপডেট: ২২ নভেম্বর, ২০২৬ ২২:৪৭

শেয়ার

বেতন বাড়ার সাথে সাথে বাড়ি ভাড়া বাড়ালেই কঠোর ব্যবস্থা: মীর শাহে আলম
ছবি: বাংলা এডিশন

তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির পরপরই বাড়ি ভাড়া না বাড়াতে বাড়ির মালিকদের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। কোনো বাড়ির মালিক যদি শ্রমিকদের বেতন বাড়ার সাথে সাথে ভাড়া বৃদ্ধি করেন, তবে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভার মাধ্যমে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

রবিবার সন্ধ্যায় সাভার পৌরসভা কার্যালয়ে স্থানীয় শ্রমিক সংগঠনের নেতাদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিশ্চিতভাবেই বাড়ছে শ্রমিকদের বেতন

সভায় প্রতিমন্ত্রী বলেন, "নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠন নানা অজুহাতে দেশের গুরুত্বপূর্ণ খাতগুলোকে ধ্বংস করে অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা করছে। সাধারণত পাঁচ বছর পরপর শ্রমিকদের মজুরি বোর্ড গঠিত হলেও, অন্তর্বর্তীকালীন সরকারের বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী বর্তমান সরকার তিন বছরের মাথায় মজুরি বোর্ড গঠন করেছে এবং বোর্ড ইতোমধ্যে কাজ শুরু করেছে।"

তিনি আরও জানান, পোশাক শিল্পের মালিক ও শ্রমিক উভয় পক্ষের প্রস্তাব নিয়ে নিরপেক্ষ মজুরি বোর্ড কাজ করছে। আলোচনার মাধ্যমে মাঝামাঝি একটি বেতন কাঠামো নির্ধারণ করা হবে এবং শ্রমিকদের বেতন নিশ্চিতভাবেই বাড়বে।

বাড়ির মালিকদের প্রতি কঠোর সতর্কবার্তা

বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে মীর শাহে আলম বলেন, "অনেক শ্রমিক আমাদের কাছে দাবি জানিয়েছেন, বেতন যা-ই বাড়ুক তারা কাজে ফিরে যাবেন, কিন্তু বাড়ির মালিকরা যেন ভাড়া না বাড়ান। বেতন বৃদ্ধির সাথে সাথে ভাড়া বাড়িয়ে দিলে শ্রমিকরা আবারও দিশাহারা হয়ে পড়বেন।"

মানবিক দিক বিবেচনা করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, "মহান আল্লাহ আপনাদের আর্থিকভাবে সচ্ছল করেছেন, আপনারা বাড়ি বানিয়ে সাধারণ শ্রমিকদের ভাড়া দিয়ে আয় করেন। দয়া করে বেতন বৃদ্ধির পরপরই ভাড়া বাড়াবেন না। এরপরও কেউ ভাড়া বাড়ালে জেলা প্রশাসক, সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে আমি স্পষ্ট জানিয়ে দিচ্ছি—ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং পৌরসভা থেকে ওইসব বাড়ির মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

প্রশাসনকে নির্দেশনা ও সারা দেশে আহ্বান

আগামী এক-দুই দিনের মধ্যে বাড়ির মালিকদের সাথে আলাদাভাবে বসে এ বিষয়ে অনুরোধ জানাতে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসক, পৌর প্রশাসক এবং সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামকে নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

শুধু সাভার নয়, গাজীপুর, আশুলিয়া, ভালুকা, টঙ্গী, নারায়ণগঞ্জ, হেমায়েতপুর, কেরানীগঞ্জ ও কালিয়াকৈরসহ দেশের সকল পোশাক শিল্প এলাকার বাড়ির মালিকদের প্রতিও একই অনুরোধ জানান তিনি।

বক্তব্য দিতে না পেরে শ্রমিক নেতাদের ক্ষোভ

এদিকে মতবিনিময় সভায় অংশ নেওয়া শ্রমিক নেতাদের কথা না শুনেই অতিথিরা চলে যাওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন উপস্থিত নেতারা। বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু ক্ষোভ প্রকাশ করে বলেন, "মতবিনিময় করার জন্য আমাদের জরুরিভাবে তলব করা হয়েছিল। আমরা দূর-দূরান্ত থেকে কষ্ট করে এসেছি। কিন্তু প্রতিমন্ত্রী বা সংশ্লিষ্টরা আমাদের কোনো কথা না শুনেই শুধু নিজেরা বক্তব্য দিয়ে চলে গেলেন। তাহলে আর এই মতবিনিময় সভার লাভ কী হলো?"

মতবিনিময় সভায় স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম, সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌরসভার প্রশাসক মো. সাইফুল ইসলাম, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল আলমসহ স্থানীয় রাজনৈতিক ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।