সম্প্রতি, দেশে বেশ কয়েকজন চিহ্নিত আওয়ামী সুবিধাভোগী, নিরপেক্ষতার আড়ালে আওয়ামী বয়ান প্রতিষ্ঠার চেষ্টা করছে। যাদের একজন আনিস আলমগীর। আওয়ামী লীগের সময় দেশে গুম, খুন, লুটপাটের ভয়াবহ পরিস্থিতির মাঝেও যিনি ব্যস্ত ছিলেন জিয়াউর রহমান, তারেক রহমান, খালেদা জিয়ার সমালোচনায়। অথচ, তিনি এখন নিজেকে নিরপেক্ষ হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছেন। এমনকি মাঝেমধ্যে তারেক রহমানের প্রশংসা করে পোস্ট দিচ্ছেন। অথচ তার অতীত ইতিহাস বলছে ভিন্ন কথা।
তারেক রহমানকে নিয়ে পুরনো কলামের সমালোচনা
আমাদের সময় ডটকমে ২০২২ সালের সোমবার (৮ আগস্ট) প্রকাশিত ‘বিএনপি জনগণের কথা বলে না’ শিরোনামের লেখায় তারেক রহমানের নেতৃত্বে বিএনপির ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা নিয়ে কটাক্ষ করেছিলেন সাংবাদিক আনিস আলমগীর। এর আগে বাংলা ট্রিবিউনে ২০১৭ সালের মঙ্গলবার (১৮ এপ্রিল) প্রকাশিত ‘কওমি সনদ, গ্রিক মূর্তি ও পহেলা বৈশাখ’ কলামে কওমি সনদের স্বীকৃতি দেয়ার উদ্যোগকে শেখ হাসিনার ‘উত্তম সিদ্ধান্ত’ বলে প্রশংসা করেন আনিস।
একইভাবে, সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের বীরত্বের খেতাব নিয়ে ঢাকা ট্রিবিউনে ২০২১ সালের শনিবার (১৩ ফেব্রুয়ারি) প্রকাশিত ‘Should Ziaur Rahman’s gallantry title be revoked?’ শিরোনামের কলামে আনিস লেখেন, শেখ মুজিবের আত্মস্বীকৃত খুনিদের পাশাপাশি, জিয়াউর রহমানের নামও ছিল খেতাব বাতিলের সুপারিশের তালিকায়। খেতাব বাতিল হলে তাঁদের পরিবারের সদস্যরা রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাবে না। তিনি ওই কলামে আরও লেখেন, সরকার চাইলে জিয়ার ‘বীর উত্তম’ খেতাব প্রত্যাহার করতে পারে।
ঢাকা ট্রিবিউনের একই কলামে শেখ মুজিব হত্যা মামলায় মেজর জিয়ার নাম না থাকার ব্যাখ্যা দিয়ে আনিস বলেন, জিয়া তখন মারা গিয়েছিলেন। বাংলাদেশের আইনে মৃত ব্যক্তির বিচার হয় না। অর্থ্যাৎ আনিসের লেখা অনুযায়ী, মেজর জিয়া জীবিত থাকলে শেখ মুজিব হত্যার দায়ে তারও বিচার হতো, এমন ইঙ্গিত পাওয়া যায়।
জিয়াউর রহমানকে নিয়ে আনিসের দাবি
শুধু এখানেই শেষ নয়। ২০২১ সালের শনিবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকা ট্রিবিউনে প্রকাশিত ওই কলামে মেজর জিয়া ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মুক্তিযুদ্ধ করেছিলেন বলেও দাবি করেন আনিস। মেজর জিয়া স্বাধীনতার ঘোষক নয় দাবি করে আনিস আলমগীর বলেন, বিএনপি তাঁকে স্বাধীনতার ঘোষক হিসেবে প্রমাণ করতে পারেনি। ১৯৭৫ সালের নভেম্বরের পর ক্ষমতার কেন্দ্রে এসে, নিজের রাজনৈতিক স্বার্থে আওয়ামী লীগবিরোধী সব শক্তিকে একত্র করেন জিয়া। আনিসের ভাষ্যে নেতিবাচকভাবে উঠে আসে, জিয়া ‘জয় বাংলা’ বদলে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ করেন। ‘বাঙালি জাতীয়তাবাদ’-এর জায়গায় আনেন ‘বাংলাদেশি জাতীয়তাবাদ।
ঢাকা ট্রিবিউনের একই লেখায় স্বাধীনতাবিরোধীদের সংগঠিত হওয়ার সুযোগ দেয়ার প্রসঙ্গ উল্লেখ করে, জিয়াউর রহমানকে দায়ী করেন আনিস। তিনি লেখেন, পাকিস্তানফেরত সামরিক কর্মকর্তাদের নিয়ে জিয়া বিএনপি গঠন করেন। মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে নিয়ে জিয়া যেভাবে রাজনীতি করেছিলেন, বিএনপিও সেই পথেই এগোচ্ছে বলে ওই কলামে মন্তব্য করেন তিনি।
তারেক রহমানকে খুনি ও জুয়াখোর বলা
এদিকে, জাগোনিউজ ২৪-এ ২০২২ সালের বৃহস্পতিবার (২৫ আগস্ট) প্রকাশিত ‘তারেক জিয়া, সিনহা ও কথিত আয়নাঘর’ শিরোনামের কলামে আদালতের তৎকালীন রায়ের ভিত্তিতে আনিস, তারেক রহমানকে ‘খুনি’ হিসেবে তুলে ধরেছেন। তারেক আইনি প্রক্রিয়ায় নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারলে, ওই শব্দ আর ব্যবহার করবেন না বলেও লিখেছিলেন তিনি। একই কলামে তাঁর রাজনৈতিক মূল্যায়ন ছিল, তারেক রহমান বিএনপির সম্ভাবনা শেষ করছেন।
বিএনপিকে নিয়ে থেমে ছিল না আনিসের কলাম। আমাদের সময় ডটকমে ২০২২ সালের সোমবার (৮ আগস্ট) প্রকাশিত ‘বিএনপি জনগণের কথা বলে না’ শিরোনামের লেখায় আনিস, তারেক রহমানকে খুনি ও পলাতক সম্বোধন করে বলেন, লন্ডনে পলাতক খুনি নেতাকে দিয়ে রাষ্ট্রক্ষমতায় আসা সম্ভব নয়। বিরোধীরা তাঁর এ তিতা কথা সহ্য করতে না পেরে তাঁকে সরকারের দালাল বলবে বলেও লেখেন তিনি। ওই একই লেখায় নির্বাচন নিয়ে তারেক রহমানের বিষয়ে বলেন, তাদের নেতা নমিনেশন বিক্রি করা টাকায় লন্ডনে জুয়া খেলবে, দেশের জনগণকে নিঃশেষ করবে।
আমাদের সময় ডটকমে ২০২২ সালের শনিবার (১৫ অক্টোবর) প্রকাশিত ‘ফকা-সাকার প্রেতাত্মার কবলে বিএনপি!’ শিরোনামের আরেকটি লেখায় চট্টগ্রামে বিএনপির এক সমাবেশ নিয়ে আনিস প্রশ্ন তোলেন, সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলের বক্তব্য নিয়ে। আনিসের বর্ণনা অনুযায়ী, ওই সমাবেশে সালাউদ্দিনের ছেলে বলেন, আওয়ামী লীগ ক্ষমতা হারালে, যাঁদের যুদ্ধাপরাধের বিচার করেছে, তাঁদের বাড়ি বাড়ি গিয়ে ক্ষমা চাইতে হবে। তাঁর আপত্তির কেন্দ্রে ছিল যুদ্ধাপরাধের বিচার নিয়ে, সালাউদ্দিন কাদেরের ছেলের ওই বক্তব্য। আনিসের দাবি, সালাউদ্দিন কাদের চৌধুরী বিএনপিতে যোগ দেয়ার পর, চট্টগ্রামে দলীয় কোন্দল বেড়েছিল।
আমাদের সময় ডটকমে ২০২২ সালের সোমবার (২৯ আগস্ট) প্রকাশিত ‘দেশে আধুনিক চিন্তার সুশিক্ষিত লোকদের নিয়ে ইসলামী ধারার রাজনৈতিক দলের অভাব আছে’ শিরোনামের লেখায় জামায়াতকে সুসংগঠিত দল হিসেবে বর্ণনা করে আনিস লিখেছিলেন, দলটি বিএনপিকে ছাড়াই চলতে পারে। একাত্তরের ভূমিকার জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়ে, নতুন নিবন্ধন নিয়ে রাজনীতি শুরুর পরামর্শ দিয়েছিলেন জামায়াতকে। একই লেখায় তারেক রহমানের নেতৃত্বে বিএনপির কোনো লাভ নেই বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াত ও জঙ্গি প্রসঙ্গে আনিসের অবস্থান
এছাড়া, জাগো নিউজ ২৪-এ ২০২০ সালের বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রকাশিত ‘বাংলাদেশে ধর্মীয় মৌলবাদ বাড়ছে যে কারণে’ শিরোনামের লেখায় বিএনপি–জামায়াত জোট সরকারের আমলে জঙ্গিদের প্রশ্রয় পাওয়ার অভিযোগ তুলে ধরেন আনিস। জেএমবির বাংলা ভাই ও শায়খ আবদুর রহমানের উত্থানকে ওই সময়ের উদাহরণ হিসেবে আনেন তিনি। আওয়ামী লীগ সরকারের জঙ্গি দমনের প্রশংসা করেন। একইসঙ্গে হেফাজতঘনিষ্ঠ ইসলামপন্থী গোষ্ঠীর সঙ্গে সেই সরকারের রাজনৈতিক সমঝোতার অভিযোগও উল্লেখ করেন।
কোটা সংস্কার, সমকামিতা, হেফাজতসহ বিভিন্ন বিষয়ে বিতর্কিত কথা বলার কারণে, সেসময় থেকেই সমালোচিত আনিস আলমগীর। বাংলা ট্রিবিউনে ২০১৭ সালের মঙ্গলবার (১৮ এপ্রিল) প্রকাশিত ‘কওমি সনদ, গ্রিক মূর্তি ও পহেলা বৈশাখ’ শিরোনামের কলামে দাওরায়ে হাদিসের সনদ স্বীকৃতি দিয়ে কওমি শিক্ষার্থীদের রাষ্ট্রের মূল স্রোতে আনার উদ্যোগকে শেখ হাসিনার ‘উত্তম সিদ্ধান্ত’ বলেছিলেন আনিস। একই কলামে ২০১৩ সালের পাঁচ মের কর্মসূচিতে হেফাজতকে স্বাধীনতাবিরোধী রাজনৈতিক শক্তির হাতিয়ার হিসেবে বর্ণনা করেন।
সেইসাথে, আমাদের সময় ডটকমে ২০২৪ সালের বুধবার (২৪ জানুয়ারি) প্রকাশিত ‘আমাদের প্রথম পরিচয় হোক লিঙ্গে কিংবা ধর্মে নয়, মানুষ হিসেবে’ শিরোনামের লেখায় মানুষের পরিচয়কে সবার ওপরে রাখার আহ্বান জানান আনিস আলমগীর। পাঠ্যবইয়ের ‘শরীফ থেকে শরিফা’ গল্পের সমালোচকদের বক্তব্যের বিরোধিতা করে মানুষকে শুধু নারী-পুরুষের পরিচয়ে নয়, ব্যক্তি হিসেবে দেখার কথা বলেন তিনি। যা স্পষ্টত এলজিবিটিকিউ ও সমকামিতা সমর্থন হিসেবে তুলে ধরে, আনিসের সমালোচনা করে অনেকেই।
সাম্প্রতিক সুর বদল ও অভিযোগ
এসবের বাইরে, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এক টকশোতে আনিস আলমগীর অভিযোগ করেন, বিএনপির লোকজন তাঁর পরিবারকে নির্যাতন করছে। তাঁর দাবি, তাঁরা থানার ওসিদেরও কিনে নিয়েছেন। ওসিদের সঙ্গে নিয়ে বিএনপি চাঁদাবাজি করে বলেও অভিযোগ করেন আনিস।
আওয়ামী ও অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বিএনপির বিরোধিতা করলেও, তারেক রহমানের দেশে ফেরার আভাস পেয়ে আনিস আলমগীরের সুর বদলে যায়। ড. মুহাম্মদ ইউনূসের সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, তারেক রহমানের সরকার যেন ইউনূস সরকারের মতো না হয়। ইউনূস সরকারকে ‘ডাস্টবিন সরকার’ বলেও উল্লেখ করেন তিনি।
সম্প্রতি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী কথিত ‘লকডাউন’ ঘিরে গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুরের পেছনে সাংবাদিক আনিস আলমগীরের উসকানি ছিল বলে অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে। গ্রামীণ ব্যাংকে আওয়ামী লীগের দুর্বৃত্তদের হামলার উসকানিদাতা হিসেবে, আনিস আলমগীরকে ‘অগ্নিসন্ত্রাসকারী’ হিসেবেও তুলে ধরেছে কেউ কেউ।
বিশ্লেষকদের একাংশের প্রশ্ন—আওয়ামী লীগ ও অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জিয়াউর রহমান, তারেক রহমান ও বিএনপির কঠোর সমালোচনা করা আনিস আলমগীর, বর্তমানে সুর বদলিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ন্যারেটিভ তৈরি করছে। যা কার্যত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বয়ান উৎপাদন।
আনিসের আগের লেখা ও সাম্প্রতিক বক্তব্যের এই ফারাক ক্ষমতাকেন্দ্রিক তোষামোদের প্রশ্নও সামনে আনছে। সাংবাদিকের অবস্থান কি তথ্য ও নীতির ভিত্তিতে নির্ধারিত হবে, নাকি ক্ষমতায় কে আছেন—সেই হিসাবে কৌশল বা আদর্শ বদলাবে? আর যা মূলত কারো ব্যক্তিগত লাভ-ক্ষতির হিসেব, রাষ্ট্র বা সাধারণ মানুষের মঙ্গল নয়।
আরও পড়ুন:







