রাজধানীর মোহাম্মদপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী ও কথিত হেরোইন সম্রাট ‘চাপা আরিফের’ চার সহযোগীকে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
রবিবার এসআরবি-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তাররা হলেন- মোহাম্মদ হাবিবুল ইসলাম রানা (৩২), মো. নাইম কাজী (৩২), মো. সাইদুর ইসলাম রাব্বী (৩০) ও মো. তানজীন খান জিসান (৩২)।
শনিবার (২১ নভেম্বর) ভোরে গোপন তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের পাবনা হাউজ গলিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে এসআরবি-২।
এ সময় তাদের কাছ থেকে ১টি .৩২ ক্যালিবারের বিদেশি রিভলভার, ৬ রাউন্ড তাজা গুলি, ৩৬০ গ্রাম হেরোইন এবং ৭৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।
মুবীন রহমান তাপস বলেন, পাবনা হাউজগলি এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে রানা ও নাইমের বিরুদ্ধ দুটি মামলার তথ্য পাওয়া গেছে।
তিনি বলেন, তাদের কাছ থাকা অস্ত্র দিয়ে ছিনতাই, চাঁদাবাজি ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
আরও পড়ুন:







