রবিবার

২২ নভেম্বর, ২০২৬ ৭ অগ্রহায়ণ, ১৪৩৩

সন্ত্রাসী সংগঠন হিসেবে আ. লীগকে তালিকাভুক্ত করার উদ্যোগের আহ্বান

নিজস্ব প্রতিবেদক বাংলা এডিশন

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬ ১৭:২৭

শেয়ার

সন্ত্রাসী সংগঠন হিসেবে আ. লীগকে তালিকাভুক্ত করার উদ্যোগের আহ্বান
ছবি সংগৃহীত

আওয়ামী লীগের ওপর জারি করা নির্বাহী নিষেধাজ্ঞাকে স্থায়ী আইনি কাঠামোয় রূপ দেয়া এবং দলটিকে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্তির উদ্যোগ নিতে সরকারের প্রতি দাবি জানানো হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী এ এস এম শাহরিয়ার কবিরের পাঠানো এক আইনি নোটিশে এই দাবি জানানো হয়। নির্বাহী আদেশের বদলে স্থায়ী আইন, বাংলাদেশ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার আইনি ভিত্তি আরও মজবুত করতে সরকারের প্রতি দাবি জানানো হয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রামের বাসিন্দা ও জুলাই যোদ্ধা মো. রবিউল করিমের পক্ষে পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়সহ মন্ত্রিপরিষদ বিভাগ এবং অ্যাটর্নি জেনারেল বরাবর নোটিশটি জারি করা হয়।

নির্বাহী আদেশ নিয়ে আশঙ্কা

আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে, গত বছরের শনিবার (১০ মে) গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে সন্ত্রাসবিরোধী আইনে দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হলেও, নোটিশদাতার মতে, তা মূলত নির্বাহী আদেশের ওপর দাঁড়িয়ে আছে। নোটিশে আশঙ্কা প্রকাশ করা হয়, কেবল নির্বাহী আদেশে দেয়া নিষেধাজ্ঞা ভবিষ্যতে আইনি চ্যালেঞ্জ বা রাজনৈতিক পটপরিবর্তনে বাতিল হওয়ার ঝুঁকি তৈরি করতে পারে।

তাই সংবিধানের ৩৮ অনুচ্ছেদ ও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, বিচারিক পর্যালোচনা ও রক্ষাকবচসহ একটি সুনির্দিষ্ট আইন বা অধ্যাদেশ জারির দাবি জানানো হয়েছে।

জুলাই-আগস্টের ঘটনার উদ্ধৃতি

নোটিশে ২৪-শের জুলাই-আগস্টের গণআন্দোলনে হতাহতের ঘটনা এবং জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার কার্যালয়ের তথ্যানুসন্ধান প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ওই আন্দোলনে প্রায় ১ হাজার চারশো মানুষ নিহত হন এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে। এর প্রেক্ষিতে ২০২৫ সালের শনিবার (১০ মে) সন্ত্রাসবিরোধী আইনের ১৮ বাই এক ধারায় দলটির সব কার্যক্রম নিষিদ্ধ করে সরকার এবং নির্বাচন কমিশন নিবন্ধন স্থগিত করে।

সহিংসতার অভিযোগ

নোটিশদাতার অভিযোগ, নিষেধাজ্ঞার পরও দেশ-বিদেশে দলটির নামে অর্থ সংগ্রহ ও সাংগঠনিক তৎপরতা চলছে। গণমাধ্যমের প্রতিবেদনের বরাতে নোটিশে গত মঙ্গলবার (১০ নভেম্বর) থেকে নড়াইল, ফরিদপুর, গোপালগঞ্জ ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনা তুলে ধরা হয়।

পাশাপাশি লন্ডনসহ বিদেশে বাংলাদেশি মিশন ঘিরে বিক্ষোভ ও সংঘর্ষের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। তবে নোটিশে এটিও স্পষ্ট করা হয়েছে, কোনো পক্ষের সহিংসতাই সমর্থনযোগ্য নয় এবং দলটির সদস্যদের বাড়িঘর বা কার্যালয়ে হামলার ঘটনাও সমানভাবে তদন্ত করে বিচার করতে হবে।

সুনির্দিষ্ট পদক্ষেপের আহ্বান

এতে, সরকারকে বেশ কিছু সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়েছে নোটিশে। এর মধ্যে রয়েছে, নিষিদ্ধ কার্যক্রমে অর্থায়ন ও সহায়তাকারীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের এবং সুপ্রিম কোর্টের কর্মরত বা অবসরপ্রাপ্ত বিচারকের নেতৃত্বে স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন। আর এই কমিটিকে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দেয়ার পাশাপাশি দলটি কোনো বিদেশি রাষ্ট্রের প্রক্সি হিসেবে কাজ করেছে কি না, তা খতিয়ে দেখার প্রস্তাব দেয়া হয়েছে।

এছাড়া, ওয়াশিংটন ডিসির দূতাবাসের মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে দলটিকে 'ফরেন টেরোরিস্ট অর্গানাইজেশন' হিসেবে তালিকাভুক্তির অনুরোধ পাঠানো এবং তদন্ত প্রতিবেদন জাতিসংঘে প্রেরণের উদ্যোগ নেয়ার দাবি জানানো হয়েছে।

নির্ধারিত সময়ে সন্তোষজনক জবাব ও পদক্ষেপ না নেয়া হলে, রবিবার (২২ নভেম্বর) হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করা হবে বলেও নোটিশে সতর্ক করা হয়েছে।