শনিবার

২১ নভেম্বর, ২০২৬ ৬ অগ্রহায়ণ, ১৪৩৩

সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬ ২২:৩৭

শেয়ার

সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ছবি সংগৃহীত

সন্ত্রাসীদের দেশে ফিরিয়ে আনতে পাসপোর্টের আবেদনের প্রয়োজন হয় না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে হ্যান্ডকাফ পরিয়ে কিংবা কঠোর নজরদারিতে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় সিলেট নগরীর দাড়িয়াপাড়ায় নিজের বাসায় আগুন দেওয়ার ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পলাতক অপরাধীদের আইনের আওতায় আনার হুঁশিয়ারি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে হুমায়ুন কবির বলেন, তার বিরুদ্ধে ফাঁসির রায় হয়েছে। আরও অনেক মামলা বিচারাধীন রয়েছে। তার জায়গা কোথায়, তা বাংলাদেশের জনগণ ও দেশের আইনের শাসনব্যবস্থা দেখিয়ে দিয়েছে।

তিনি বলেন, এ দেশের যেসব অপরাধী মানুষ হত্যা করে পালিয়ে গেছে, তাদের প্রত্যেককে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। যারা দেশের শাসনব্যবস্থা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার চেষ্টা করছিল, তাদেরও ধরা হবে এবং আইনের আওতায় আনা হবে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সম্পর্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ এখন আওয়ামী সন্ত্রাসী লীগ। তাদের নেত্রী দল ও পরিবার ধ্বংস করেছেন। এখানে যারা আছেন, তাদেরও ধ্বংস করা শুরু করেছেন।

বাসায় আগুন দেওয়ার ঘটনায় প্রতিমন্ত্রীর বক্তব্য

শুক্রবার ভোরে নিজের বাসায় আগুন দেওয়ার ঘটনা প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, তার বাসার গেটে আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে গেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, একটা বিড়ালও তো কিছুক্ষণ দাঁড়ায়, পরে দৌড় দেয়। এদের অবস্থা এমন হয়েছে—জয় বাংলা বলেই দৌড়, খোঁজ মেলে না।

তিনি আরও বলেন, জয় বাংলা জাতীয়ভাবে পালিয়ে যাওয়ার স্লোগান হিসেবে পরিচিত হয়েছে। সন্ত্রাসীদের কীভাবে মোকাবিলা করতে হয়, এ দেশের মানুষ ও সরকার তা জানে।

সরকার সহনশীলতা চর্চা করলেও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। বাংলাদেশে কোনো সন্ত্রাসীর স্থান নেই এবং আওয়ামী সন্ত্রাসীদেরও স্থান হবে না উল্লেখ করে এ বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথা জানান প্রতিমন্ত্রী।

সরকার কোনো চাপে নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পালিয়ে যাওয়া সন্ত্রাসীরা সন্ত্রাসের মাধ্যমে দেশে ফিরতে পারবে না বলে মন্তব্য করেন হুমায়ুন কবির। এসব কর্মকাণ্ডের কারণে সরকার কোনো চাপে পড়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার কোনো চাপে পড়েনি। সরকার কেন চাপে পড়বে?

তিনি আরও বলেন, জয় বাংলা স্লোগান পালিয়ে যাওয়ার স্লোগান। তারা নিজেরাই আতঙ্কিত। কয়েক সেকেন্ডের মধ্যে পালিয়ে যায়। তারা হয় দেশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে, না হয় ধরা পড়বে।