দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পথে প্রাথমিক অনিশ্চয়তা কাটিয়ে প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হয়েছে। একই সঙ্গে সেতুটির বিস্তারিত নকশা প্রণয়নের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।
শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সভাকক্ষে আয়োজিত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। যোগাযোগ খাতের পেশাদার সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোডের (আরআরআর) সদস্যদের তিন মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম ও পরিকল্পনা সম্পর্কে অবহিত করাই ছিল এর উদ্দেশ্য।
দ্বিতীয় পদ্মা সেতু প্রকল্পের অগ্রগতি তুলে ধরে শেখ রবিউল আলম বলেন, প্রকল্পটির অর্থায়ন নিয়ে শুরুতে কিছুটা অনিশ্চয়তা ছিল। তবে নির্বাচনী ইশতেহারে এটিকে অগ্রাধিকার প্রকল্প হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল। প্রধানমন্ত্রী বিষয়টি অবগত হওয়ার পর দ্রুততম সময়ে প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু করা হয়। পাশাপাশি এখন বিস্তারিত নকশা প্রণয়নের কাজেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
পাঁচ বছরে যোগাযোগ ব্যবস্থায় পরিবর্তনের আশা
যোগাযোগ খাতের উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, রেল, নৌ ও সড়ক পরিবহন খাতে সরকার ইতিমধ্যে যেসব প্রকল্প হাতে নিয়েছে, সেগুলো আগামী পাঁচ বছরে বাস্তবায়ন করা সম্ভব হলে দেশের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।
মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে শেখ রবিউল আলম বলেন, দায়িত্ব নেওয়ার পর গত নয় মাসে তিনি ও প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট খাতের বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত ধারণা নিয়েছেন। সরকারের গৃহীত উন্নয়ন প্রকল্পগুলো সফলভাবে বাস্তবায়ন করা গেলে যোগাযোগ ও অবকাঠামো খাতে মানুষের প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আরও পড়ুন:







