২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশের জন্মের ইতিহাসের সঙ্গে সশস্ত্র বাহিনীর ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত। সশস্ত্র বাহিনী জাতির আস্থার প্রতীক এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরী।
শুক্রবার (২০ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।
মুক্তিযুদ্ধে সম্মিলিত আক্রমণের সূচনা
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর মুক্তিযুদ্ধের চরম মুহূর্তে সেনা, নৌ ও বিমান বাহিনীর অকুতোভয় সদস্যরা সম্মিলিতভাবে দখলদার বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করেন। মুক্তিবাহিনী, আধাসামরিক বাহিনীর সদস্য ও দেশপ্রেমিক জনতা কাঁধে কাঁধ মিলিয়ে এই সমন্বিত আক্রমণে অংশ নেন। এর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের রণাঙ্গনের লড়াই নতুন মাত্রা লাভ করে।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তৎকালীন মেজর জিয়াউর রহমান ছিলেন সামরিক বাহিনীর একজন কর্মকর্তা। এটিও সশস্ত্র বাহিনীর ইতিহাসে অনন্য, গৌরবময় ও ঐতিহাসিক ঘটনা। ২১ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় প্রতিবছর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সব সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
আধুনিকায়নে সরকারের পদক্ষেপ
তারেক রহমান বলেন, নির্ভীক সাহসিকতা, শৌর্য ও শৃঙ্খলার মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী জাতির গর্বিত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ১৯৭১ সালের রণাঙ্গনে এ বাহিনীর সদস্যদের সাহসী ভূমিকা ইতিহাসের উজ্জ্বল অধ্যায়। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় তাঁরা অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করছেন।
তিনি বলেন, সাবেক সেনাপ্রধান ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীকে সুশৃঙ্খল, ক্ষিপ্র, সদা তৎপর ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলেছিলেন। বাহিনীকে সুশিক্ষিত ও পেশাদার করে তোলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলেও সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন অব্যাহত ছিল।
উন্নত বিশ্বের সঙ্গে সংগতি রেখে সশস্ত্র বাহিনীকে প্রযুক্তিনির্ভর, গতিশীল ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করছে বলে জানান তিনি।
বিশ্বশান্তি ও দুর্যোগ মোকাবিলায় ভূমিকা
প্রধানমন্ত্রী বলেন, বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি বাড়িয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সততা, দক্ষতা ও কর্মক্ষমতার জন্য বাহিনীর সদস্যরা বিশ্বব্যাপী প্রশংসিত। শান্তিরক্ষী পাঠানো দেশগুলোর মধ্যে অন্যতম শীর্ষ অবস্থানে থাকা বাংলাদেশের জন্য গৌরবের।
তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও বিশ্বশান্তি রক্ষায় সশস্ত্র বাহিনীর এই ভূমিকা অব্যাহত থাকবে। দেশের প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন দুর্বিপাকের সময় বাহিনীর সদস্যদের ভূমিকা তাদের জাতির আস্থার প্রতীকে পরিণত করেছে।
মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থানে ভূমিকার উল্লেখ
তারেক রহমান বলেন, সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গৌরব ও শৌর্য-বীর্যের প্রতীক। বাংলাদেশের স্বার্থবিরোধী শক্তি বিভিন্ন সময়ে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালিয়েছে। তবে দেশপ্রেমিক নেতৃত্ব ও জনগণের সম্মিলিত প্রয়াসে সশস্ত্র বাহিনীর সাফল্যের ধারাবাহিকতা বজায় রয়েছে।
তিনি আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পাশাপাশি ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানেও সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের পক্ষে ইতিবাচক ভূমিকা রেখেছে।
বীর শহীদদের প্রতি শ্রদ্ধা
বাণীর শেষাংশে মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সাত বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, সিপাহী হামিদুর রহমান, রুহুল আমিন, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, ল্যান্স নায়েক নুর মোহাম্মদ শেখ ও ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফের প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
দেশমাতৃকার স্বার্থে প্রাণ উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সব বীর সন্তানের প্রতিও শ্রদ্ধা জানান তিনি।
প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর সব সদস্য ও তাঁদের পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
আরও পড়ুন:







