শনিবার

২১ নভেম্বর, ২০২৬ ৬ অগ্রহায়ণ, ১৪৩৩

ই-গভর্নমেন্ট সূচকে ৯৭তম স্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬ ২১:৩১

শেয়ার

ই-গভর্নমেন্ট সূচকে ৯৭তম স্থানে বাংলাদেশ
ছবি সংগৃহীত

জাতিসংঘের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্স (ইজিডিআই) ২০২৬-এ তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। ১৯৪টি দেশের মধ্যে ৯৭তম অবস্থানে উঠে এসেছে দেশটি। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো দুই অঙ্কের র‌্যাঙ্কিংয়ে প্রবেশ করেছে বাংলাদেশ।

২০২৪ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম। এবার দেশটির স্কোর দাঁড়িয়েছে ০.৬৮৯৩, যা এ পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ। এ স্কোর নিয়ে বাংলাদেশ উচ্চ ই-গভর্নমেন্ট শ্রেণিতেও অবস্থান ধরে রেখেছে।

অনলাইন সেবায় সর্বোচ্চ স্কোর

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, ইজিডিআইয়ের তিনটি উপাদানের মধ্যে দুটি ক্ষেত্রে এবার সর্বোচ্চ স্কোর অর্জন করেছে বাংলাদেশ। অনলাইন সার্ভিস ইনডেক্সে (ওএসআই) স্কোর হয়েছে ০.৮১ এবং টেলিযোগাযোগ অবকাঠামো সূচকে (টিআইআই) ০.৬৯।

জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়াবলি বিভাগ (ইউএন ডেসা) প্রকাশিত দ্বিবার্ষিক প্রতিবেদন ২০২৬ ইউএন ই-গভর্নমেন্ট সার্ভেতে এ তথ্য উঠে এসেছে। সূচকে ডিজিটাল সরকার ব্যবস্থায় বিশ্বের শীর্ষ অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া।

তিনটি বিষয়ের ভিত্তিতে মূল্যায়ন

ইজিডিআইয়ের মাধ্যমে নাগরিক সেবা প্রদানে ই-গভর্নমেন্ট ব্যবহারে একটি দেশের সক্ষমতা, অবকাঠামোগত প্রস্তুতি ও অগ্রগতি পরিমাপ করা হয়। অনলাইন সার্ভিস ইনডেক্স, টেলিকমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার ইনডেক্স এবং হিউম্যান ক্যাপিটাল ইনডেক্স—এই তিনটি উপাদানের ভারযুক্ত গড়ের ভিত্তিতে সূচকটি নির্ধারণ করা হয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিশ্বে গড় ইজিডিআই স্কোর ২০২৪ সালের ০.৬৩৮২ থেকে বেড়ে ২০২৬ সালে ০.৬৬৭৫ হয়েছে। এ সময়ে বৈশ্বিক গড় স্কোর বেড়েছে ৪.৬ শতাংশ। বাংলাদেশের ০.৬৮৯৩ স্কোর বৈশ্বিক গড়ের চেয়ে বেশি।

এদিকে মূল্যায়িত ১৯৪টি দেশের মধ্যে উচ্চ ও অত্যন্ত উচ্চ ইজিডিআই শ্রেণিতে থাকা দেশের সংখ্যা বেড়ে ১৫১ হয়েছে। ২০২৪ সালে এ সংখ্যা ছিল ১৩৮।