একটি স্বাধীন রাষ্ট্র আর দীর্ঘ সতেরো বছরের এক শ্বাসরুদ্ধকর অধ্যায়। যেখানে শাসনের নামে কায়েম হয়েছিল একচ্ছত্র নিপীড়ন। গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা, আয়নাঘরের বিভীষিকা আর লাখো বিরোধী নেতাকর্মীর বিরুদ্ধে রাজনৈতিক মামলার স্টিম রোলারে পিষ্ট হয়েছিল একটি প্রজন্ম।
অবশেষে ফুঁসে ওঠে ছাত্র-জনতা। আসে ২০২৪-এর জুলাই-আগস্ট। হাজারো প্রাণের আত্মত্যাগ, আর অসংখ্য মানুষের রক্ত ও অঙ্গহানির বিনিময়ে পতন ঘটে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের। পটপরিবর্তনের পর এদেশের সাধারণ মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করে তাদের। জনদাবির মুখে নিষিদ্ধ করা হয় বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম।
কিন্তু সময়ের চাকা ঘুরতেই রাজনীতির ময়দানে তৈরি হয়েছে এক নতুন ও জটিল মেরুকরণ। বিগত সতেরো বছরে যাঁরা নিজেরাও হাসিনা সরকারের গুম, খুন, জেল-জুলুম ও ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছিলেন, পটপরিবর্তনের পর সেই শীর্ষ রাজনৈতিক নেতাদের কারও কারও কণ্ঠেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ঘিরে শোনা যায় এক নমনীয় সুর।
যদিও আগে-পরে তাঁরা দলটির নৃশংসতা ও গণহত্যার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে, তবুও তাঁদের কিছু মন্তব্য রাজনৈতিক অঙ্গনে জন্ম দিয়েছে নানা আলোচনা-সমালোচনার।
রুমিন ফারহানার মন্তব্য নিয়ে সমালোচনা
সম্প্রতি, দেশের একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা মন্তব্য করেন, দেশে প্রকৃত জাতীয় সংলাপ আয়োজন করতে হলে আওয়ামী লীগকেও আলোচনার টেবিলে রাখতে হবে। তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন সমালোচনার জন্ম দিয়েছে।
অথচ, অতীতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজপথে ও সংসদে সবচেয়ে সোচ্চার কণ্ঠগুলোর একটি ছিলেন রুমিন ফারহানা। সেসময় তাঁর ওপরও নেমে এসেছিল খড়্গ।
তারেক রহমানের বক্তব্য
রাজনৈতিক এই নমনীয়তার সুর দেখা গেছে আমজনতার দলের নেতা তারেক রহমানের বক্তব্যেও। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দেশের রাজনীতির একটি বাস্তবতা ও এদেশের পাহারাদার হিসেবে উল্লেখ করে, দলটিকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয়ার দাবি জানিয়েছিলেন তিনি।
নুরুল হক নুরের প্রশ্ন
অন্যদিকে, জামায়াতে ইসলামী রাজনীতি করতে পারলে আওয়ামী লীগ কেন পারবে না এমন প্রশ্ন তুলেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর। রাজধানীর বাংলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে ৭১ সালের মুক্তিযুদ্ধের ভূমিকা প্রসঙ্গ টেনে তিনি এই মন্তব্য করেন।
নুরুল হক নুরের এই বক্তব্যের পর ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। রাজনৈতিক মহলে নতুন করে প্রশ্ন উঠছে, তবে কি চলমান ঐক্য ভেঙে শেখ হাসিনাকে রাজনীতিতে ফেরানোর কোনো আলোচনা বা প্রক্রিয়া চলছে?
কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে চব্বিশের গণঅভ্যুত্থান পর্যন্ত ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নৃশংস হামলার অন্যতম বড় শিকার ছিলেন নুরুল হক নুর। ফলে, তার বক্তব্যকে অনেকেই আওয়ামী লীগের পক্ষে ধরে নিয়ে, মানতে পারেনি নিজেদের জায়গা থেকে।
এনসিপির ঘোষণা
এদিকে, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির কণ্ঠেও শোনা গেছে ভিন্ন মেরুকরণের বার্তা। গত এপ্রিলে রাজধানীর বাংলামটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, অতীতে কেউ ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ কিংবা ছাত্রলীগে যুক্ত থাকলেও, এনসিপিতে যোগ দিতে পারবেন। এক্ষেত্রে, নিরাপরাধের শর্তও সামনে আনেন তিনি।
চব্বিশের গণঅভ্যুত্থানের অন্যতম এই শীর্ষ নেতৃত্ব নিজেও স্বৈরাচার হাসিনা সরকারের নির্মম নির্যাতন, হামলা ও নিপীড়নের শিকার হয়েছিলেন। ফ্যাসিবাদ ও গণহত্যায় জড়িতদের বিচার এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে তিনি বরাবরই আপসহীন থাকলেও, সাবেক ছাত্রলীগ কর্মীদের দলে টানার এই ঘোষণা কিংবা কৌশল নানা প্রশ্নের জন্ম দিয়েছে ছাত্র-জনতার কাছে।
জামায়াত আমিরের বক্তব্য
বিগত সতেরো বছর ধরে সবচেয়ে গুম, খুন, হামলা-মামলা ও ভয়াবহ রাজনৈতিক নির্যাতনের শিকার হওয়া অন্যতম রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। দীর্ঘ এই সময়ে দলটির শীর্ষ নেতৃত্বসহ অগণিত নেতাকর্মী চরম জুলুম ও দমনপীড়নের মুখোমুখি হয়েছে। তবে পটপরিবর্তনের পর জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আ. লীগের অতীতের নির্যাতন প্রসঙ্গে তাদের ক্ষমা করে দেয়ার ঘোষণা দেন। আ. লীগকে ক্ষমা করে দেয়ার এমন একটি আলোচনা তৈরি হয়েছিল সব মহলে।
পরবর্তীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জাতীয় সংসদে দেয়া এক বক্তব্যে স্পষ্ট করে জানান যে, আওয়ামী লীগকে ক্ষমা করে দেয়ার বিষয়ে তার আগের বক্তব্যকে গণমাধ্যমে ভুলভাবে বা বিকৃত করে প্রচার করা হয়েছিল।
মির্জা ফখরুলের মন্তব্য ও বিবৃতি
আর, স্বৈরাচার হাসিনার সময় সবচেয়ে বেশি গুম, খুন ও মামলা-হামলার শিকার হওয়া আরেক দল বিএনপির শীর্ষ নেতৃত্বের কণ্ঠেও শোনা গেছে উদারতার ঘোষণা। বিশেষ করে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে, ভোটের রাজনীতিতে অনেকটাই আওয়ামী লীগকে সুযোগ করে দেয়ার সমালোচনা রয়েছে, দলটির বিরুদ্ধে। গত নভেম্বরে ঠাকুরগাঁওয়ে এক মতবিনিময় সভায় তৎকালীন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেন, আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সবগুলোই তুলে নেয়া হবে। এ সময় তিনি আরও বলেন, তারা প্রতিশোধের রাজনীতি করতে চায় না, আওয়ামী লীগের মতো মামলা করতে চায় না।
তবে, এর পরপরই এই বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিভ্রান্তি তৈরি হলে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তা দৃঢ়ভাবে অস্বীকার করেন। তিনি স্পষ্ট করে জানান যে, আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করা নিয়ে তাঁর বক্তব্যটি ভুলভাবে গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে।
দীর্ঘ দেড় দশক জেল-জুলুম ও কারাবাসের ধকল সহ্য করা এই প্রবীণ নেতা, বিভিন্ন সময়ে জুলাই গণহত্যার বিচার এবং ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার জোরালো দাবি জানালেও, পরবর্তীতে তাঁর বিবৃতি সেই বিভ্রান্তি দূর করে।
এছাড়া, সম্প্রতি চরমোনাই পীর এক আলোচনায় বলেছেন, জাতীয় সংলাপে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সাথে রাখতে।
সুশীল সমাজের একাংশের অবস্থান
শুধু রাজনীতিবিদরাই নয়, এই আলোচনার পালে জোর হাওয়া দিচ্ছে তথাকথিত সুশীল সমাজের একাংশও। এত গুম, খুন, হত্যা আর চব্বিশের গণঅভ্যুত্থানে হাজার হাজার ছাত্র-জনতাকে নির্মমভাবে হত্যা করার পরও, বিভিন্ন টেলিভিশন টকশো আর আলোচনায় সুশীলদের কেউ কেউ সাফাই গাইছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে। তাঁদের ভাষ্য, আওয়ামী লীগ ছাড়া নাকি এদেশে রাজনীতি সম্ভব নয়।
দেশের রাজনৈতিক স্থিতিশীলতার কথা উল্লেখ করে সাংবাদিক আনিস আলমগীর মন্তব্য করেছেন, বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাদ দিয়ে দেশে দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন বা সরকারের অগ্রগতি সম্ভব নয়।
রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের চলমান রাজনীতি ও এর গতিপ্রকৃতি নিয়ে এক ভিন্নধর্মী ও তাৎপর্যপূর্ণ উপমা দিয়েছেন সাংবাদিক মাসুদ কামাল। একটি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, আওয়ামী লীগকে চাইলেই রাতারাতি রাজনীতির মাঠ থেকে মুছে ফেলা সম্ভব নয়।
আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার মতামত ব্যক্ত করে এই সাংবাদিক বলেন, আওয়ামী লীগ কোনো পাটগাছ নয় যে, চাইলেই টান দিয়ে তুলে ফেলা যাবে, এটি একটি বটগাছ, যার শিকড় সমাজের অনেক গভীরে।
গোপালগঞ্জসহ দেশজুড়ে নাশকতা
রাজনৈতিক নেতা ও বিশ্লেষকদের এমন সব বক্তব্যের সুযোগে, মাথায় চড়ে পতিত ফ্যাসিস্ট শক্তি আবারও আগের মতোই মাথাচাড়া দিয়ে ভয়াবহ নাশকতা ও অরাজকতা শুরু করেছে বলে মনে করছে অনেকেই। বিশেষ করে গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীরা সড়ক অবরোধ, যানবাহনে ভাঙচুর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর সশস্ত্র হামলা, গাড়িতে অগ্নিসংযোগ এবং অস্ত্র লুটের মতো নৈরাজ্য চালিয়ে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত করেছে।
শুধু গোপালগঞ্জই নয়, রাজধানীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ককটেল বিস্ফোরণ, গণপরিবহন ও বাসে আগুন দেয়া, পুলিশের ভ্যানে হামলা এবং শ্রমিক আন্দোলনের আড়ালে ঢুকে পরিকল্পিতভাবে ভাঙচুর ও নাশকতা চালাচ্ছে দলটির ক্যাডাররা। পাশাপাশি সারাদেশের বিভিন্ন জেলাতেও চোরাগোপ্তা হামলা, অগ্নিসংযোগ ও সরকারি-বেসরকারি স্থাপনায় ভাঙচুর চালিয়ে তারা আবারও সেই পুরোনো ফ্যাসিবাদী কায়দায় দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে।
তবে এই অস্থিতিশীলতা রোধে সরকারের অবস্থানও স্পষ্ট। সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও ফ্যাসিবাদকে রুখতে যেকোনো ধরনের অরাজকতা ও নাশকতার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার দৃঢ় আশ্বাস দেয়া হয়েছে।
সব রাজনৈতিক হিসেব-নিকেশ আর সমীকরণের ঊর্ধ্বে, এদেশের সাধারণ মানুষের চাওয়াটা ভীষণ পরিষ্কার। হাজারো শহীদের রক্তের দামে কেনা এই বাংলাদেশে, কোনো অবস্থাতেই, কোনো ছদ্মবেশেই যেন আর ফিরে আসতে না পারে পলাতক ফ্যাসিস্ট শক্তি। কার্যক্রম নিষিদ্ধ দলের নেতাকর্মীরা ফ্যাসিস্টবিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের বক্তব্য কিংবা কার্যক্রমের মাধ্যমে, কোনো ধরনের আশকারা না পাক, এমনটাই চাওয়া জুলাইপন্থী ছাত্র-জনতার। সর্বোপরি, গণহত্যার বিচার নিশ্চিতের মাধ্যমে, দ্রুত আওয়ামী লীগের দায়ীদের শাস্তির আওতায় আনার দাবি সবার।
আরও পড়ুন:







