প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে এবারও কোনো আড়ম্বরপূর্ণ আয়োজন করছে না বিএনপি। আনুষ্ঠানিকতা ও উৎসবের পরিবর্তে নেতাকর্মীদের মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছে দলটি।
উৎসবের পরিবর্তে মানবকল্যাণে ব্যয়ের আহ্বান
দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটা, পোস্টার-ব্যানার লাগানো ও আলোচনা সভাসহ কোনো ধরনের উৎসব আয়োজন না করতে ঢাকাসহ সারা দেশের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।
এসব আয়োজনে ব্যয় করার পরিবর্তে সেই অর্থ অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে দান করার আহ্বান জানানো হয়েছে।
শিক্ষাজীবন ও রাজনীতিতে প্রবেশ
১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন তারেক রহমান। সামরিক ও রাজনৈতিক আবহে তাঁর শৈশব কাটে। ঢাকার বিএএফ শাহীন স্কুলে তাঁর শিক্ষাজীবন শুরু হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যয়ন করেন তিনি।
রাজনীতির পাশাপাশি সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, থমাস হবস, জন লক, রুশো, ভলতেয়ার ও কার্ল মার্কসের রাজনৈতিক দর্শনের প্রতিও তাঁর আগ্রহ ছিল।
১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্য হওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন তারেক রহমান। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ১৯৯৩ সালে বিএনপির বগুড়া জেলা কমিটির সদস্য হন। পরবর্তী সময়ে দলের সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেন।
গ্রেপ্তার ও দীর্ঘ প্রবাসজীবন
২০০৭ সালে ওয়ান-ইলেভেনের সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হন তারেক রহমান। তাঁকে আয়নাঘরে নির্যাতন করা এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ করে আসছে বিএনপি।
পরে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তিনি। দীর্ঘ সময় সেখান থেকেই দলের নেতৃত্ব দেন।
রাষ্ট্র সংস্কারে ৩১ দফা প্রস্তাব
দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন তারেক রহমান। প্রায় ১৬ বছরের কর্তৃত্ববাদী শাসনের প্রেক্ষাপটে তিনি রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রস্তাব উপস্থাপন করেন।
এ প্রস্তাবে নির্বাহী বিভাগ, বিচার বিভাগ ও আইনসভার সংস্কার, গণতন্ত্র প্রতিষ্ঠা, নাগরিক অধিকার নিশ্চিতকরণ, জলবায়ু সহনশীলতা এবং যোগ্যতাভিত্তিক সমাজ গঠনের পরিকল্পনা তুলে ধরা হয়।
প্রবাসজীবন শেষে প্রধানমন্ত্রী
দীর্ঘ প্রবাসজীবনের অবসান ঘটিয়ে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনেই সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
এরপর ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান।
আরও পড়ুন:







