শুক্রবার

২০ নভেম্বর, ২০২৬ ৫ অগ্রহায়ণ, ১৪৩৩

নির্ধারিত মাত্রার চেয়ে বেশি কৃত্রিম মিষ্টিকারক; পরীক্ষায় অনিরাপদ সেভেন-আপ

নিজস্ব প্রতিবেদক বাংলা এডিশন

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬ ২২:০৫

শেয়ার

নির্ধারিত মাত্রার চেয়ে বেশি কৃত্রিম মিষ্টিকারক; পরীক্ষায় অনিরাপদ সেভেন-আপ
ছবি সংগৃহীত

সেভেন-আপ। গরমে প্রচণ্ড তৃষ্ণায় সাধারণ মানুষের স্বস্তির নিঃশ্বাস। পরিচিত ব্র্যান্ড, পরিচিত স্বাদ—আস্থার জায়গাও তৈরি হয়েছে সাধারণ মানুষের মনে। কিন্তু সেই সেভেন-আপই এখন প্রশ্নের মুখে ফেলেছে ভোক্তাদের নিরাপত্তা। তৃষ্ণা মেটানোর আড়ালে সাধারণ মানুষকে ঠেলে দেওয়া হচ্ছে অদৃশ্য মৃত্যুর মুখে।

নমুনা সংগ্রহ ও পরীক্ষার প্রতিবেদন

গত সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর খিলগাঁওয়ের একটি দোকান থেকে সেভেন-আপ এক্সট্রা ফিজের ২০০ মিলিলিটারের তিনটি বোতল নমুনা হিসেবে সংগ্রহ করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক ও প্রসিকিউটিং অফিসার মো. কামরুল হাসান। পরে নমুনাগুলো পরীক্ষার জন্য পাঠানো হয় পরীক্ষাগারে। আর সেই পরীক্ষাতেই উঠে আসে উদ্বেগজনক তথ্য। পানীয়টিতে অ্যাসপারটেম ও অ্যাসিসালফেম পটাশিয়ামের মতো কৃত্রিম মিষ্টিকারকের মাত্রা নির্ধারিত সীমার চেয়ে বেশি পাওয়া গেছে বলে জানা যায়।

তথ্য বলছে, পানীয়টিতে অ্যাসিসালফেম পটাশিয়ামের নির্ধারিত সর্বোচ্চ মাত্রা প্রতি লিটারে ৩০০ মিলিগ্রাম হলেও নমুনায় পাওয়া গেছে ৪৫০ মিলিগ্রাম। অন্যদিকে, অ্যাসপারটেমের নির্ধারিত সর্বোচ্চ মাত্রা প্রতি লিটারে ৭০০ মিলিগ্রামের বিপরীতে পাওয়া গেছে এক হাজার মিলিগ্রাম। অর্থাৎ, উভয় কৃত্রিম মিষ্টিকারকের মাত্রাই নির্ধারিত সীমা ছাড়িয়েছে। শুধু তাই নয়, পরীক্ষার প্রতিবেদনে পণ্যটিকে ‘মানসম্পন্ন নয়’ ও ‘নিরাপদ নয়’ বলেও উল্লেখ করা হয়েছে।

মামলা দায়ের ও সমন জারি

এরই ধারাবাহিকতায়, গত বুধবার (১৪ অক্টোবর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের নিরাপদ খাদ্য পরিদর্শক ও প্রসিকিউটিং অফিসার মো. কামরুল হাসান বাদী হয়ে ঢাকার বিশুদ্ধ খাদ্য আদালতে ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সিমিন রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে আদালত সোমবার (১৬ নভেম্বর) তাকে সশরীরে হাজির হওয়ার জন্য সমন জারি করে। তবে নির্ধারিত দিনে তিনি আদালতে উপস্থিত হননি। একই সঙ্গে তাঁর কাছে সমন যথাযথভাবে পৌঁছানোর বিষয়টিও নিশ্চিত না হওয়ায় মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়।

হাজির না হওয়ায় উদ্বেগ

এদিকে, সিমিন রহমানকে আদালতে উপস্থিত হওয়ার জন্য সুনির্দিষ্ট নির্দেশনা থাকলেও নির্ধারিত দিনে তাঁর হাজির না হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আইন বিশেষজ্ঞদের কেউ কেউ।

এ বিষয়ে জানতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের নিরাপদ খাদ্য পরিদর্শক ও প্রসিকিউটিং অফিসার মো. কামরুল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি না থাকায় তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

স্বাস্থ্যঝুঁকি ও বাজারে বিক্রি অব্যাহত

কোমল পানীয়তে মাত্রাতিরিক্ত ক্ষতিকারক উপাদানের কারণে মানবদেহেও দেখা দিতে পারে নানা সমস্যা।

ক্ষতিকারক পদার্থ, নির্ধারিত মাত্রার চেয়ে বেশি কৃত্রিম মিষ্টিকারকের ব্যবহার। পরীক্ষার প্রতিবেদনে পণ্যটিকে ‘নিরাপদ নয়’ বলেও উল্লেখ করা হয়েছে তবুও বাজারে এর অবাধ বিক্রি বন্ধ হয়নি। এমন পণ্য এখনও বাজারে বিক্রি হতে থাকায় সাধারণ মানুষের মাঝে তৈরি হয়েছে নানা অসন্তোষ ও বিরূপ প্রতিক্রিয়া।

তৃষ্ণা মেটানোর জন্য যে পানীয়ের বোতলে চুমুক দিচ্ছেন, সেই পানীয়ই যদি হয়ে ওঠে স্বাস্থ্যঝুঁকির কারণ, তবে ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করবে কে? পরিচিত ব্র্যান্ডের আড়ালে এমন অনিয়মের অভিযোগ উঠলে শুধু মামলা কিংবা সমন জারিই যথেষ্ট নয়; প্রয়োজন বাজারে পণ্যের নিরাপত্তা নিশ্চিত করা এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনা এমনটাই মনে করছে সংশ্লিষ্টরা।